শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা সুস্বাদু স্যুপ মিলবে ঢাকার এই ৪ জায়গায়
শেয়ার করুন
ফলো করুন

হিম হিম ঠান্ডায় ধোঁয়া ওঠা স্যুপ খেতে যেমন সুস্বাদু, এর রয়েছে অনেক উপকারিতা। এই শীতে ঢাকার বিভিন্ন স্থানে স্যুপের পসরা বসেছে। বিক্রিও হচ্ছে দেদার। হাল ফ্যাশনের পাঠকদের জন্য রইল জনপ্রিয় কিছু স্যুপের দোকানের খোঁজ।

১. রেজাউলের স্যুপ

মোহাম্মদপুর রহিম ব্যাপারী ঘাট কাটাসুরে রেজাউলের শাহী হালিম ও স্যুপের দোকান। এখানে চিকেন ভেজিটেবল স্যুপ ৪০ টাকা আর বিফ হালিম ৬০ টাকা। স্যুপে প্রচুর পরিমাণে চিকেন দেওয়ায় দারুণ স্বাদ। আদার সঠিক ফ্লেভার এই স্যুপে ভিন্নতা আনে। সারা বছরই এই দোকানে ক্রেতাদের ভিড় লেগে থাকে। তবে শীতের সন্ধ্যায় সেই সমাগম হয়ে দেখার মতো।

২. নওশাদ ভাইয়ের স্যুপ
হালের ক্রেজে পরিণত হওয়ায় স্যুপপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে নওশাদ ভাইয়ের স্যুপ। দামে কম মানে ভালো এই স্যুপ। দীর্ঘদিন যাবৎ নওশাদ ভাই তাঁর এই চিকেন স্যুপের জন্য বেশ খ্যাতি অর্জন করেছেন। প্রতি বাটি স্যুপ মাত্র ৫০ টাকায় বিক্রি করছেন তিনি। এখানে চিকেনের পরিমাণ পর্যাপ্ত থাকে। আর যেটা স্পেশাল তা হচ্ছে বোম্বাই মরিচের সস। এটা স্যুপের স্বাদ একদম বদলে দেয়। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে অবস্থান এই স্যুপের দোকানের।

বিজ্ঞাপন

৩. মুরাদ ভাইয়ের চিকেন কর্ন স্যুপ
লাইনে দাঁড়িয়ে খেতে হয় মিরপুর–১২-এর বিখ্যাত মুরাদ ভাইয়ের চিকেন কর্ন স্যুপ! মিরপুর–১২, ব্লক–ডি, ঈদগাহ মাঠের কাছে এই চিকেন কর্ন স্যুপের দোকান। এখানে মাত্র ৩০ টাকায় পাওয়া যায় এক বাটি গরমাগরম স্যুপ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ভিড় থাকে এই দোকানে। দাম কম আর সুস্বাদু হওয়ায় চাহিদা বেশি এই স্যুপের।

৪. কিছুক্ষণ রেস্তোরাঁ

পুরান ঢাকার গেন্ডারিয়া থানার কাছে কেশব ব্যানার্জি রোডে কিছুক্ষণ রেস্তোরাঁ চালু হয় ১৯৭৮ সালে। এখানকার কাটলেট, চিকেন চাপ, মোগলাই অনেক বিখ্যাত। তবে আস্ত ডিম দিয়ে স্যুপ আর সঙ্গে মরিচের পানি এবং তেঁতুল ও টক দইয়ের সস। জিবে জল আনা সব কন্ডিমেন্ট দিয়ে পরিবেশিত এই স্যুপ নিঃসন্দেহে অন্য সবার চেয়ে আলাদা। অনেক বিখ্যাত লোক এখানে স্যুপ খেতে এসেছেন। আখতারুজ্জান ইলিয়াসের মতো প্রখ্যাত ব্যক্তিও এখানে এসেছেন একসময়। তাঁদের ছবিও দেখা যায় এখানে।

এ ছাড়া হোটেল স্টার, আল রাজ্জাক, হোটেল নীরব, রাব্বানী আর মতিঝিলের হীরাঝিল রেস্তোরাঁয় সকালবেলা পাওয়া যায় মজাদার চিকেন স্যুপ, যেটা রুটি–পরোটা দিয়ে খেতে হয়।রাস্তার পাশে ফুটপাতের অস্থায়ী ফুডকোর্ট বা ছোট দোকানে সারা বছর পাওয়া গেলেও শীতের সময় শহরের প্রায় প্রতিটি গলির মুখ বা রাস্তার মোড়েই  ২০ টাকা থেকে ৬০ টাকায় পাওয়া যায় গরম গরম স্যুপ। এই শীতের সন্ধ্যায় তাই চেখে দেখতে পারেন সেগুলো অনায়াসে।

ছবি: লেখক

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১১: ০০
বিজ্ঞাপন