বিশ্ব পর্যটন দিবস: ২০২৫-এর সবচেয়ে আলোচিত ভ্রমণ ট্রেন্ড স্লিপ টুরিজম
শেয়ার করুন
ফলো করুন

ভ্রমণ মানেই সমুদ্র সৈকতে রোদ পোহানো বা পাহাড়ে ট্রেকিং। কিন্তু ২০২৫ সালের সবচেয়ে বড় ভ্রমণ ট্রেন্ড বলছে অন্য কথা। এবার ছুটির মানেই কেবল ঘুম। বিশ্বজুড়ে ‘স্লিপ টুরিজম’ বা ঘুম-কেন্দ্রিক ভ্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। কাজের চাপ, অনিদ্রা আর মানসিক স্ট্রেসে জর্জরিত মানুষ ছুটি কাটাচ্ছেন মূলত একটাই কারণে। আর তা হচ্ছে নিশ্চিন্ত, গভীর ঘুমের স্বর্গীয় অভিজ্ঞতা নেওয়ার জন্য।

কী এই স্লিপ টুরিজম

এটি এমন এক ধরনের ভ্রমণ যেখানে মূল লক্ষ্যই হচ্ছে ভালো ঘুম নিশ্চিত করা
এটি এমন এক ধরনের ভ্রমণ যেখানে মূল লক্ষ্যই হচ্ছে ভালো ঘুম নিশ্চিত করা

এটি এমন এক ধরনের ভ্রমণ যেখানে মূল লক্ষ্যই হচ্ছে ভালো ঘুম নিশ্চিত করা। সাধারণ হোটেলের আরামদায়ক বিছানা ও নরম বালিশের বাইরেও এখানে থাকে বিশেষ মেডিকেল ও হোলিস্টিক প্রোগ্রাম, ঘুম-উপযোগী স্পা ট্রিটমেন্ট, এমনকি ব্যক্তিগত ঘুম বিশেষজ্ঞের তত্ত্বাবধান। এইচটিএফ (HTF) মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৪ সালের রিপোর্ট বলছে, এই খাতের বিশ্ববাজারের মূল্য ৬৯০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং ২০২৮ সালের মধ্যে আরও ৪০০ বিলিয়ন ডলার বাড়বে।

কেন এই প্রবণতা বাড়ছে

কাজের চাপ, অনিদ্রা আর মানসিক স্ট্রেসে জর্জরিত মানুষ ছুটি কাটাচ্ছেন মূলত ঘুমাতে
কাজের চাপ, অনিদ্রা আর মানসিক স্ট্রেসে জর্জরিত মানুষ ছুটি কাটাচ্ছেন মূলত ঘুমাতে

স্বাস্থ্যকে এখন সবাই ৩৬০ ডিগ্রি দৃষ্টিতে দেখছেন। ডায়েট বা ফিটনেসের পাশাপাশি ঘুমকেও পূর্ণাঙ্গ সুস্থতার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছেন ভ্রমণপ্রেমীরা। ঘুম ও স্বপ্ন নিয়ে চারটি বইয়ের লেখক এবং ঘুম বিশেষজ্ঞ চার্লি মর্লে জানান, “মানুষ এই ভ্রমণকে ব্যবহার করছেন কাজ ও পরিবারের চাপ থেকে মুক্ত হয়ে নিজেদের ঘুমকে অগ্রাধিকার দিতে।”

আবার হিলটন হোটেলের এক সমীক্ষা জানাচ্ছে, ভ্রমণের প্রধান কারণ এখন “রেস্ট অ্যান্ড রিচার্জ”। তাই তারা অতিথিদের জন্য নিয়ে এসেছে বিশেষ পাওয়ার ডাউন অ্যামেনিটিজ-তাপমাত্রা নিয়ন্ত্রিত কুশনসহ আরামদায়ক বিছানা, সাউন্ড-প্রুফ রুম, স্লিপার মোজা ইত্যাদি।

কোথায় পাবেন এই অভিজ্ঞতা

রয়েছে পারসোনালাইজ স্লিপ ওয়েল প্যাকেজ
রয়েছে পারসোনালাইজ স্লিপ ওয়েল প্যাকেজ

বিশ্বজুড়েও গড়ে উঠেছেন নানা ধরনের স্লিপ টুরিজম গন্তব্য-

স্পেনের এসএইচএ (SHA) ওয়েলনেস ক্লিনিক

এখানে রয়েছে বিশেষজ্ঞ ঘুম চিকিৎসক। যাদের একজন ড. ভিসেন্তে মেরা। তিনি অতিথিদের জন্য তৈরি করেন ‘পারসোনালাইজ স্লিপ ওয়েল প্যাকেজ’। শ্বাসকষ্ট, নাক ডাকা বা স্নায়বিক সমস্যার মতো ঘুম-সংক্রান্ত জটিলতা খুঁজে বের করা হয় নানা মেডিকেল টেস্টের মাধ্যমে। এরপর তৈরি হয় ব্যক্তিগত ডায়েট, লাইট থেরাপি, সিপ্যাপ (CPAP) থেরাপি ও লাইফস্টাইল পরিবর্তনের পরিকল্পনা।

লন্ডনের কিম্পটন ফিৎসরয়-রুম টু ড্রিম

চার্লি মর্লের নকশা করা এই প্যাকেজে রয়েছে ভার্চুয়াল রিয়্যালিটি মেডিটেশন ও বিশেষ হারবাল টি। অতিথিরা এখানে লুসিড (lucid dreaming)-এর অভিজ্ঞতা নেন, পরে এআই শিল্পী সেই স্বপ্নকে ছবিতে ফুটিয়ে তোলেন।

চাইনিজ আকুপাংচার, আয়ুর্বেদিক ঘুম থেরাপি, হারবাল অয়েল ম্যাসাজের মাধ্যমে মনের অস্থিরতা কমানো হয়
চাইনিজ আকুপাংচার, আয়ুর্বেদিক ঘুম থেরাপি, হারবাল অয়েল ম্যাসাজের মাধ্যমে মনের অস্থিরতা কমানো হয়

মালদ্বীপের সোনেভা সোল স্লিপ প্রোগ্রাম

৭ বা ১৪ দিনের এই প্যাকেজে যোগব্যায়াম, ধ্যান, হারবাল বাথ, সকালবেলার রোদ, এমনকি খালি পায়ে হাঁটার মতো প্রাকৃতিক থেরাপি রয়েছে, যা শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ভারসাম্য আনে।

ইতালির লেফে রিসোর্ট ও স্পা, শ্রীলঙ্কার সান্তানি ওয়েলনেস

এখানে চাইনিজ আকুপাংচার, আয়ুর্বেদিক ঘুম থেরাপি, হারবাল অয়েল ম্যাসাজের মাধ্যমে মনের অস্থিরতা কমানো হয়।

যুক্তরাষ্ট্রের পোস্ট র্যাঞ্চ ইন (ক্যালিফোর্নিয়া)

বিখ্যাত “দ্য স্লিপ ডাক্তার” ড. মাইকেল ব্রেউসের সঙ্গে অংশীদারত্বে তৈরি ‘স্লিপ ইজি’ অভিজ্ঞতা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

বিশ্বের নানা হোটেলও এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে। কোথাও দেওয়া হচ্ছে ‘পিলো মেনু’-যেখানে অতিথিরা নিজেদের পছন্দমতো মেমোরি ফোম বা ফেদার ডাউন বালিশ বেছে নিতে পারেন।

বালি’র কনরাড হোটেলের “এসডব্লিউএওয়াই স্লিপ থেরাপি (SWAY Sleep Therapy)”-তে অতিথিরা কোকুনের মতো হ্যামকে ঘুমের থেরাপি উপভোগ করতে পারেন।

অ্যারিজোনার ক্যাসেল হট স্প্রিংস হোটেল দিচ্ছে “সোয়াক এন্ড স্লাম্বার (Soak & Slumber)” প্যাকেজ। যেখানে স্লিপ কিট, কপার ব্রেসলেট, হারবাল স্লিপ টি ও চকলেট দিয়ে তৈরি করা হয় ঘুম-বান্ধব অভিজ্ঞতা।

এমনকি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হোয়াইট লোটাস’-এর বিখ্যাত থাইল্যান্ডের ফোর সিজনস কোহ সামুই হোটেল দিচ্ছে তারকাখচিত আকাশের নিচে লাভা শেল ম্যাসাজ আর কোকোনাট-লোটাস বাথ। যা গভীর ঘুমের আগে অতিথিদের দেবে রাজকীয় আরাম।

নিজের ঘরেই ‘স্লিপ স্টেকেশন’

কয়েকদিনের জন্য কাজের চাপ ও স্ক্রিন টাইম থেকে মুক্ত থাকুন
কয়েকদিনের জন্য কাজের চাপ ও স্ক্রিন টাইম থেকে মুক্ত থাকুন

বিদেশে উড়ে যাওয়ার সুযোগ না থাকলে নিজের ঘরেই বানাতে পারেন স্লিপ রিট্রিট।
বেডরুম আপগ্রেড করুন: ভালো মানের ম্যাট্রেস, পছন্দের বালিশ, ব্ল্যাকআউট পর্দা, সাউন্ড প্রুফিং-হোটেল মানের আরাম দিন ঘরে।

ডিজিটাল ডিটক্স: কয়েকদিনের জন্য কাজের চাপ ও স্ক্রিন টাইম থেকে মুক্ত থাকুন।

রিল্যাক্সিং রুটিন: সন্ধ্যায় হালকা যোগব্যায়াম, সাউন্ড বাথ, সুগন্ধি মোমবাতির আলোয় উষ্ণ পানির বাথ, স্পা-ফেসিয়াল কিংবা হারবাল স্লিপ টি পান করুন-যা আপনাকে দ্রুত ঘুমের দিকে টেনে নেবে।

আপনার লক্ষ্য হবে কেবল একটাই: শরীর ও মনে ঘুমের ছন্দ ফিরিয়ে আনা। কয়েক দিনের এই ‘ঘুমের ছুটি’ শুধু বিশ্রাম নয়, বরং আপনার প্রতিদিনের জীবনে নতুন শক্তি আর শান্তি এনে দেবে।

প্রযুক্তির ছোঁয়ায় নতুন মাত্রা

ভবিষ্যতে হোটেলগুলো ঘুমের মান ডেটা দিয়ে প্রমাণ করতে পারবে
ভবিষ্যতে হোটেলগুলো ঘুমের মান ডেটা দিয়ে প্রমাণ করতে পারবে

ঘুমের সমস্যা যেমন প্রযুক্তির কারণে বাড়ছে, আবার প্রযুক্তিই তৈরি করছে নিত্যনতুন সমাধান। স্মার্টবেড এখন ঘুমের মান মেপে বলে দিতে পারে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর। ভবিষ্যতে হোটেলগুলো ঘুমের মানের ডেটা দিয়ে প্রমাণ করতে পারবে তারা আসলেই “সেরা ঘুম” উপহার দিচ্ছে অতিথিদের।

কেন আপনার পরের ছুটি হতে পারে ‘স্লিপ ভ্যাকেশন’

দ্রুতগামী জীবনে মানসিক প্রশান্তি আর পর্যাপ্ত ঘুম এখন বিলাসিতার সমান। তাই যারা অবসাদ, স্ট্রেস, অনিদ্রা বা বার্ন আউট থেকে মুক্তি চান, তাদের জন্য স্লিপ টুরিজম হয়ে উঠছে এক অনন্য সমাধান। কাজের চাপ পেছনে ফেলে প্রকৃতির কোলে, বিজ্ঞান আর প্রাচীন চিকিৎসার মিশেলে ফিরে পেতে পারেন সেই কাঙ্ক্ষিত গভীর, নিরবচ্ছিন্ন ঘুম।

সূত্র: জিওগ্রাফি ম্যাগাজিন, বিবিসি ট্রাভেলস, ট্রাভেলডটকম

ছবি: পেকজেলসডটকম ও ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৪
বিজ্ঞাপন