তিন ডিজাইনার মিলে যেভাবে তৈরি করলেন কান-এ ভাবনার অপূর্ব সুন্দর শাড়ির লুক
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এখন কান চলচ্চিত্র উৎসবে। গত দুইদিন ধরে বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন ক্যামেরার ফ্রেমে। তবে গতকাল ১৬ মে তিনি যে শাড়ির লুকে সামনে এলেন, তা দেখে মুগ্ধ সবাই। দেশের সুপরিচিত ফ্যাশন উদ্যোগ কারুতন্ত্রের আভিজাত্যপূর্ণ জামদানি শাড়ি, লেবেল ইমাম হাসানের নজরকাড়া রিকশা পেইন্টের ব্লাউজ আর সিক্স ইয়ার্ডস স্টোরির নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব সুন্দর লাগছেন ভাবনা।

কান-এ ভাবনা শাড়ির লুক
কান-এ ভাবনা শাড়ির লুক
জামদানি শাড়ি মানেই আভিজাত্য
জামদানি শাড়ি মানেই আভিজাত্য
শাড়ির লুকে অপূর্ব সুন্দর লাগছে ভাবনাকে
শাড়ির লুকে অপূর্ব সুন্দর লাগছে ভাবনাকে

আধুনিক উপস্থাপনা ও দেশীয় ঐতিহ্যের সঠিক মিশেল থাকলে যেকোন লুকই নজর কাড়তে ও মন জয় করতে বাধ্য। এই লুক ব্যাপারটি আসলে এক কথায় বোঝানো কঠিন। পোশাক, সেই পোশাকের স্টাইলিং, গয়না ও অনুষঙ্গ, সাজ -সব কিছু মিলিয়েই কিন্তু একেকটি সার্থক লুক তৈরি হয়। সেদিক থেকে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সাম্প্রতিকতম কান লুকটি সত্যিই নজরকাড়া। দেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে দেশীয় পোশাক ও গয়নার বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই নিজেদের অনন্য সৃজনশীল প্রতিভার নিদর্শন রূপে কারুতন্ত্র-এর নুসরাত মার্জিয়া, লেবেল ইমাম হাসান-এর ইমাম হাসান আর সিক্স ইয়ার্ডস স্টোরি-র লোরা খান মিলে এই শাড়ির লুকে সাজিয়েছেন ভাবনাকে। আর সেক্ষেত্রে ভাবনার দেশি শাড়ি ও ঐতিহ্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর গোটা পৃথিবীর সামনে তা তুলে ধরার এই আন্তরিক প্রয়াস প্রশংসার দাবী রাখে, এ কথা বলতেই হয়।

বিজ্ঞাপন

কথা হচ্ছিল তিন মেধাবী ও পরিশ্রমী ডিজাইনার নুসরাত, ইমাম ও লোরার সঙ্গে। তাঁরা একবাক্যেই বললেন, অভিনেত্রী ভাবনাকে কান চলচ্চিত্র উৎসবে খাঁটি দেশি সাজপোশাকে সাজানোর এই পুরো প্রক্রিয়াটি আসলে আধুনিক উপস্থাপনার মাধ্যমে দেশীয় ঐতিহ্যকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য তাঁদের জীবনভর প্রত্যয়েরই অংশ।

প্রথমে আসি শাড়ির কথায়। নুসরাত মার্জিয়ার কারুতন্ত্র এখন অথেনটিক জামদানির জন্য এক নির্ভরযোগ্য নাম। নুসরাত বললেন, হাফ সিল্কের এই এক্সক্লুসিভ জামদানিটির রং নির্বাচন করা হয়েছে দিনের আলোয় উজ্জ্বল আমেজ দেওয়ার কথা ভেবে। জামদানির জন্য কিছুটা অপ্রচলিত এই লাইম গ্রিন শাড়িতে একই রঙের সুতা ও ম্যাট এফেক্টের সোনালি জরীর বুননে কারুকাজ করা।

ডিজাইনার নুসরাত মার্জিয়া
ডিজাইনার নুসরাত মার্জিয়া
শাড়ির রংটি বেছে নেওয়া হয়েছে উজ্জ্বলতার বিচারে
শাড়ির রংটি বেছে নেওয়া হয়েছে উজ্জ্বলতার বিচারে
ড্রেপিংয়ের জাদুতে শাড়িটি আরও সুন্দর লাগছে
ড্রেপিংয়ের জাদুতে শাড়িটি আরও সুন্দর লাগছে
আটপৌরে করে পরা শাড়িতে আঁচলটি ট্রেনের মতো ছেড়ে রাখা হয়েছে
আটপৌরে করে পরা শাড়িতে আঁচলটি ট্রেনের মতো ছেড়ে রাখা হয়েছে

এদিন আউটডোরে হারবার ও কান চলচ্চিত্র উৎসব প্রাঙ্গনে রেগুলার ড্রেপিংয়ে পরেছেন ভাবনা শাড়িটি। তবে কান-এ যাওয়ার আগে করা ফটোশুটে আটপৌরে করে শাড়ি পরে করসেট বেল্ট দিয়ে ড্রেপ সুরক্ষিত রেখে ট্রেনের মতো করে লম্বা আঁচল ছেড়ে রাখার স্টাইলটি এক কথায় অপূর্ব। দেশি শাড়ির বিদেশি স্টাইল একেই বলে।

বিজ্ঞাপন

এবারে চলে আসে নজরকাড়া ব্লাউজটির কথা। রিকশা পেইন্ট তো আমাদের বহুকালের ঐতিহ্য। সম্প্রতি এর ক্রেজের পালে হাওয়া লেগেছে ইউনেস্কোর স্বীকৃতি মেলার ফলে। এই ইউনিক আর্টফর্মের অপূর্ব সুন্দর ব্যবহার দেখা যাচ্ছে ভাবনার ব্লাউজের ন্যুড শেডের শিয়ার ফেব্রিকের ব্যাকে।

ডিজাইনার ইমাম হাসান
ডিজাইনার ইমাম হাসান
ব্লাউজেরর ফিটিং ও ডিজাইন নজরকাড়া
ব্লাউজেরর ফিটিং ও ডিজাইন নজরকাড়া
ব্লাউজের সামনের দিকে রাজশাহী সিল্কে কারুকাজ করা
ব্লাউজের সামনের দিকে রাজশাহী সিল্কে কারুকাজ করা
পেছনে রিকশা পেইন্টের বর্ণিল উপস্থাপন
পেছনে রিকশা পেইন্টের বর্ণিল উপস্থাপন

দারুণ ফিটিংয়ের এই স্লিভলেস ব্লাউজের পেছনে রিকশা আর্টে ফুটিয়ে তোলা হয়েছে মুখোমুখি দুটি ময়ূর, তাদের পাখা ও ফুলের মোটিফ। সামনে ব্যবহার করা হয়েছে রাজশাহী সিল্কের ক্লাসি ফেব্রিক। তাতে সুক্ষ্ম কারুকাজ করা।পেছনে উজ্জ্বল সবুজ ট্যাসেল রয়েছে। বলা যায়, শাড়িটির লুককে অন্য মাত্রায় নিয়ে গেছে দেশের মেধাবী ডিজাইনার ইমাম হাসানের বানানো স্টেটমেন্ট ব্লাউজটি। নিজের ডিজাইনার লেবেল নিয়ে তিনি আরও এমন চমক দেখান আমদেরকে, এই আমাদের প্রত্যাশা।  

আলাদা করে গয়নাগুলোর কথা না বললেই নয়। সিক্স ইয়ার্ডস স্টোরির লোরা খানের ডিজাইন মানেই অন্যরকম কিছু। অ্যান্টিক ফিনিশের ব্রাস মেটালের গয়নাগুলো হালকা ও ট্রেন্ডি প্যাটার্নের৷ কানের ঝোলানো দুল, হেয়ারব্যান্ড, বাজুবন্ধ,রতনচূড় আর হাতের লাল পলার চুড়িগুলো তো নজর কাড়ছেই।

ডিজাইনার লোরা খান
ডিজাইনার লোরা খান
গয়নার ডিজাইন ঐতিহ্যবাহী হলেও হালকা ও ট্রেন্ডি
গয়নার ডিজাইন ঐতিহ্যবাহী হলেও হালকা ও ট্রেন্ডি
রতনচূড়সহ সকল গয়না নজর কাড়ছে
রতনচূড়সহ সকল গয়না নজর কাড়ছে
তবে শো-স্টপার বলা যায় কোমরের করসেট বেল্টটিকে
তবে শো-স্টপার বলা যায় কোমরের করসেট বেল্টটিকে

তবে শো-স্টপার বলা যায় কোমরের বিছা র আমেজ দেওয়া করসেট বেল্টটিকে। তিন লহরের এই ইউনিক গয়নাটি শাড়ির ড্রেপ ধরে রাখা আর পুরো লুকে বডিকন আমেজ দেওয়ার কাজটি করেছে নিপুণভাবে।
সব মিলিয়ে তিন ডিজাইনারের অক্লান্ত পরিশ্রমে আর অকুন্ঠ ভালোবাসায় তৈরি এই শাড়ির লুকটি অভিনেত্রী আশনা হাবিবের ন্যাচারাল সৌন্দর্য, মিনিমাল মেকআপ আর প্রাণবন্ত উপস্থিতিতেই জীবন্ত হয়ে উঠেছে, দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক উপস্থাপনায় নিয়ে গেছে কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক ইভেন্টের আঙিনায়।

ছবি: আশনা হাবিব ভাবনার ইন্সটাগ্রাম ও ফেরদৌস আহমেদ।

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৬: ২৩
বিজ্ঞাপন