সুস্বাদু ভারতীয় রসনার নির্ভরযোগ্য গন্তব্য
শেয়ার করুন
ফলো করুন

ঢাকায় ভারতীয় রসনার নির্ভরযোগ্য গন্তব্য খাজানা। একাধিকবার ঠাঁইনাড়া হয়ে এবার নতুন আঙ্গিকে শুরু করেছে এই ফাইন ডাইনিং রেস্তোরাঁ। নতুন পরিচয় সিগনেচার বাই খাজানা। বরাবর গুলশানেই ছিল। এবারও আছে এই অভিজাত এলাকাতেই। সিগনেচার বাই খাজানা এবার রসনাপ্রিয়দের উপহার দিচ্ছে ভারতের সেসব ব্যঞ্জন, যা এত দিন এখানে অনাবিষ্কৃতই ছিল। ফলে ভোজনরসিকেরা এখন এমন সব পদ চেখে দেখার সুযোগ পাবেন, যা আগে তাঁরা পাননি। এসব পদ যতটা আদি ও অকৃত্রিম, ততটাই এর পরিবেশনার সৌন্দর্যে সমসাময়িক।

ভারতীয় রন্ধনপ্রণালি আসলে এক দিনের নয়; বরং বহু শতাব্দী ধরেই বিকশিত হতে হতে বর্তমানের রূপ পরিগ্রহ করেছে। আর এই বিশিষ্টতায় রয়েছে বিভিন্ন সময়ে ভারতে আসা নানা জাতিগোষ্ঠীর রন্ধনপ্রণালির সম্পৃক্ততা। ফলে ভারতীয় খাদ্যসংস্কৃতি কোনো সন্দেহ নেই অনন্য ও বৈচিত্র্যময়।

বিজ্ঞাপন

আর এই রসনার বৈশিষ্ট্যমণ্ডিত পাত্র থেকে বেছে বেছে তুলে এনে সমৃদ্ধ করা হয়েছে খাজানার ভাঁড়ার। তাজ, আইটিসি হোটেলস বা নভোটেলের মতো আরও সব শীর্ষ সারির ভারতীয় হোটেলের মাস্টারশেফরা সযত্নে বাছাই করেছেন এই মেনু।
কেবল খাবার নয়, বরং সেটা তারিয়ে উপভোগের জন্য রয়েছে সিগনেচার বাই খাজানার চিত্তচমৎকৃত অভন্তরীণ সজ্জা।

রাজকীয় অন্দরের আবহে অনবদ্য সব কুইজিনের স্বাদ নেওয়ার অভিজ্ঞতাই আলাদা। আসবাব থেকে আলো, মায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নান্দনিকতা আর যত্নের সুস্পষ্ট ছাপ। তবেই না হয়ে উঠতে পেরেছে নিখুঁত আর পরিপাটি।

বিজ্ঞাপন

বাংলাদেশে প্রায় দুই দশক ধরে আছেন অভিষেক সিনহা। ভারতীয় স্বাদের জাদু বাক্স নিয়েই তিনি নগরীর রসনাপ্রিয়দের মুগ্ধ করে চলেছেন। সিগনেচার বাই খাজানাতেও রয়েছে তাঁর জাদুস্পর্শ। আন্তর্জাতিক হসপিটালিটি অঙ্গনের দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে যোগ হয়েছে ঢাকার মানুষের রসনারুচি ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান। ফলে তিনি উপহার দিতে পারেন দারুণ সব ব্যঞ্জন।

সারা ভারত তো বটেই, বিশেষ করে ওপার বাংলার জিবে জল আসা পদও আলো করে থাকবে সিগনেচার বাই খাজানার দস্তরখান, বললেন অভিষেক সিনহা। আরও যোগ করলেন, শিগগিরই মধ্যাহ্নভোজে যোগ হবে বিশেষ থালি আর নানা ধরনের চা।

ভারতের বিভিন্ন রাজ্যের খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানালেন তিনি।

সিগনেচার বাই খাজানার নতুন ঠিকানা: লেভেল ৫, আরএম সেন্টার, ১০১ গুলশান অ্যাভিনিউ, ঢাকা।

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৭: ৩০
বিজ্ঞাপন