আর্কা ফ্যাশন উইকের প্রথম দিনের বর্ণাঢ্য যত আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

দেশের ফ্যাশন বাণিজ্যকে নতুন পথ দেখানোর লক্ষ্যে শুরু হয়েছে আর্কা ফ্যাশন উইক।  দ্বিবার্ষিক এ আয়োজনে ৩৫টি ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনার অংশ নিয়েছেন। বিভিন্ন বয়সী শ্রেণি–পেশার মানুষদের আকর্ষণ করাই এর লক্ষ্য। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।

আর্কা ফ্যাশন উইকের প্রথম দিন বিভিন্ন দেশীয় ব্র্যান্ড ও ডিজাইনারদের পোশাক প্রদর্শিত হয়েছে। এখানে ৫০ জন মেধাবী ও উদ্যমী উদ্যোক্তা ছোট-বড় স্টলে তাঁদের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন, ফিউশন, ট্র্যাডিশনাল, সাসটেইনেবল, থ্রিফ্‌ট, শৈল্পিক পোশাকসহ নানা ধরনের অনুষঙ্গ। দর্শনার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে প্রদর্শিত পণ্যগুলো ক্রয় করছেন। যে কয়টি ব্র্যান্ড এসেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অরণ্য, শেইপ, স্ট্রাইডেস অ্যান্ড কো, বসফরাস, বিস্কুট ফ্যাক্টরি, দৌড়, ট্যাপারড, ইন্সো, এমআইবি, নাইন টু ফাইভ অ্যাটায়ার, ট্রাইবাল ক্রাফট, আলো ট্রিফ্‌ট শপ, এঙ্কন, ঢাকা ভিনটেজ, জাইমা হোসেন, এঙ্কন অ্যাটেলিয়ার, অয়োময়, টোকাই, শৌখিন, অরিয়াম, ওয়াইল্ড ওভেন, রেট্রো বুমিন, আর রহমান, ফোমো, পিরান বাংলাদেশ, সলিটেয়ার, রানো, ডাক্কা, আফসানা ফেরদৌস, ট্যাপারড।

বিজ্ঞাপন

বিভিন্ন পণ্যের প্রদর্শনী ছাড়াও আছে বিশেষ একটি কর্নার, যেখানে আগ্রহীরা যে কেউ নিজেই ডিজাইন করে নিতে পারবেন নিজের পোশাক, ব্যাগসহ অন্যান্য ফ্যাশনেবল অনুষঙ্গ। এই কর্নারের নাম রাখা হয়েছে ডিজাইন ল্যাব। সেখানে রয়েছে সাতটি ভিন্ন ডিজাইন স্টেশন। স্টেশনগুলোয় আছে  ব্লক, প্যাচওয়ার্ক, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ড প্রিন্ট ও অ্যাপ্লিক করার সুব্যবস্থা। যে কেউ হাতে–কলমে কাজ করার সুযোগ পাবেন এখানে। প্রথম দিন অনেক দর্শনার্থীকে দেখা গেছে ডিজাইন ল্যাব থেকে নিজেদের পছন্দমতো পণ্য ডিজাইন করতে।


প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত মডেলিংভিত্তিক রিয়েলিটি শো মিস্টার অ্যান্ড মিস সেলিব্রেটি বাংলাদেশ ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে। এতে অংশ নেন আট নারী ও আট পুরুষ মডেল। মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলিব্রেটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলিব্রেটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া মিস্টার অ্যান্ড মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন

দর্শনার্থীদের জন্য বাড়তি পাওনা হিসেবে এখানে আছে নানা ধরনের খাবারের আয়োজন। মোট ১০ উদ্যোক্তার মুখরোচক খাবার প্রদর্শন ও বিক্রি হচ্ছে এখানে। আর্ট গ্যালারিতেও আছে নানা ধরনের শিল্পকর্মের অ্যানালগ থেকে ডিজিটাল বিবর্তনের প্রদর্শন। এই প্রদর্শনীর কিউরেশনের দায়িত্বে আছেন সেহেজাদ চৌধুরী এবং আদ্রিতা মাহিন খান। এতে রাশিম সাবাব তীর্থ, আদ্রিতা মাহিন খান, আবরার সাদমান অর্ণব, আবির খালিদ, ইহফায রেদোয়ান, ইমরান হাসান, সাকিব তন্ময় এবং দুজন শব্দশিল্পী দামীর খান ও সিয়ামসহ ১০ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এই আয়োজনে বিশেষ মিউজিক্যাল পারফরম্যান্সও রাখা হয়েছে। প্রথম দিন সংগীত পরিবেশন করেন এই প্রজন্মের তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও স্মুচেস।


২৭ ও ২৮ অক্টোবরও চলবে আর্কা ফ্যাশন উইকের বর্ণাঢ্য আয়োজন। উদ্যোক্তাদের পণ্য ও শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি আগামী দুই দিন অনুষ্ঠিত হবে আটটি ফ্যাশন শো কিউ। এতে অংশগ্রহণ করবে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, ট্যাপারড, মরে, ফ্রম ঢাকা, গুজেল, প্রকৃতজন, আমি, বারকিউ, প্রজেক্ট অমি, টুউইলস, কালারস ঢাকা, কিনো, আর রহমান, অরণ্য ও কাঁঠাল।

নতুন সম্ভাবনাময় ডিজাইনাররা থাকবেন, সেই সঙ্গে যাঁরা ইউরোপ ও আমেরিকাভিত্তিক ক্রেতাদের জন্য কাজ করছেন, তেমন ১৫ ডিজাইনারের এবং স্টুডেন্টদের কাজ দেখা যাবে। ফ্যাশন শো শুরু হবে বেলা তিনটায়। চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এ ছাড়া ২৭ অক্টোবর থাকছে জলের গান এবং ২৮ অক্টোবর কার্নিভ্যাল ও ডেডস ইন দ্য পার্কের মিউজিক্যাল পারফরম্যান্স।

উল্লেখ্য আর্কা ফ্যাশন উইক ২৩ আয়োজনটিতে গোল্ড পার্টনার হিসেবে আছে প্রথম আলো ডটকম, উঠাহ গ্রুপ, বিজিএমইএ, প্যারামাউন্ট টেক্সটাইল এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে হাল ফ্যাশন, প্রাইম ব্যাংক, ভাই ভাই প্রোডাকশন, ব্লিটজ, আইস টু ডে, গালা মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন বাই নভিন আহমেদ, আলোকি, বাইলা এবং প্যাটার্ন পার্টনার কেইভ, কেফ এবং কোণা। সিলভার স্পনসর হয়েছে ইওইওসো বাংলাদেশ।  ইভেন্টের রেজিস্ট্রেশন চলছে tickets.arkafw.com–এর মাধ্যমে। এছাড়া চাইলে অনুষ্ঠানস্থলে এসেও রেজিস্ট্রেশন করা যাবে।   প্রবেশমূল্য ১০০ টাকা। বিস্তারিত রয়েছে আর্কা ফেসবুক পেজে: www.Facebook.com/arkafashionweekইনস্টাগ্রাম @arkafashionweek এবং ওয়েবসাইটে

ছবি: খালেদ সরকার , প্রথম আলো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৫: ৩৫
বিজ্ঞাপন