
কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে বর্তমানে ফ্রেঞ্চ রিভিয়েরাতে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশানা হাবিব ভাবনা। প্রতিদিনই সেখানে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে তাঁকে দেখা যাচ্ছে চোখধাঁধানো সব স্টাইলিশ লুকে। তাঁর পোশাক শুধু নিছক পোশাক নয়। ভাবনার স্টাইল আসলে তাঁর আবেগ ও অনুভূতির প্রতিচ্ছবি।
.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
এর আগে পোশাকের মাধ্যমে নিজের প্রিয় চার অভিনেত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এরপর ভাবনা পরেছিলেন মায়ের বিয়ের শাড়ি। আর এবার কানের একটি ককটেল ইভেন্টে তাঁকে দেখা গেছে বিখ্যাত চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর অনুপ্রেরণায় তৈরি পোশাকে।


ভাবনার এই ড্রেস ফ্যাশন ব্র্যান্ড মুক্তা অফিশিয়ালের বহুল প্রতীক্ষিত আসন্ন কালেকশন থেকে নেওয়া হয়েছে। এই সংগ্রহের নাম ‘লা ভিদা দে ফ্রিদা’। এর অর্থ—ফ্রিদার জীবন। বিখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর জীবন ও চিত্রকর্মের ওপর ভিত্তি করে এ সংগ্রহ দাঁড় করিয়েছেন মুক্তা অফিশিয়ালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ফারিয়া মেহমুদ। হাল ফ্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘কাকতালীয়ভাবে ভাবনার খুব পছন্দের চিত্রশিল্পী ফ্রিদা। তাই এ সংগ্রহ থেকে ড্রেস বেছে নেওয়ার সিদ্ধান্তটা ওনার জন্য খুব স্বাভাবিক ছিল।’
ফারিয়া মেহমুদ জানান, ভাবনার পরিহিত ড্রেসটিতে ফ্রিদার স্বত্বাকে তুলে ধরা হয়েছে। তাঁর ছিল নিজস্ব স্টাইল। তিনি নিজেকে ফুল দিয়ে সাজাতে পছন্দ করতেন। যখনই তাঁর নাম শুনি, তখনই আমাদের মনের চোখে ভেসে ওঠে ফুলসজ্জিত ফ্রিদাকে। এ ছাড়া তিনি সারা জীবন টপ পরেছেন। এই ড্রেসের কোরসেট টপটির স্লিভে তাই প্রস্ফুটিত ফুলের আকার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে থাকা মিনি পেনসিল স্কার্টের হেমলাইনে ফ্লোরাল লেস লাগানো হয়েছে।

.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
ফ্রিদা কটন পপলিনের মতো প্রাকৃতিক কাপড় পরতে পছন্দ করতেন। কারণ, এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে এবং একই সঙ্গে অনেক আরামদায়কও। তাই ভাবনার ড্রেসটিতেও ফারিয়া মেহমুদ কটন পপলিন কাপড় ব্যবহার করেছেন।
.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
এ ড্রেসের সঙ্গে ভাবনা বেছে নিয়েছেন স্টেটমেন্ট গোল্ডেন ইয়াররিং ও গোল্ডেন চেন দেওয়া গোল ফ্রেমের সানগ্লাস। হাতে ছিল সাপ আকৃতির প্যাঁচানো ঘড়ি ও আঙুলের আংটি। পায়ে পরেছেন লাল বেল্ট দেওয়া ফ্ল্যাট স্যান্ডেল। ড্রেসটির সঙ্গে ভাবনা তাঁর মেকআপ মিনিমাল রেখেছেন। আর চুলগুলোকে টেনে খোঁপা বেঁধেছেন। এই সিম্পল সাজেই ভাবনাকে বেশ মিষ্টি লাগছিল।
ছবি: ইনস্টাগ্রাম