
জাপানের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এক নৈশভোজের আয়োজন করেন। এতে নিমন্ত্রিত ছিলেন অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন জেফ বেজোস এবং তাঁর হবু স্ত্রী, এমি অ্যাওয়ার্ড পাওয়া টিভি সাংবাদিক লরেন সানচেজ। সেখানে লরেন নতুন রূপে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।


কিছুদিন আগেও তাঁর প্রায় কোমরসমান লম্বা ঢেউখেলানো চুল ছিল। কিন্তু এই ডিনার পার্টিতে লরেনকে দেখা যায় লং বব বা লব হেয়ারকাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন লরেন। সবাই মুগ্ধ তাঁর নতুন রূপে। লরেনের এ-লিস্ট তারকা বন্ধুরা সেই ছবির নিচে কমেন্ট করে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে আছেন জেসিকা অ্যালবা, সালমা হায়েক, প্যারিস হিল্টন, নিনা ডবরেভসহ আরও অনেকে। উল্লেখ্য, বর্তমানে হেয়ারকাটের ট্রেন্ডে এগিয়ে আছে লং বব বা লব হেয়ারকাটটি।
শুধু হেয়ারকাট নয়, লরেনের গাউন নিয়েও বেশ আলোচনা হচ্ছে। ফরমাল ডিনার পার্টিতে তিনি পরেছেন অফ দ্য শোল্ডার, লেস ও সাটিনের করসেট স্টাইল ম্যাক্সি ড্রেস।

টকটকে লাল এই বডি হাগিং গাউন এসেছে ফ্যাশন ব্র্যান্ড রাজারিও রিসোর্ট ২০২৪ কালেকশন থেকে। এর সঙ্গে তিনি পরেছেন পাতার মোটিফের সোনালি স্যান্ডেল। সঙ্গে পাথর দেওয়া রুপালি ক্লাচ ব্যাগ। এমন লুকে লরেনকে বরাবরের মতো বেশ লাস্যময়ী লাগছে।
ছবি: ইন্সটাগ্রাম