
ছুটির দিন মানেই পরিবারের সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটানো। আবহাওয়া এখনো বেশ গরম। বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সপ্তাহান্তে খুব দূরের কোনো খোলা পর্যটনস্থলে যাওয়ার আইডিয়া বাদ দেওয়া ভালো। তবে ঢাকার আশপাশে দারুণ সব রিসোর্ট আর ডে-ট্রিপের উপযোগী জায়গা রয়েছে।

মুন্সিগঞ্জের শীলবাড়ির হেঁশেল হতে পারে এক আদর্শ গন্তব্যস্থল। এখানে সারা দিন কাটিয়ে গ্রামীণ পরিবেশে মজাদার সব খাবারদাবার উপভোগ করার ব্যবস্থা রয়েছে। বৃষ্টি থামলে ঢাকার ১০০ ফিটের মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইড বা মীরপুরের চিড়িয়াখানা রোডের বোটানিক্যাল গার্ডেনে সবুজের মেলায় ঘুরে আসতে পারেন। খুলে যাবে তা সকাল আটটায়।
সব সময় বিদেশি খাবারে মন ওঠে না। ভাত-ভর্তার আয়োজন হতে পারে ছুটির দিনে। কিন্তু ভর্তা বানানোও কম ঝক্কি নয়। তাই ধানমন্ডির ২৭ নম্বরে ভেজা ফ্রাই বা মোহাম্মদপুর, পান্থপথ, মীরপুরের বাঙালিয়ানা ভোজে চলে যেতে পারেন অনায়াসে। এখানে ডাল-ভাতের সঙ্গে নানা রকম ভর্তা মিলবে। ভেজা ফ্রাই সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা।

ভর্তা-ভাত, ডাল আর ঝুরা মুরগির মাংসের প্যাকেজ ১০০০ টাকা আর ভর্তার প্যাকেজ ৭০০ টাকায় পাওয়া যায় এখানে। বাঙালিয়ানা ভোজের ভর্তার আয়োজনও দারুণ। পকেটের ওপর চাপটাও কম পড়বে। অবশ্য এ জন্য ভিড়ও বেশি। মাত্র ১৬৯ টাকায় এগারো পদের আনলিমিটেড ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে এখানে।
কাল বিকেল পাঁচটায় ধানমন্ডি ১৫/এ–এর ছায়ানট–সংস্কৃতি ভবনে ‘প্রেম, পূজা, বিরহ ও আনন্দগানে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে গিয়ে গান ও কবিতা শুনে আসতে পারেন।

আবার গুলশানের শাহাবুদ্দিন পার্কে বিকেল পাঁচটায় বিনা মূল্যে যোগব্যায়ামের ক্লাসে যোগ দিতে পারেন। ঢাকা ফ্লোর আয়োজনে এই ক্লাসে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে৷ অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবারে।