এলিজা বিনতে এলাহীর নতুন বই দেখা অদেখা চট্টগ্রাম
শেয়ার করুন
ফলো করুন

বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনা স্টলের সামনে ১১ মার্চ বিকেলে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক শামীম আমিনুর রহমান, লেখক ও তথ্যচিত্র নির্মাতা ফরিদুর রহমান, লেখক ও গবেষক ড. আতাউর রহমান, লেখক ও গবেষক শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, লেখক-অনুবাদক ও সাংবাদিক ইশতিয়াক হাসান, পর্যটন ব্যবসায়ী সৈয়দ আবু জাফর, তথ্যচিত্র নির্মাতা এ আর এম নাসির ও কবি পিয়াস মজিদ।

এলিজা বিনতে এলাহী একজন ইতিহাসপ্রেমী পরিব্রাজক। ইতিহাস ও ঐতিহ্যনির্ভর ভ্রমণে তিনি বেশি আগ্রহী। সে জন্য ঘুরেছেন দেশ-বিদেশের ইতিহাসনির্ভর অসংখ্য জায়গা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ভ্রমণ করেছেন চট্টগ্রামের ১৬টি উপজেলা। এসব উপজেলায় অনুসন্ধান করেছেন প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্থাপনাসহ নানা ইতিহাস-ঐতিহ্য এবং বিভিন্ন জনপদের সংস্কৃতি। আর সেসবই দারুণ বর্ণনায় তুলে ধরেছেন এ বইয়ে। ফলে এ বই বাংলাদেশের ভ্রমণপ্রেমী মানুষ, গবেষক, পর্যটনশিল্পের উদ্যোক্তা বা সাধারণ পাঠকদের কাছে চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক ভ্রমণ সম্পর্কে নতুন আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করবে।

বইটিতে চট্টগ্রামের ১৬টি উপজেলাকে নিয়ে আলাদা আলাদা অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা নামও দেওয়া হয়েছে। যেমন প্রাচ্যের রানি চট্টগ্রাম, হাটহাজারী, বখশি হামিদের স্মৃতিবিজড়িত বাঁশখালী, পটিয়া ইজ দা ব্রেন বক্স অব চিটাগং, রেঙ্গুন থেকে রাঙ্গুনিয়া, হাজার বছরের চন্দনাইশ, মগের মুল্লুক রাউজান, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সাতকানিয়া, ঐতিহ্যের লোহাগাড়া, পৌরাণিক সীতাকুণ্ড, দিলাল রাজার সন্দ্বীপ, ফটিকছড়ি, লস্কর পরাগল খাঁর মীরসরাই, বোয়ালখালী, দেয়াঙ পরগনাখ্যাত আনোয়ারা এবং চট্টগ্রামের সঙ্গে জড়িয়ে আছে কর্ণফুলীর নাম। একেকটি অধ্যায়ে একেকটি উপজেলার ঐতিহ্যবাহী স্থাপনাসহ ইতিহাসসমৃদ্ধ বিষয়গুলোকে বর্ণনা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ছবি। সব মিলিয়ে পাঠকের কাছে এ বই হয়ে উঠবে চট্টগ্রামকে জানার নতুন দিগন্ত।

বিজ্ঞাপন

লেখক এলিজা বিনতে এলাহী পড়াশোনা করেছেন ঢাকা ও নেদারল্যান্ডসে। ভ্রমণ করেছেন বাংলাদেশসহ বিশ্বের ৩৬টি দেশ। তার ভ্রমণে প্রাধান্য পায় সেখানকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। তিনি নিজেকে একজন ইতিহাস অনুরাগী মনে করেন। সেই অনুরাগের জায়গা থেকেই কাজ করছেন বাংলাদেশে হেরিটেজ টুরিজম বিকাশে। ‘দেখা অদেখা চট্টগ্রাম : একটি ঐতিহ্য সফরনামা’ ছাড়াও তার এখন পর্যন্ত ভ্রমণ বই প্রকাশিত হয়েছে চারটি। এ ছাড়া রয়েছে দুটি সাক্ষাৎকার বই ‘হাসনাত আবদুল হাই-এর সঙ্গে কিছুক্ষণ’ ও ‘শামীম আজিমুর রহমান-এর ঐতিহ্যগাথা’। ভ্রমণ বিষয়ে নিয়মিত লেখলেখিও করছেন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে।

ভ্রমণ ও লেখালেখির পাশাপাশি তিনি গবেষণানির্ভর ভ্রমণ তথ্যচিত্র নির্মাণ করেন। বাংলাদেশের পর্যটনশিল্প তথা হেরিটেজ টুরিজম বিকাশে কাজ করার জন্য পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কার। এ ছাড়া তিনি ‘লীলাবতী নাগ : দা রেবেল’ প্রামাণ্যচিত্র নির্মাণ করার জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩।
দেখা অদেখা চট্টগ্রাম: একটি ঐতিহ্য সফরনামা বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। ৪১৫ পৃষ্ঠার এ বইয়ের দাম ১ হাজার ৬০০ টাকা।

ছবি: গাজী মুনছুর আজিজ

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১: ৫৬
বিজ্ঞাপন