ভ্রমণে গিয়ে যা করছেন এসময়ের তরুণরা, আপনিও গা ভাসাতে পারেন এই ট্রেন্ডে
শেয়ার করুন
ফলো করুন

ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নিজের ভেতরে নতুন কিছু খুঁজে পাওয়া। আজকের প্রজন্ম সেই ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ‘হবিম্যাক্সিং’, ‘সাইড কোয়েস্ট’ কিংবা ‘ফানম্যাক্সিং’-এর মতো ট্রেন্ডের মাধ্যমে। ক্লান্তিকর দৈনন্দিন জীবনের বাইরে গিয়ে তারা ভ্রমণকে দেখছে শেখা, তৈরি করা এবং নিজেকে বদলে নেওয়ার এক সুযোগ হিসেবে।

স্মৃতির ভেতর বেঁচে থাকা অভিজ্ঞতা

অনেক সময় শুধু বিলাসবহুল ট্রিপ নয়, বরং খুব সাধারণ একটি ভ্রমণের অভিজ্ঞতাই হয়ে ওঠে জীবনের সেরা স্মৃতি। শহুরে জীবনে অভ্যস্ত একজন মানুষের জন্য গ্রামের প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানো—পাতা-ফুল–ফল সংগ্রহ, গরু দুধ দোহন করা কিংবা নিজের হাতে মাছ ধরা। এসব অভিজ্ঞতা শুধু ক্ষনিকের আনন্দ দেয় না, বরং দীর্ঘদিন থেকে যায় মনের গভীরে। ব্যস্ত শহরের যানজট, দূষণ আর স্ক্রিন-ভর্তি জীবনের ক্লান্তির মাঝে এই স্মৃতিগুলোই হয়ে ওঠে এক ধরনের মানসিক আশ্রয়।

ভ্রমণ যখন শেখার জায়গা

এখন অনেকেই বিশেষভাবে এসময়ের তরুনেরা ভ্রমণে গিয়ে শুধু ঘোরাঘুরি নয়, বরং নতুন কোনো দক্ষতা শেখার দিকে মন দিচ্ছেন। কেউ জার্নালিং করেন, কেউ ছবি আঁকেন, কেউ আবার প্রকৃতির মাঝে বসে কবিতা লেখেন। এই ধরনের অভ্যাসগুলো ভ্রমণকে আরও গভীর করে তোলে। একটি সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আর সেটিকে নিজের হাতে আঁকা বা লিখে রাখার অভিজ্ঞতা—দুটির মধ্যে পার্থক্য বিশাল।

এই প্রবণতায় আবার ফিরে আসছে হাতে-কলমে কাজের প্রতি আগ্রহ। ডিজিটাল ছবি তোলার বদলে অনেকেই এখন ভ্রমণের স্মৃতি ধরে রাখছেন কাগজে—জাঙ্ক জার্নাল, স্কেচবুক কিংবা ছোট ছোট নোটে। ফলে একটি জায়গা শুধু ছবিতে নয়, তার টেক্সচার, গন্ধ আর অনুভূতিসহ সংরক্ষিত হচ্ছে।

বিজ্ঞাপন

প্রকৃতির সঙ্গে নতুন সংযোগ

প্রকৃতির কাছাকাছি যাওয়ার ইচ্ছাও এই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তুলছে। ফরেজিং—অর্থাৎ বনে-জঙ্গলে ঘুরে নিজে নতুন কিছু খুঁজে বের করা—এখন অনেকের শখে পরিণত হয়েছে। বৃষ্টির দিনে বুনো মাশরুম খোঁজা কিংবা নদীর ধারে পাথর সাজিয়ে ব্যালান্স করা—এগুলো শুধু সময় কাটানোর উপায় নয়, বরং মনোযোগ, ধৈর্য আর সংযোগের এক অনন্য অভিজ্ঞতা।

রক ব্যালান্সিংয়ের মতো ধৈর্যের খেলাও অনেকের কাছে ধ্যানের মতো কাজ করে। একটি পাথর আরেকটির ওপর নিখুঁতভাবে বসাতে পারার মুহূর্তে যে তৃপ্তি, তা অনেক সময় বড় কোনো অর্জনের চেয়েও গভীর।

নতুন প্রজন্মের ভ্রমণ ভাবনা

১৮ থেকে ৩৫ বছর বয়সী ভ্রমণপ্রেমীদের মধ্যে এই ‘প্যাশন ট্রাভেল’ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তারা আর শুধু তালিকা ধরে জায়গা ঘোরা বা হোটেলে বসে সময় কাটাতে আগ্রহী নয়। বরং তারা চান কোনো জায়গার সংস্কৃতি, পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে মিশে যেতে—এমনভাবে, যাতে সেই অভিজ্ঞতার একটা অংশ তাদের ভেতরেও থেকে যায়।

এই চাহিদাকে সামনে রেখে বিভিন্ন ট্রাভেল প্ল্যাটফর্মও আয়োজন করছে ভিন্নধর্মী কার্যক্রম—কোথাও কফি বানানো শেখানো হচ্ছে, কোথাও চপস্টিক তৈরি, আবার কোথাও সুগন্ধি তৈরির অভিজ্ঞতা। প্রতিটি জায়গাই যেন নতুন কিছু শেখার এক একটি সুযোগ।

অসম্পূর্ণতাতেই আনন্দ

নতুন কিছু শেখা সবসময় সহজ হয় না। কখনো মাটির কাজ ভেঙে যায়, কখনো সূচিকর্ম ঠিকমতো হয় না, কখনো পাথর স্থির থাকে না। কিন্তু এই ব্যর্থতাগুলোই আসলে ভ্রমণকে আরও বাস্তব আর অর্থবহ করে তোলে।

আজকের সহজলভ্যতার যুগে নিজের চেষ্টায় কিছু শেখা, ভুল করা এবং আবার চেষ্টা করা—এটাই হয়ে উঠছে এক ধরনের সাহসিকতা। আর সেই সাহসই ভ্রমণকে শুধু একটি সফর নয়, বরং জীবনের এক নতুন অধ্যায়ে পরিণত করছে।

শেষ পর্যন্ত, ভ্রমণ থেকে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি নিয়ে ফেরা যায়, তা কোনো স্মারক নয়—বরং একটি নতুন অভ্যাস, একটি নতুন দক্ষতা, কিংবা নিজের ভেতরে জন্ম নেওয়া নতুন এক কৌতূহল।

সূত্র: ভোগ ইউকে

ছবি: এআই

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১: ৫৩
বিজ্ঞাপন