
যুগ যুগ ধরে বিয়ের পোশাকে লালের আবেদন চিরন্তন। তবে এর পাশাপাশি বর্তমানে বরকনেরা বেছে নিচ্ছেন বাহারি রঙের বিয়ের পোশাক। এর মধ্যে সবচেয়ে ট্রেন্ডি হলো আইভরি। ‘আইভরি’ হলো সাদা আর হলুদের মিশ্রণ, অফহোয়াইট বললেও ভুল হবে না। হাতির দাঁত হলো আইভরি। আর এর রং–ই আইভরি রং।

ফ্যাশনিস্তাদের কাছে এ রঙের পোশাক এখন বেশ সমাদৃত। বলিউড তারকাদের পার্টি লুক থেকে শুরু করে বিয়ের পোশাকে রয়েছে আইভরির ছোঁয়া। বিয়ের মৌসুম প্রায় চলে এসেছে। নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে আইভরি রঙের পোশাক বেছে নেওয়া যেতে পারে।


সমসাময়িক ট্রেন্ড ও স্টাইলিশ লুক বজায় রাখার জন্য এই বিয়ের মৌসুমে আইভরি লেহেঙ্গার কোনো বিকল্প নেই। হালকা হোক বা ভারী কাজ—বিয়ের পোশাকের বাজিমাত করবে রং।


একই সময়ে মিনিমাল ও মার্জিত লুকে নিজেকে দেখতে চাইলে আইভরি রঙের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। শাড়িতে চিকনকারি হোক বা আয়নার কাজ, আপনার পোশাক অবশ্যই আলাদা হবে অন্য সবার থেকে। বলিউড তারকা আলিয়া ভাটের বিয়ের পোশাকও কিন্তু ছিল আইভরি রঙের।


গাউনের ট্রেন্ড কখনো পুরোনো হয় না! বিয়ের কেনাকাটার জন্য বের হওয়ার আগে একবার ভেবে দেখতেই পারেন। এ লাইন, স্লিট, ফ্লোর টাচ, মারমেইড, ব্যাকলেস—নানা স্টাইলের গাউনের ডিজাইন থেকে বেছে নেওয়া যেতে পারে। তবে সাদা থেকে বেরিয়ে আইভরি রঙের গাউন আলাদা আবেদন আনবে।


ফ্যাশনে এখন বিশ্বব্যাপী জোরেশোরে চলছে কো-অর্ড সেটের ট্রেন্ড। নিঃসন্দেহে এই পোশাক হালের ট্রেন্ডে বেশ জনপ্রিয়। বিয়েতে ভিন্ন উপস্থাপনার জন্য বেছে নেওয়া যেতে পারে আইভরি কো-অর্ড সেটও। সে ক্ষেত্রে টু–পিস বা থ্রি–পিস কো-অর্ড বেছে নেওয়া যেতে পারে।

বর্তমানে সারারাপ্রেমে মজেছেন ফ্যাশনিস্তারা। বিয়েতে যাঁরা শাড়ি কিংবা লেহেঙ্গার ঝক্কি এড়াতে চান, তাঁদের জন্য সারারা হতে পারে প্রথম পছন্দ। আর রং যদি হয় আইভরি, তাহলে সবার চেয়ে আলাদা লাগতে বাধ্য।
ছবি: ইন্সটাগ্রাম