
রমজানের সন্ধ্যা মানেই আধ্যাত্মিকতার পাশাপাশি স্বাদের উৎসব। আর সেই উৎসব যদি হয় পাঁচতারকা আয়োজনে, তবে অভিজ্ঞতাটাও হয়ে ওঠে ভিন্নমাত্রিক। রাজধানীর ঐতিহ্যবাহী পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এ বছর আয়োজন করেছে আড়ম্বরপূর্ণ বুফে ইফতার, ডিনার ও সেহরি—যেখানে এক ছাদের নিচে মিলবে মধ্যপ্রাচ্য থেকে দেশীয় ঐতিহ্যের ২৫০টিরও বেশি পদ।

এলিমেন্টসে স্বাদের বিশ্বভ্রমণ
হোটেলের জনপ্রিয় এলিমেন্টস গ্লোবাল ডাইনিং রেস্টুরেন্টে প্রতিদিন সাজানো হচ্ছে এই বিশাল বুফে। জনপ্রতি মূল্য ১০ হাজার ৫০০ টাকা। তবে নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’, ‘বাই ওয়ান গেট টু’ এমনকি ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার—যা অনেক অতিথির জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ জামশেদ জানান, এবারের মেন্যুতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন আইটেম। ইন-হাউজ কিচেনে প্রস্তুত কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে লাইভ স্টেশনে পরিবেশিত হোল রোস্টেড ল্যাম্ব। সবকিছুতেই রয়েছে যত্নের ছাপ।
লাইভ স্টেশন ও বিশেষ আকর্ষণ

বুফের লাইভ কাউন্টারগুলো যেন চোখে দেখার মতো। হোল রোস্টেড ল্যাম্ব, গ্রিলড বাটারফ্লাই জাম্বো প্রন, তিন ধরনের হালিম—চিকেন, বিফ ও মাটন। সঙ্গে কাবাব, ভাজাপোড়া, পিৎজা-পাস্তা, ভেজিটেবল ও চিজ সেকশন।

মধ্যপ্রাচ্যের স্বাদে থাকছে অ্যারাবিয়ান ল্যাম্ব ওজি, ইজিপশিয়ান ল্যাম্ব কোফতা, মরোক্কান চিকেন টেগিন, লেবানিজ শিস তাউক ও ইরানিয়ান ফিশ কাবাব। দেশীয় পদের তালিকায় কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি, শাহি মাটন হালিম, নেহারি ও বিফ তেহারি।
ডেজার্ট কর্নারে লাইভ জিলাপি স্টেশন যেন ইফতারের আনন্দকে দ্বিগুণ করে দেয়। সঙ্গে রয়েছে বাকলাভা, বাসবুসা ও কুনাফা। ড্রিংকস সেকশনে ১২–১৩ ধরনের জুস, স্মুদি, লাচ্ছি ও ইনফিউজড ওয়াটার। বিভিন্ন প্রকার খেজুর ও লাইভ বারবিকিউ কাউন্টার আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত।

নিয়মিত অতিথি নাজমুল হক জানান, দাম বেশি হলেও খাবারের বৈচিত্র্য ও মানের জন্য অভিজ্ঞতাটা আলাদা। বিশেষ করে হোল রোস্টেড ল্যাম্ব ও মাটন হালিম তাঁর প্রিয়। অন্যদিকে গৃহিণী সামিয়া রহমানের পছন্দ দেশীয় পদ—কাচ্চি ও নেহারি।
ঘরে বসেও পাঁচতারকা স্বাদ
যারা বাইরে যেতে চান না, তাঁদের জন্য রয়েছে চার ধরনের লাক্সারি ইফতার বক্স—অ্যাম্বার, ক্রিস্টাল, পার্ল ও রুবি। মূল্য ৬ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকার মধ্যে, দুই থেকে চারজনের জন্য উপযোগী। এছাড়া টেক-অ্যাওয়ে হিসেবে পাওয়া যাচ্ছে জিলাপি, গুড়ের সন্দেশ, মেদজুল খেজুর, প্রন টেম্পুরা, ল্যাম্ব শ্যাঙ্ক, বাকলাভা, কুনাফা ও বাসবুসা।


সেহরিতেও বিশেষ আয়োজন
মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিশেষ বুফে সেহরির আয়োজন করা হয়েছে, জনপ্রতি মূল্য ৭ হাজার টাকা। পুরো রমজানজুড়ে এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক ও ভিসা বাংলাদেশ।
সব মিলিয়ে বলা যায়, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এবারের রমজান আয়োজন শুধু ইফতার নয়—এটি এক আভিজাত্যপূর্ণ গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা। যেখানে ঐতিহ্য, আন্তর্জাতিক স্বাদ ও বিলাস একসঙ্গে ধরা দিয়েছে রমজানের পবিত্র আবহে।