বিয়ের গয়নায় মা-বাবার মুখ
শেয়ার করুন
ফলো করুন

বিয়ের গয়না মানেই খুব বিশেষ কিছু। আর তাতে যদি মা-বাবার প্রতি অপরিসীম ভালোবাসার বহিঃপ্রকাশের অবকাশ থাকে, তাহলে এর চেয়ে আর বিশেষ ব্যাপার কী-ই বা হতে পারে। হয়তো মুখ ফুটে সেভাবে সব সময় বলা হয় না মা-বাবাকে ভালোবাসার কথা। বিয়ের হারটিতে তাঁদের হাস্যোজ্জ্বল মুখ যতবার দেখা হবে, ততবারই হৃদয়ে আবেগের বান ডাকবে।

আর বিশেষ দিনটিতে এভাবেই মা-বাবার আদর আর ভালোবাসায় পরিপূর্ণ জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চেয়েছেন কনে আফরিন নাফিসা। এই নিয়ে কথা হচ্ছিল গ্লুড টুগেদারের কর্ণধার মেহনাজ আদিবার সঙ্গে।

বিজ্ঞাপন

বিয়ের সাজপোশাক আর গয়না এখন আর আগের মতো নির্দিষ্ট কিছু গণ্ডিতে সীমাবদ্ধ নেই। হচ্ছে বিয়ের লুক নিয়ে বিস্তর নিরীক্ষা। যাঁর বিয়ে, তিনি কী চাচ্ছেন, সে অনুযায়ী ব্যতিক্রম ও পারসোনালাইজড কাজ করে দিচ্ছেন ফ্যাশন ডিজাইনাররা। তবে গয়নার ক্ষেত্রে এমন ডিজাইন সত্যিই নতুন কিছু।

আর তা মন ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর। গয়নার ফ্রেমটি মেহনাজ নিজের মতো করেই ডিজাইন করেছেন। প্রথমে ব্রাস মেটালের কাঠামো তৈরি করা হয়েছে। এরপর আফরিনের পছন্দমতো বেছে নেওয়া ছবিটি রেজিন দিয়ে ফ্রেমবন্দী করা হয়েছে।

বিজ্ঞাপন

মেহনাজ জানান, কাজটি সুচারুরূপে করে দিয়েছেন হিবা শরাফুদ্দীন। তিনি রেজিন নিয়েই কাজ করেন। এবার হারের ফ্রেমে রেজিনে বাঁধানো ছবিটি বসিয়ে তারপর ফিনিশিংয়ের কাজ করেছেন মেহনাজ।

আকাশ-নীল শাড়ির সঙ্গে মিল রেখেই রুপালি গয়না রাখা হয়েছে। তবে গয়নার ডিজাইনে বাহুল্য না রেখে মা-বাবার ছবিটিকেই ফুটিয়ে তোলার সর্বোচ্চ প্রয়াস করা হয়েছে এখানে।

গয়না: গ্লুড টুগেদার

ছবি: মেহনাজ আদিবা

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০: ২০
বিজ্ঞাপন