
বলিউডের হাল আমলের নায়িকা তারা সুতারিয়া। প্রথম ছবির হাত ধরেই যেন সত্যিকারের তারা হয়ে উঠেছেন তিনি। বেশ অল্প সময়ের মধ্যেই কুড়িয়েছেন প্রশংসা, আর সঙ্গে পুরস্কারও। তবে তাঁকে শুধু অভিনেত্রী বললে ভুল হবে। কারণ, তিনি একই সঙ্গে ব্যালে ডান্সেও পারদর্শী। তাঁকে নিয়ে বিতর্ক, গুঞ্জনও কম হয়নি! তবে সব বিতর্ক, সমালোচনা, গুঞ্জনকে পাশ কাটিয়ে বি-টাউনে লম্বা রেসের ঘোড়া হতে মরিয়া তিনি। তাই বহুল আলোচিত এ তারকা নিজের ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন।
বড় পর্দায় অভিনয়ে হাতেখড়ির আগে ভিডিও জকি (ভিজে) হিসেবে কাজ করেছেন তারা। এই নায়িকাকে একসময় ডিজনি গার্ল বলেও ডাকা হতো। ডিজনিতে পথচলা শুরু করেছিলেন। পরে ডিজনি চ্যানেলে বেশ কয়েকটি শোতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৯ সালে বলিউডে ইনিংস শুরু করেন তারা। সে বছর করণ জোহরের প্রযোজনায় বিগ বাজেটের ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। এই ছবির হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পান এবং সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান এ তারকা।
এ কথা সত্য যে নায়িকা মানেই তাঁকে নিয়ে নানা কৌতূহল তৈরি হবে জনমানসে। আবার বিতর্কও হবে। তারাও এর ব্যতিক্রম নন। তাই বহুবার শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে সব উপেক্ষা করে নিয়ম মেনে চলাফেরা ও খাদ্যাভ্যাস গড়ে তোলেন আত্মবিশ্বাসী এ অভিনেত্রী।
তারা সাধারণত সকালের নাশতায় খুব হালকা কিছু খেয়ে থাকেন। যেমন চিজি টোস্টের সঙ্গে ডিম পোচ কিংবা ডিম সেদ্ধ ও স্যান্ডউইচ। আর ত্বকের সৌন্দর্য রক্ষায় তিনি প্রচুর পানি পান করে থাকেন। সারা দিনের কর্মব্যস্ততার ফলে শরীরে যেন কোনো ধরনের ঘাটতি না হয়, সেদিকে তাঁকে লক্ষ রাখতে হয়। তাই নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি গ্রিন টি ও প্রচুর পরিমাণে পানি পান করে থাকেন। সঙ্গে তিনি প্রচুর ফলমূল খেয়ে থাকেন।
তরমুজ ও স্ট্রবেরি তাঁর খুব প্রিয় ফল। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে গ্রিন টি পান করে থাকেন। এটি একদিকে যেমন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, তেমনি তাঁকে সারা দিন কর্মক্ষম এবং সুন্দর থাকতে সাহায্য করে। দুপুরের খাবারে তিনি বিভিন্ন রকমের সবজি, বিশেষ করে সবুজ শাকসবজি খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
তা ছাড়া তিনি শস্যজাতীয় খাবার ও স্যুপ খেতে খুব ভালোবাসেন। বিকেলের নাশতায় দোসা কিংবা ছোলাজাতীয় খাবার তাঁর খুবই প্রিয়। কখনো কখনো তাঁর বিকেলের নাশতার তালিকায় থাকে পুডিং। তিনি রাতের খাবারে সাধারণত গ্রিল্ড চিকেন, মিক্সড সালাদ, ভেজিটেবল ও স্যুপ খেয়ে থাকেন। মাঝেমধ্যে খাসির মাংসের স্টেক খেয়ে থাকেন।
শরীর সুস্থ রাখার জন্য তিনি প্রতিদিন ওয়ার্কআউটের পাশাপাশি পর্যাপ্ত ঘুমিয়ে থাকেন। আর ঘুমের আগে প্রতিদিন নিয়ম করে এক গ্লাস দুধ পান করে থাকেন। তিনি সাধারণত রাত সাড়ে আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নেন। এরপর কিছুক্ষণ হালকা ব্যায়াম ও অল্প বিশ্রাম নিয়ে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। তবে অবসরে তিনি তাঁর নিজস্ব বাগানের পরিচর্যা করে থাকেন। তা ছাড়া তিনি গান শুনতে আর বই পড়তে ভালোবাসেন। তিনি রান্না করতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন।
মজার বিষয় হলো, প্রেম, বিতর্ক, সমালোচনা যেন তারকাদের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়েই থাকে। তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন তারা। বরং আপাতত বলিউডে নিজের পাকা জমি তৈরিতেই মন দিয়েছেন প্রতিভাবান এ শিল্পী। তাঁর আগামী ছবির নাম অপূর্বা, যার অপেক্ষায় দিন গুনছেন তাঁর অনুরাগীরা।
ছবি: ইন্সটাগ্রাম