কফিকে আমাদের দেশে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে 'ইস্ট বেঙ্গল কফি রোস্টারস'
শেয়ার করুন
ফলো করুন

ক্যাফে নয়, বরং নিজেদের রোস্টার, ব্লেন্ডার আর কফি সরবরাহকারী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঢাকার প্রগতি সরণির ইস্ট বেঙ্গল কফি রোস্টারসের পরিচালক ও প্রধান রোস্টার হাসিবুল হাসান; যদিও তাঁদের রোস্টারির সংলগ্ন স্থানে কফির স্বাদ নেওয়ার ব্যবস্থা আছে।

রোস্টারিতে ঢুকতেই দেখা মিলল কর্মব্যস্ত হাসিবুল হাসানের সঙ্গে
রোস্টারিতে ঢুকতেই দেখা মিলল কর্মব্যস্ত হাসিবুল হাসানের সঙ্গে

ছিমছাম এই কফি ল্যাবরেটরির আশপাশের অনেকটা জায়গাজুড়ে কফির মনপ্রাণ আনচান করা সুগন্ধ পাওয়া যায়। রোস্টারিতে ঢুকতেই দেখা মিলল কর্মব্যস্ত হাসিবুল হাসানের সঙ্গে। তিনি নিজেই বললেন ইস্ট বেঙ্গল কফি রোস্টারসের সব গল্প। জানালেন তাঁর মূলমন্ত্র ও স্বপ্নের কথাও।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ও সর্বজনীন পানীয় হচ্ছে কফি। সুগন্ধি আর একটু তেতো—এই জাদুই শরীর–মনকে চাঙা করে মুহূর্তেই; পাশাপাশি স্বাস্থ্যগত নানা উপকারিতা চাহিদার তুঙ্গে নিয়ে এসেছে একে। বাংলাদেশেও বাড়ছে কফি কালচার ব্যাপক হারে। এ পানীয় নানা উপায়ে প্রস্তুত ও পরিবেশন করা যায়। তবে কফির স্বাদ ও ফ্লেভার নির্ভর করে কফি বিনের গুণগত মানের ওপর।

কফির স্বাদ ও ফ্লেভার নির্ভর করে কফি বিনের গুণগত মানের ওপর
কফির স্বাদ ও ফ্লেভার নির্ভর করে কফি বিনের গুণগত মানের ওপর
শতকরা ৮৫ ভাগ বিন ভালো থাকলে তাকে দেওয়া হয় স্পেশালিটি কফির তকমা
শতকরা ৮৫ ভাগ বিন ভালো থাকলে তাকে দেওয়া হয় স্পেশালিটি কফির তকমা


হাসিবুল হাসান কফির মূল বিষয়গুলো বুঝিয়ে বললেন প্রথমেই। তাঁর বয়ানে, কফি বিনের গুণগত মান, কোন দেশে উৎপাদিত হয়েছে, কত তাপমাত্রায় রোস্টিং করা হয়েছে—এসবের ওপর নির্ভর করে কফির ফ্লেভার। কাঁচা, পোকা ধরা, কালো হয়ে যাওয়া কফি বিন ব্যবহার করলে কফির মান কমে যায়। হাসিবুল হাসান বলেন, ‘শতকরা ৮৫ ভাগ বিন ভালো থাকলে তাকে দেওয়া হয় স্পেশালিটি কফির তকমা। স্পেশালিটি কফি অ্যাসোসিয়েশনের মানদণ্ড অনুযায়ী স্পেশালিটি কফি নির্বাচিত হয়। আর বাণিজ্যিকভাবে বাজারজাত করা কফির চেয়ে এই বিনের গুণগত মান বেশি থাকে। আমাদের দেশে এই স্পেশালিটি কফিই রিটেইলিং করছে ইস্ট বেঙ্গল কফি রোস্টার।’

বিজ্ঞাপন

কফি রোস্টার অর্থ কী, তা জানতে চাইলে হাসিবুল হাসান বলেন, মূলত ক্যাফে ও কফি শপগুলোয় কফি বিন সরবরাহ করে থাকে রোস্টারস। স্বাদে–গন্ধে অনন্য নিজেদের রোস্ট ও ব্লেন্ড করা তাজা স্পেশালিটি কফি বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু ক্যাফেতে সরবরাহ করে থাকে এই ইস্ট বেঙ্গল কফি রোস্টার। তাঁরা এই বিশেষ গ্রেডেড কফি সরবরাহ করছেন কফি ট্র্যাপ, বিস্ত্রো ই, টেস্ট বাড ও বসফরাসের মতো জনপ্রিয় ক্যাফেতে।

মূলত ক্যাফে ও কফি শপগুলোয় কফি বিন সরবরাহ করে থাকে রোস্টারস
মূলত ক্যাফে ও কফি শপগুলোয় কফি বিন সরবরাহ করে থাকে রোস্টারস


হাসিবুল হাসানের মতে, বাংলাদেশে কফি তার প্রাপ্য জায়গাটুকু পুরোপুরি পাচ্ছে না। কফির আরও অনেক ক্ষেত্র আছে, যেখানে কাজ করা যায়। সেই ভাবনা থেকেই কফি বিন নিয়ে কাজ শুরু করেন হাসিব। ২০২৩ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের নতুন এই কফি রোস্টার, ব্লেন্ডার এবং তাজা রোস্টেড কফি বিন সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্ট বেঙ্গল কফি রোস্টারস।

শুঁয়োপোকা থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় অপরূপ সুন্দর প্রজাপতি। অনেকটা প্রজাপতির মতোই কফির বীজগুলো থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় অসাধারণ পানীয় কফি। তাই প্রজাপতিকেই লোগো হিসেবে বেছে নিয়েছেন ইস্ট বেঙ্গল কফি রোস্টারসের পরিচালক ও মাস্টার রোস্টার হাসিবুল হাসান।

প্রজাপতিকেই লোগো হিসেবে বেছে নিয়েছে ইস্ট বেঙ্গল কফি রোস্টারস
প্রজাপতিকেই লোগো হিসেবে বেছে নিয়েছে ইস্ট বেঙ্গল কফি রোস্টারস
নিজেই বিনগুলো পরীক্ষা করে মান নিশ্চিত করেন মাস্টার রোস্টার হাসিব
নিজেই বিনগুলো পরীক্ষা করে মান নিশ্চিত করেন মাস্টার রোস্টার হাসিব


গল্পের মতো কফির আদ্যোপান্ত জানাচ্ছিলেন হাসিবুল। বলেন, কফিগাছের ফল থেকে কফি তৈরি হয়। আর এ ফল থেকে তিনটি পদ্ধতিতে কফি সংগ্রহ করা হয়। এগুলো হলো ওয়াশ, হানি ও ন্যাচারাল। ফলের সব স্তর সরিয়ে শুকানো হয় ওয়াশ পদ্ধতিতে। আর ন্যাচারাল পদ্ধতিতে আগে ড্রাই করে তারপর ফলের অংশগুলো বাদ দেওয়া হয়। হানি পদ্ধতিতে আগে সব স্তর ছাড়িয়ে নিলেও একসঙ্গেই ড্রাই করা হয়। ওয়াশড কফির চাহিদাই সবচেয়ে বেশি। ইস্ট বেঙ্গল কফি রোস্টারসের কফিগুলো ওয়াশড পদ্ধতিতে সংগৃহীত হয়। আর নিজেই বিনগুলো পরীক্ষা করে মান নিশ্চিত করেন মাস্টার রোস্টার হাসিব। তারপর নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলো রোস্টিং শেষে চলে যায় ক্যাফে ও কফি শপগুলোয়।

হাসিবুল জোর দিয়ে বললেন, গুণগত মানই একমাত্র জাদু, যা ইস্ট বেঙ্গল কফি রোস্টারসকে অল্প সময়ে জনপ্রিয় করে তুলেছে। সবার কাছে সহজলভ্য করতে অনলাইন শপ দারাজ ও চালডাল ডটকমে আছে ইস্ট বেঙ্গল কফি রোস্টারসের কফি।
হাসিবের কাছে কফি মানেই অ্যাডভেঞ্চার আর কফিকে কেন্দ্র করেই তাঁর সবকিছু। বললেন, কফিই পরিবর্তন করেছে তাঁর জীবনের বাঁক। পড়াশোনা করতে কুয়ালালামপুরে গিয়েছিলেন হাসিব। সেখানে বিভিন্ন ক্যাফেতে কাজ করতেন ডিশওয়াশার হিসেবে। সেসব জায়গায় কাজ করতে গিয়েই কফিকে প্রথম এত কাছে থেকে চেনা। তখন থেকেই স্বপ্ন ছিল নিজে কিছু করবেন কফি নিয়ে। সে স্বপ্ন আজ সত্য হয়েছে। ইস্ট বেঙ্গল কফি রোস্টারসের আঙিনায় প্রবেশ করলেই পাওয়া যাবে তারই প্রমাণ।

কফিই পরিবর্তন করেছে হাসিবুল হাসানের জীবনের বাঁক
কফিই পরিবর্তন করেছে হাসিবুল হাসানের জীবনের বাঁক
আগ্রহীদের তাঁরা বিনা মূল্যে দিচ্ছেন তাঁরা বারিস্তা প্রশিক্ষণ
আগ্রহীদের তাঁরা বিনা মূল্যে দিচ্ছেন তাঁরা বারিস্তা প্রশিক্ষণ


হাসিবুল বলেন, ইস্ট বেঙ্গল কফি রোস্টারস কফির সর্বোচ্চ গুণাগুণ নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদেরও সর্বোচ্চ সেবা প্রদান করে চায়। যে ক্যাফে বা ক্রেতারা কফি কিনছেন, তাঁদের যন্ত্রপাতি নষ্ট হলে নিজস্ব লোক পাঠিয়ে সমাধান খুঁজে দিচ্ছেন তাঁরা। এ ছাড়া দক্ষ লোকবল বাড়াতে আগ্রহীদের তাঁরা বিনা মূল্যে দিচ্ছেন তাঁরা বারিস্তা প্রশিক্ষণ। আশাবাদ জানিয়ে হাসিবুল বলেন, এতে শুধু কফি নয়, পুরো কফি আয়োজনেরই মান বাড়বে। আর এভাবেই তিনি ইস্ট বেঙ্গল কফি রোস্টারসকে সঙ্গে নিয়ে আমাদের দেশে কফিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।

ছবিঃ ইস্ট বেঙ্গল কফি রোস্টারস

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন