নবাবি ফুচকা
শেয়ার করুন
ফলো করুন

নিত্যদিনের খাবার খেতে খেতে স্বাদবদলের ইচ্ছা জাগলে বা বন্ধুদের আড্ডা আরও জমিয়ে তুলতে হলে প্রথমেই যে খাবারের নামটি মাথায় আসে, তা হলো ‘ফুচকা’। ক্লান্তি আর বিষাদ কাটাতেও দারুণ কাজ করে খাট্টামিঠা ফুচকা। তার আবার কত রকম স্বাদ!

ফুচকার পুরে মটরের ঘুগনি একই থাকলেও কোনোটায় থাকে ঝাল টক, কোনোটায় মিষ্টি টক। অনেকে পছন্দ করেন নাগা মরিচ মেশানো টক। আর দই-ফুচকা তো এখন দেশজুড়েই বিখ্যাত। কম ঝাল চাই নাকি বেশি, সেটা কাঁচা মরিচের নাকি শুকনা মরিচের—সব ফরমাশ ‘ফুচকাওয়ালা মামা’কে বাতলে দিলেই পাওয়া যায় মনমতো ফুচকা।

কিন্তু এখন বেশ কিছু ফুচকার দোকানে মটরের ঘুগনি থেকে শুরু করে সব মসলা ও পুর বিভিন্ন টকসহ আলাদাভাবে পরিবেশন করা হয়। ফলে নিজের পছন্দের স্বাদের ফুচকা নিজ হাতেই তৈরি করে নেওয়া যায়। এ পদ্ধতি বেশি স্বাস্থ্যসম্মত বলে অনেকেই এমন ফুচকা প্ল্যাটারের ব্যাপারে আগ্রহী হন।

বিজ্ঞাপন

ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে নতুন মেগা ফুড পার্ক এএসডব্লিউতে পাওয়া যায় এমনই এক ফুচকা প্ল্যাটার। নবাবি ফুচকা নামের এই প্ল্যাটারে থাকে ১৫ থেকে ৩০টি ফুচকার সঙ্গে মিলবে আরো অনেক কিছু।

যেমন তেঁতুলের ঝাল টক, মসলাদার টক দই, নারকেল কোরা, কাঁচা আম, গ্রিন চাটনি, কাঁচা মরিচ, ঝুরি চানাচুর, শসাকুচি, কোরানো ডিম সেদ্ধ, চিলি ফ্লেক্স, বিটরুটের কুচি ইত্যাদি বৈচিত্র্যময় উপকরণে সাজানো এক বিশাল আয়োজন। এ প্যাকেজে পরিবেশিত বিভিন্ন ধরনের বর্ণিল টক ফুচকাগুলোকে আরও মনোহর করে তোলে।

বিজ্ঞাপন

মটর ঘুগনির সঙ্গে নিজের পছন্দ অনুযায়ী টক, মসলা ও টপিং দিয়ে সাজিয়ে উপভোগ করার সুযোগ থাকায় এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ফুচকাপ্রেমীদের মধ্যে।

১৫টি ফুচকার প্ল্যাটার ২০০ টাকা আর ৩০টি ফুচকার প্ল্যাটার ৩২০ টাকায় মিলবে এখানে। লোভনীয় নবাবি ফুচকার স্বাদ আর ফুড পার্কের সুন্দর পরিবেশে প্রিয়জনের সঙ্গ হয়ে ওঠে আরও বেশি রোমাঞ্চকর ঠিক এই ফুচকার মতোই।

ছবি: কানিজ ফাতেমা

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২: ২৩
বিজ্ঞাপন