
আজমেরী হক বাঁধন—এই অভিনেত্রীর সৌন্দর্যের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস। ধারালো মুখশ্রী কিংবা আকর্ষণীয় ফিগার নয়, বরং তাঁর ভেতরের সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তাঁকে করে তোলে আলাদা করে গ্রেসফুল।

আর নতুন লুকে হট পিংক শাড়িতে হাজির হয়ে বাঁধন যেন আবারও প্রমাণ করলেন, স্টাইল মানেই শুধু পোশাক নয়—এটা একধরনের ব্যক্তিত্বের প্রকাশ।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘চক্র ২’। সে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাঁধনকে দেখা গেল এক মোহময় শাড়ির সাজে।

লুকটিতে একধরনের পরিমিত অথচ চোখধাঁধানো এলিগ্যান্স ধরা পড়েছে—যেখানে রং আর স্টাইলিং একসঙ্গে মিলে তৈরি করেছে নিখুঁত ফ্যাশন স্টেটমেন্ট।
প্রথমেই নজর কাড়ছে তাঁর শাড়ি। ফ্যশন ব্র্যান্ড নায়িকা অব লন্ডনের পোশাকে এদিন নজর কেড়েছেন সুন্দরী। পিচ জমিনের শাড়িতে আকর্ষণ ছড়াচ্ছে হট পিংক বর্ডার আর পাড়। ফ্লোরাল মোটিফ ফুটে উঠেছে সেখানে।


তবে এই লুকের অন্যতম আবেদন কিন্তু শাড়ি আর ব্লাউজের ওপর বসানো মিনাকারী বডি জুয়েলারিতে।
এই লুকের আসল হাইলাইট নিঃসন্দেহে স্লিভলেস ব্লাউজটি। পিংক ব্লাউজের ব্যাক ডিজাইনটি অসাধারণ। ফ্লোরাল লেস ও কাটওয়ার্কের সূক্ষ্ম কারুকাজে তৈরি এই ব্লাউজে ছোট ছোট সবুজ-ম্যাজেন্টা মিনাকারী এমবেলিশমেন্ট যোগ হয়ে এনেছে প্রাণবন্ত এক আবেদন।


এই একই মিনাকারী মোটিফের গয়না বেছে নিয়েছেন বাঁধন। আর এই সুন্দর গয়নাগুলো অভিনেত্রী বেছে নিয়েছেন দেশীয় ব্র্যান্ড গ্লুদ টুগেদার থেকে।
গলায় ভারী নেকলেস এড়িয়ে তিনি পরেছেন সাদা বিডসের মিনাকারী স্টোন বসানো চোকার, যা লুকটিতে এনেছে ফ্রেশ ও আধুনিক ছোঁয়া।

এর সঙ্গে ম্যাচিং টানা দুল ও ব্রেসলেট মিলিয়ে সম্পূর্ণ হয়েছে তাঁর স্টাইলিং। ভারী কিছু না বেছে নিয়েও কীভাবে জুয়েলারি দিয়ে লুককে আলাদা করে তোলা যায়, তারই এক সুন্দর উদাহরণ এটি।

মেকআপে ছিল ‘টাচ অ্যান্ড গ্লো বাই আহমেদ বিউটি সেলুন’-এর সফট গ্ল্যাম টাচ। নিখুঁত বেস, হালকা ব্লাশ, লেন্স পরা চোখে আইলাইনার ও মাসকারার ব্যবহার, আর ঠোঁটে নুড-পিংক শেড। চুলের স্টাইলিংটিও নজরকাড়া।পরিপাটি লো বানে মিনিমাল হেয়ার অ্যাকসেসরিজ শোভা পাচ্ছে।


সব মিলিয়ে বাঁধনের এই লুক আধুনিকতার সঙ্গে ট্র্যাডিশনের এক চমৎকার মেলবন্ধন। যেখানে একটি স্টেটমেন্ট ব্লাউজ, ভাইব্রেন্ট কালার প্যালেট আর মিনিমাল জুয়েলারি—এই তিনের ভারসাম্যেই তৈরি হয়েছে একটি সত্যিকারের এলিগ্যান্ট স্টাইল মোমেন্ট।
ছবি: বাঁধনের ইন্সটাগ্রাম