
বিয়ের মূল আকর্ষণ হলো বর–কনের সাজপোশাক। আর সেই বর-কনের একজন বা দুজনই যদি হন সবার প্রিয় তারকা, তাহলে তো কথাই নেই! তারকাদের বিয়ের সানাই বাজলেই ভক্তদের আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। আর সে ধারাবাহিকতায় আমাদের দেশে এবারে ২০২৩ সালে ৩টি জুটির বিয়ের সাজপোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।


চলতি বছরের ১১ আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাংলাদেশের এই সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিয়ের দিনে তাঁর সাদামাটা স্নিগ্ধ সাজে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এদিন তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী লাল জামদানি।

শাড়িটি তৈরি করেছে নব ঢাকা। এটি তৈরিতে কারিগরদের সময় লেগেছে প্রায় এক বছর। শাড়ির সঙ্গে পরেছিলেন ছিমছাম সোনার গয়না। আর তাঁর স্নিগ্ধ নো মেকআপ মেকআপ লুকের নেপথ্যে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান। অন্যদিক তাসনিয়ার সুদর্শন বর শেখ রেজওয়ানকে কালো স্যুটের ফরমাল লুকে লাগছিল পারফেক্ট জেন্টেলম্যান।
সবাইকে অবাক করে দিয়ে গত ২ মে বাংলাদেশের আলোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির বন্ধু দিশা ইসলামকে বিয়ে করেন। তাঁদের মিনিমাল তবে আভিজাত্যময় বিয়ের সাজ সবার খুবই পছন্দ হয়।


সালমান পরেন সাফিয়া সাথীর ডিজাইন করা সাদা ওপেন বাটন শেরওয়ানি, পাঞ্জাবি ও পায়জামা। শেরওয়ানিতে ছিল হালকা সোনালি সিকুইনের কাজ। কনে দিশা ইসলাম পরেছিলেন সাদা রঙের লেহেঙ্গা, যার পুরোটা জুড়ে ছিল সাদা অ্যাপ্লিকের কাজ। গয়না হিসেবে তিনি গলায় পরেছেন চোকার, কানে ঝোলানো দুল, টিকলি ও হাতে কয়েকটি চুড়ি।
দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক জুটি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ বিয়ের পিঁড়িতে বসেন সেপ্টেম্বরের ১৫ তারিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের সাজ দেখে চোখ ও মন জুড়িয়ে যায় সবার। বিয়ের দিন মুনজেরিন পরেন হালকা গোলাপি ঐতিহ্যবাহী বুটি তোলা, পাড় আঁচল দেওয়া হালকা শাড়িটির সঙ্গে মনোক্রোম স্টাইলে হালকা গোলাপি জর্জেটের ওড়না।


চিকন বর্ডারে সূক্ষ্ম এমব্রয়ডারি। রয়েছে ম্যাচিং ব্লাউজ। হালকা মুক্তার কাজের সোনার হার ও ঝোলানো দুল পরেছেন তিনি। মাঝসিঁথি করে টেনে বাঁধা চুল। মেকওভারের সামগ্রিক দায়িত্ব ছিল গালা মেকওভার স্টুডিও বাই নাভিনের ওপর। এদিকে আয়মান সাদিক পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি। এর কলার আর বোতামঘর বরাবর ছিল একই রঙের হালকা এমব্রয়ডারি। গুছিয়ে ট্রিম করা দাড়িগোঁফ আর চুলে কোনো রকম বাহুল্য নেই।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম