সাধারণ লবণ নাকি পিংক সল্ট—স্বাস্থ্যের আসল সাথি কে?
শেয়ার করুন
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপিয়ে দেওয়া কিছু খাবারের মধ্যে পিংক সল্ট একটি। এমনভাবে এই লবণ নিয়ে ভিডিও আসে, তাতে মনে হয় এটা খাওয়া মানেই সব সমস্যার সমাধান। আর না খেলেই নির্ঘাত মৃত্যু। এমন বিজ্ঞাপন-রিল দেখে আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাই আজ আমরা জানব সাধারণ লবণ (টেবিল সল্ট) আর পিংক সল্ট (হিমালয়ান পিংক সল্ট) সম্পর্কে। উভয়ই রান্নায় ব্যবহৃত হয়। তবে এদের উৎস, গঠন, পুষ্টিগুণ, স্বাদ ও ব্যবহারে পার্থক্য রয়েছে। নিচে তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো:

বিজ্ঞাপন

উৎস এবং প্রক্রিয়াকরণ

সাধারণ লবণ (টেবিল সল্ট)

• প্রধান উপাদান: প্রায় ৯৯.৮% সোডিয়াম ক্লোরাইড।
• উৎস: সমুদ্রের পানি বা ভূগর্ভস্থ লবণের খনি থেকে সংগ্রহ করা হয়।
• প্রক্রিয়াকরণ: উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত করা হয়। অমেধ্য এবং অন্যান্য খনিজ দূর করার জন্য পরিশোধন করা হয়, যার ফলে এটি প্রায় ৯৯% সোডিয়াম ক্লোরাইড (NaCl) হয়। প্রায়ই অ্যান্টিকেকিং এজেন্ট (যেমন ক্যালসিয়াম সিলিকেট) এবং আয়োডিন যোগ করা হয় থাইরয়েড সমস্যা প্রতিরোধে (আয়োডিনযুক্ত লবণ)। আয়োডিনযুক্ত লবণে প্রতি গ্রামে ১৫-৪৫ মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। পরিশোধনের কারণে অন্যান্য খনিজ থাকে না বললেই চলে।

পিংক সল্ট (হিমালয়ান পিংক সল্ট)

• উৎস: পাকিস্তানের পাঞ্জাবে হিমালয় পর্বতমালার কাছাকাছি খেচড়া লবণখনি থেকে আসে। এটি প্রাচীন সমুদ্রের লবণের জমা থেকে তৈরি।
• প্রক্রিয়াকরণ: ন্যূনতম প্রক্রিয়াজাত, যার কারণে এটি প্রাকৃতিক খনিজ ধরে রাখে। এর গোলাপি রং আসে আয়রন অক্সাইড এবং অন্যান্য ট্রেস মিনারেল থেকে। সাধারণত কোনো অ্যাডিটিভ থাকে না এবং এটি আয়োডিনযুক্ত নয়।
• পুষ্টিগুণ: ৯৮% সোডিয়াম ক্লোরাইড, বাকি ২% বিভিন্ন ট্রেস মিনারেল (যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন)। প্রায় ৮৪টি ট্রেস মিনারেল থাকতে পারে, তবে পরিমাণ এত কম (প্রতি গ্রামে ০.১০.৪ মিলিগ্রাম) যে এগুলো স্বাস্থ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।

বিজ্ঞাপন

সাধারণ লবণ অত্যন্ত পরিশোধিত এবং আয়োডিনসমৃদ্ধ, যা থাইরয়েড স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। পিংক সল্ট কম প্রক্রিয়াজাত এবং প্রাকৃতিক খনিজ ধরে রাখে, তবে আয়োডিনের অভাবে এটি দীর্ঘমেয়াদি ব্যবহারে সমস্যা সৃষ্টি করতে পারে।
পিংক সল্টে অতিরিক্ত খনিজ থাকলেও এদের পরিমাণ এত কম যে স্বাস্থ্যের জন্য সুস্পষ্ট উপকারিতা প্রমাণিত নয়। সাধারণ লবণে আয়োডিন থাকায় এটি থাইরয়েডের স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিরিক্ত লবণ খাওয়া (যেকোনো ধরনের) হাই ব্লাডপ্রেশার বা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

স্বাস্থ্য উপকারিতা

সাধারণ লবণ আয়োডিনের উৎস
সাধারণ লবণ আয়োডিনের উৎস

সাধারণ লবণ

আয়োডিনের উৎস হিসেবে গলগণ্ড এবং থাইরয়েড সমস্যা প্রতিরোধ করে, শরীরে ইলোকট্রোলাইট ব্যালান্স বজায় রাখে। রান্নায় সহজে দ্রবীভূত হয় এবং স্বাদ সামঞ্জস্যপূর্ণ।
অপকারিতা: অতিরিক্ত খেলে হাই ব্লাডপ্রেশার, কিডনি সমস্যা বা হৃদ্‌রোগ হতে পারে।

পিংক সল্ট
ডিটক্সিফিকেশন, হজম উন্নতি, হরমোন ব্যালান্স, ঘুমের উন্নতি, হাইড্রেশন বাড়ানো। ট্রেস মিনারেলের পরিমাণ এত কম যে প্রভাব নগণ্য। কম প্রক্রিয়াজাত হওয়ায় প্রাকৃতিক স্বাদ এবং টেক্সচার। নান্দনিক আকর্ষণ (গোলাপি রং) এবং গার্নিশিংয়ে ব্যবহার।

পিংক সল্টে আয়োডিন থাকে না
পিংক সল্টে আয়োডিন থাকে না

অপকারিতা: আয়োডিনের অভাবে দীর্ঘমেয়াদি ব্যবহারে থাইরয়েড সমস্যা হতে পারে। অতিরিক্ত খেলে সাধারণ লবণের মতোই হাই ব্লাডপ্রেশারের ঝুঁকি।
তুলনা: সাধারণ লবণ আয়োডিনের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন এলাকায় যেখানে খাদ্যে আয়োডিন কম। পিংক সল্টের অতিরিক্ত খনিজের উপকারিতা অতিরঞ্জিত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। উভয়েরই অতিরিক্ত সেবন ক্ষতিকর।
লবণ দুটোই ভালো। তবে কোনটা মানবদেহের জন্য ভালো, তা আমরা বুঝব লবণ খাওয়া বেশি বা কম হলে শরীরে কী বিরূপ আচরণ হয়, তা দেখে।  

লবণ কম হলে শরীরে কী ক্ষতি হয়?

লবণের পরিমাণ কমে গেলে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যায়, যা হাইপোনেট্রিমিয়া নামে পরিচিত। শারীরিক দুর্বলতা ও ক্লান্তি, মাথা ঘোরা ও অজ্ঞান হওয়া, মাংসপেশিতে খিঁচুনি, বমি বমি ভাব ও মাথাব্যথা—হাইপোনেট্রিমিয়ার সাধারণ লক্ষণ।

কোন লবণে কি লাভ, কি ক্ষতি
কোন লবণে কি লাভ, কি ক্ষতি

লবণ বেশি হলে শরীরে কী ক্ষতি হয়?

অতিরিক্ত লবণ গ্রহণ শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা হাইপারনেট্রিমিয়া বা অন্যান্য সমস্যার কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগের ঝুঁকি, কিডনির সমস্যা, শরীরে ফোলাভাব, হাড়ের ক্ষয়, পেটের সমস্যা: অতিরিক্ত লবণ গ্যাস্ট্রিক সমস্যা বা পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

দৈনিক কত পরিমাণ লবণ প্রয়োজন?

লবণের প্রয়োজনীয় পরিমাণ বয়স, স্বাস্থ্যের অবস্থা এবং জীবনযাত্রার ওপর নির্ভর করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ৫ গ্রাম লবণ (প্রায় ১ চা-চামচ) বা ২ হাজার ৩০০ মিলিগ্রাম সোডিয়ামের বেশি গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। ডব্লিউএইচও সুপারিশ করে, সর্বোচ্চ ২ হাজার মিলিগ্রাম সোডিয়াম (প্রায় ৫ গ্রাম লবণ)।
লেখক: খাদ্য ও পথ্যবিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০১: ০০
বিজ্ঞাপন