৭ দিনের ঈদের ছুটিতে ঢাকা ও আশেপাশের ৭টি সুন্দর ডে-আউট ডেস্টিনেশন
শেয়ার করুন
ফলো করুন

ঈদে ৭দিনের লম্বা ছুটিতে কোথায় যাচ্ছেন?  শহরের কাছেই এমন কিছু জায়গা আছে যেখানে আপনি পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। ঢাকার কাছাকাছি এই ৭টি সুন্দর ডে-আউট ডেস্টিনেশন আপনার ঈদের ছুটিকে করবে আরও বিশেষ।

বিজ্ঞাপন

শেফস টেবিল কোর্টসাইড, মাদানী এভিনিউ

ঈদের প্রথম দিনে বিকেলে আপনি শহরের ব্যস্ততা ছেড়ে শেফস টেবিল কোর্টসাইড ঘুরে আসতে পারেন। ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউতে অবস্থিত এই স্পেসটি খাবারপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। ১ লাখ ৮০ হাজার বর্গফুট জায়গায় শিশুদের জন্য আছে মিনি জাঙ্গলের ট্রি হাউস, স্যান্ড-পিট, এয়ারপ্লেন, পাইরেট শিপসহ নানা আউটডোর অ্যাক্টিভিটি এবং ইনডোর প্লে জোন।

বিজ্ঞাপন

জিন্দা পার্ক

ঈদের দ্বিতীয় দিনে ৩০০ ফিট সড়কের জিন্দা পার্কে বেড়ানো যেতে পারে। ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই সবুজ স্পটটি পিকনিক বা ডে আউটের জন্য আদর্শ। নিরাপদ, পরিচ্ছন্ন এবং  নান্দনিক গ্রাম্য পরিবেশের কারণে এখানে শিশু থেকে বড় সকলেই সময় কাটাতে পারে। প্রবেশমূল্য জনপ্রতি ১৫০ টাকা, শিশুদের জন্য ৫০ টাকা।

উদয়পুর, বেরাইদ, বাড্ডা

ঈদের তৃতীয় দিনে গুলশানের কাছাকাছি উদয়পুর আপনাকে এনে দেবে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা। বিশাল সবুজ মাঠ, শান্ত জলাধার, খোলা আকাশ আর সাজানো ল্যান্ডস্কেপ—সব মিলিয়ে এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ ডেস্টিনেশন। এখানে রয়েছে ক্যান্ডেল লাইট ডিনার, ছোটখাটো আয়োজন ও সুস্বাদু খাবারের ব্যবস্থা।

এয়ার ফোর্স বেসক্যাম্প, আগারগাঁও

ঢাকার ভেতরেই অ্যাডভেঞ্চার উপভোগ করতে চাইলে এয়ার ফোর্স বেসক্যাম্পএক অনন্য স্থান। ট্রি–টপ অ্যাক্টিভিটি, ক্লাইম্বিং ওয়াল, জিপ লাইনিং, ক্যাম্পিং টেন্ট, ইয়োগা ও মেডিটেশন সেন্টারসহ নানা কার্যক্রম রয়েছে। শিশুদের জন্য আলাদা প্লে জোন ও আর্চারির ব্যবস্থা। প্যাকেজ মূল্য ৪০০ টাকা থেকে শুরু। মেট্রোরেল দিয়ে সহজেই এখানে পৌঁছানো যায়।

মাওয়া ফেরিঘাট, মুন্সীগঞ্জ

ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া ঘাট নদীর ধারে রোমাঞ্চকর রোড ট্রিপের জন্য আদর্শ। তাজা ইলিশ ভাজা, ভর্তা আর গরম ভাতের স্বাদ উপভোগ করতে এখানে যেতে পারেন। পদ্মার হাওয়া আর নদীর দৃশ্য দেয় অনন্য অভিজ্ঞতা। মাছপ্রেমীদের জন্য এটা স্বর্গই বলা যায়।

পানাম নগর, সোনারগাঁও

ইতিহাসপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য পানাম নগর; ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে এর অবস্থান। এক সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র আজও অতীত গৌরবের সাক্ষী। পুরোনো স্থাপত্যশৈলী, নির্জন রাস্তা আর সময়ের ছাপ পড়া দেয়াল— সব মিলিয়ে এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।

ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর

ঢাকার প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান প্রাকৃতিক সবুজ পরিবেশে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ। উঁচু শালগাছ, শান্ত বনাঞ্চল এবং বিশাল খোলা জায়গা— সব মিলিয়ে সপ্তাহান্তে বা ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি নিখুঁত।

এই সাতটি গন্তব্যের কোন একটাতে গিয়েই আপনি ঈদের ছুটিকে উপভোগ্য, রোমাঞ্চক ও স্মরণীয় করে তুলতে পারবেন। পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে প্রকৃতি, ইতিহাস, অ্যাডভেঞ্চার ও সুস্বাদু খাবারের এক অনন্য সংমিশ্রণ এখানে পাবেন।

ছবি: ফেসবুক পেজ, উইকিপিডিয়া ও লেখক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৫: ০০
বিজ্ঞাপন