দক্ষিণি আমেজের মেকওভারে অপরূপা তানজিন তিশা
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দার প্রিয় মুখ তানজিন তিশার সুন্দর মুখশ্রী আর মিষ্টি হাসি সবসময়ই নজর কাড়ে, তা তিনি যে লুকেই নিজেকে উপস্থাপন করেন। এমনিতে সাজগোজ করতে যে বেশ ভালোবাসেন এই জনপ্রিয় অভিনেত্রী, তা তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যায়। বৈচিত্র্যময় সাজপোশাকে তাঁকে দেখি আমরা বিভিন্ন অনুষ্ঠান আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা চোখ জুড়ানো সুন্দর সব ছবিতে। পশ্চিমা পোশাকে দারুণ মানায় এই আকর্ষণীয় অভিনেত্রীকে।

কিন্তু শাড়ির প্রতি বেশ পক্ষপাতিত্ব রয়েছে তানজিন তিশার। নানা ধরণের শাড়ির লুকে তাঁকে সবসময় দেখা যায়। তবে সম্প্রতি একেবারে ভিন্ন আমেজের মেক ওভার আর শাড়ির সাজে দেখা যাচ্ছে তাঁকে ইন্সটাগ্রামের পোস্টে। এখানে তিশা পরেছেন জরীর বুননে সবুজ পাড়ের বাসন্তী হলুদ সাউথ কাতান শাড়ি। আর সঙ্গে রয়েছে কন্ট্রাস্ট হট পিংক ব্লাউজ। গভীর নেকলাইন ও হাতা জুড়ে জমকালো সোনালি কারুকাজ করা ব্লাউজে। হাতার বর্ডারে আবার সবুজ রং।

বিজ্ঞাপন

ঢাকা নগরীর সুপরিচিত সৌন্দর্যসদন সিগনেচার লুক বাই সামিয়ার মেকওভারে তানজিন তিশার দিক থেকে যেন চোখ ফেরানো দায়। হালের ক্রেজ দক্ষিণি আমেজের লুক দেওয়া হয়েছে এখানে তাঁকে।

সাউথ স্টাইলের এই গ্ল্যাম ঘরানার মেকওভারে মিনিমালিজমের বদলে বরং বৈচিত্র্যময় কালার প্যালেটের বুদ্ধিদীপ্ত ব্যবহার করা হয়েছে। সেমি স্মোকি আই মেকআপে গাঢ় কাজল ও আইলাইনারের ব্যবহার লক্ষ্যনীয়। ফলস আইল্যাশে ঘন করে মাসকারা দেওয়া। কন্টোর করা চিক বোনে হালকা শিমার দেওয়া ব্লাশ ব্যবহার করা হয়েছে। আইশ্যাডোতেও শিমারের ছোঁয়া। মেরুন ম্যাট লিপস্টিকের সঙ্গে মেহেদি ও আলতা দেওয়া হাতে বর্ণিল আমেজ।

বিজ্ঞাপন

টেনে বাঁধা খোঁপায় শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে লাল, সবুজ ও সাদা গাজরা দিয়ে সাজানো। গয়নায় জমকালো ভাব রাখা হয়েছে সিগনেচার সাউথ স্টাইলেই।

টিকলি, ঝুমকা, গলার হার, নাকছাবি আর কোমরের বিছা একই ডিজাইনের। সোনালি বেইসে মুক্তা ও লাল-সাদা পাথর বসানো এই সেটে। লাল-সাদা চুড়ি পরেছেন দুই হাত ভরে তিশা।

এর সঙ্গে তানজিন তিশা অবশ্য সাউথ কাতান শাড়িটি পরেছেন মারাঠি স্টাইলে, ধুতির মতো ড্রেপিং করে। শাড়ি পরার এই ঐতিহ্যবাহী কায়দাটিকে নওবারি বা কাশতা স্টাইল বলা হয়। অবশ্য দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও মাদিসার স্টাইলে ধুতির মতো প্যাঁচ দিয়ে শাড়ি পরার চল আছে।

আসলে তানজিন তিশার শাড়ি পরার ঢংটিকে ফিউশন স্টাইলই বলা যায়। কারণ এখানে আঁচলটি আবার সাধারণত আমরা যেভাবে শাড়ি ড্রেপ করি, সেভাবেই রাখা। তবে সব মিলিয়ে সাউথ স্টাইলের লুকে তানজিন তিশাকে অন্যরকম সুন্দর লাগছে, তা বলতেই হয়। 

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ মে ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন