মায়ের বিয়ের শাড়িতে কান-এ ভাবনার মোহনীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

কান চলচ্চিত্র উৎসবে রীতিমতো তারার মেলা বসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জনপ্রিয় তারকা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা এসেছেন এ উৎসবে অংশগ্রহণ করতে। চলচ্চিত্রপ্রেমীদের মতো ফ্যাশনপ্রেমীদেরও আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু কান চলচ্চিত্র উৎসব। কারণ, এখানে প্রিয় তারকাদের নানা ফ্যাশনেবল লুকে দেখা যায়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট উপলক্ষে বর্তমানে অবস্থান করছেন ফ্রেঞ্চ রিভিয়েরায়।

এবার কানে অন্যান্য দেশের নামীদামি তারকাদের মতো আমাদের ভাবনাও নিজের লুক দিয়ে চমক দেখাচ্ছেন। কখনো গাউন, আবার কখনো ঐতিহ্যবাহী শাড়িতে। তাঁর পোশাকগুলো ডিজাইন করেছেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনাররা। ভাবনার প্রতিটি লুকের পেছনে রয়েছে একেকটা বিশেষ চিন্তাধারা। সেই ধারাবাহিকতা এবার তাঁকে দেখা গেল মায়ের বিয়ের শাড়িতে।

বিজ্ঞাপন

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি আবেগঘন পোস্ট দিয়ে সেই শাড়ি পরা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে জমকালো লাল কাতান শাড়ি ও রুপালি সুতার কাজ করা লাল স্লিভলেস ব্লাউজে। শাড়ির পুরো জমিনজুড়ে রুপালি জরির পেটানো কাজ। এ নিয়ে ভাবনা বলেন, ‘যে মুহূর্তে আমি কানের রেড কার্পেটে হাঁটার আমন্ত্রণ পেয়েছিলাম, আমি জানতাম যে আমার পোশাকের মাধ্যমে একটি বিশেষ বার্তা দিতে চাই। এরপর আমি যখন নিখুঁত পোশাক খোঁজার জন্য আলমারি ঘাঁটাঘাঁটি করছিলাম, তখন আমার চোখ মায়ের বিয়ের শাড়িতে আঁটকে যায়। মুহূর্তেই আমি মনের মধ্যে আবেগের তুমুল ঢেউ অনুভব করলাম। এ শাড়ি কেবল একটি কাপড়ের টুকরা নয়, এটি ভালোবাসা, ঐতিহ্য এবং আমার পিতামাতার আশীর্বাদের প্রতীক।’

ভাবনা আরও বলেন, ‘শাড়িটি আমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢালের মতো জড়িয়ে আছে; আমাকে মনে করিয়ে দেয় যে আমি কোথা থেকে এসেছি এবং যে মূল্যবোধগুলো আমাকে আজ এই ব্যক্তিতে রূপ দিয়েছে।’

ভাবনা তাঁর মায়ের জমকালো বিয়ের শাড়ির সঙ্গে চিরাচরিত বাঙালি নারীর মতো করেই সেজেছেন। চুলগুলোকে মাঝসিঁথি করে একটু পাফ করে খোঁপা বেঁধেছেন। গয়না হিসেবে বেছে নিয়েছিলেন সুপরিচিত জুয়েলারি ব্র্যান্ড ক্যানভাসের সবুজ পাথর দেওয়া সাবেকি ঘরানার অথচ ফিউশন স্টাইলের নেকপিস, কানের দুল ও চুড়ি। সঙ্গে রয়েছে সিক্স ইয়ার্ড স্টোরির লাল পলা। এ সাজে এই সুন্দরী অভিনেত্রী মেকআপটা একটু জমকালো রেখেছেন। কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কালো কাজলে ভাবনাকে পরমা সুন্দরী লাগছে।

ছবি: আশনা হাবিব ভাবনা

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১৭: ৪৮
বিজ্ঞাপন