
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে প্রায়ই চোখে পড়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নিত্যনতুন ছবি। মেহজাবীন মানেই স্নিগ্ধ আর ছিমছাম সাজপোশাকে অনন্য ব্যক্তিত্বের প্রকাশ। কখনো তিনি ছক ভেঙে ভিন্ন অবতারে নিজেকে উপস্থাপন করেন, কখনো সেজে ওঠেন পাশের বাড়ির মেয়ের মতোই, আবার কখনো পশ্চিমা ঢংয়েও ক্যামেরাবন্দী হন এই অভিনেত্রী।

সম্প্রতি এই অভিনেত্রী অনলাইন পোশাক ব্র্যান্ড নুরজাহানের ‘ব্র্যান্ড ফেস’ হয়েছেন। তাদের পোশাকে এর আগে এ অভিনেত্রীকে দেখা গেলেও এবারের পোশাকটি অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে বলে মনে করছেন তাঁর ভক্তরা।
হলুদ ফ্রক স্টাইলের ফ্লেয়ার দেওয়া পোশাকে তিনি নজর কেড়েছেন সবার। তীব্র গরমেও যেকোনো পার্টিতে বেছে নেওয়া যেতে পারে এই পোশাক। আরামদায়ক জর্জেট ফেব্রিকের পোশাকটিতে রয়েছে সুতা আর সিকুইনের সূক্ষ্ম কাজ। গোল গলার জমিনে ফুটে উঠেছে সোনালি ফুলেল মোটিফের ছোঁয়া। পোশাকের দীর্ঘ বেলহাতা অভিনেত্রীর লুকে যোগ করেছে নাটকীয় ভাব। কোমরে আর হাতায় বসানো হয়েছে একই নকশার কাজ করা সোনালি লেইস।


আর এই সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী একেবারেই মিনিমাল ঢংয়ে সেজেছেন। গরমকাল বলে কথা। অতরিক্ত মেকআপ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তাই হালকা বেস মেকআপে চোখে পরেছেন কালো কাজল আর ঠোঁটে গোলাপি টোনের লিপস্টিক।

গয়না বলতে কানে শুধু বেছে নিয়েছেন সোনালি-সাদা গোলাকার জমকালো দুল। অভিনেত্রী এই গরমে চুলের স্টাইলটাও করেছেন আরামের কথা ভেবে। পেছনে খোঁপা আর সামনের কিছু চুলে মাঝসিঁথি করে করেছেন ব্লো ড্রাই। এই সময়ে আরাম আর ফ্যাশন—দুটোকেই অভিনেত্রী রেখেছেন প্রথম তালিকায়।
ছবিঃ ইন্সটাগ্রাম