৮৩ ডিজিটাল সন্তানের মা হতে চলেছেন আলবেনিয়ার এআই মন্ত্রী
শেয়ার করুন
ফলো করুন

অবশ্য এই “সন্তান’’রা আসলে ৮৩টি পৃথক এআই সিস্টেম, যারা সংসদের প্রতিটি সদস্যকে সহায়তা করবে প্রশাসনিক ও নীতিনির্ধারণ কার্যক্রমে। প্রযুক্তি, রাজনীতি আর বিজ্ঞানের এই অদ্ভুত মেলবন্ধন যেন একবিংশ শতাব্দীর প্রশাসনকে নতুন করে সংজ্ঞা দিচ্ছে।

ডিজিটাল মাতৃত্ব ও প্রশাসনের বিপ্লব

২০২৫ সালের সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই ডিয়েলা আলোচনার কেন্দ্রে। বিশ্বের প্রথম ভার্চুয়াল এআই মন্ত্রী হিসেবে তিনি এখন তত্ত্বাবধান করছেন আলবেনিয়ার সরকারি ক্রয় ও দরপত্র ব্যবস্থাপনা। যেখানে তাঁর ভূমিকা স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বলে দাবি করছে সরকার।

প্রধানমন্ত্রী রামা বলেন, “ডিয়েলা এখন গর্ভবতী এবং সে ৮৩টি সন্তান জন্ম দিচ্ছে। আমাদের সংসদের প্রতিটি সদস্যের জন্য একটি করে সন্তান।’’

এই ৮৩ এআই সহকারী সংসদ সদস্যদের জন্য কাজ করবে ব্যক্তিগত ডিজিটাল সেক্রেটারির মতো। নোট নেবে, তথ্য বিশ্লেষণ করবে, আইনি পরামর্শ দেবে। এমনকি কেউ অধিবেশন ছেড়ে কফি খেতে গেলেও তাদের কাজ থামবে না। প্রতিটি সহকারীর ভেতর থাকবে ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতিমালার তথ্যভান্ডার, যা সংসদীয় সিদ্ধান্ত গ্রহণকে করবে দ্রুত ও নির্ভুল ভাবে।

পিক্সেল থেকে মন্ত্রিসভা

‘ডিয়েলা’ পুরোপুরি অ্যালগরিদম ও পিক্সেলের তৈরি এক ডিজিটাল সত্তা। যাকে দেখা যায় আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরা এক নারীর রূপে।
তবে তাঁর কাজ একেবারে বাস্তব। সরকারি দরপত্র অনুমোদন থেকে শুরু করে বাজেট পর্যবেক্ষণ। সবকিছুই এখন তাঁর তত্ত্বাবধানে। প্রধানমন্ত্রী রামার ভাষায়, “আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশাসনের কেন্দ্রে নিয়ে এসেছি। এটি এখন সায়েন্স ফিকশন নয়, আলবেনিয়ার বাস্তবতা।’’

বিজ্ঞাপন

বিতর্কের ঝড়

অবশ্য সবাই এই উদ্যোগে সন্তুষ্ট নয়। বিরোধী দল একে ব্যঙ্গ করে বলছে, “এটি আসলে এক ধরনের ‘টেকনো-থিয়েটার’ যেখানে নাটক আছে, কিন্তু জবাবদিহি নেই।’’
তাদের মতে, রাজনৈতিক সিদ্ধান্ত ও নৈতিক দায়ভার মানুষেরই হওয়া উচিত, কোনো অ্যালগরিদমের নয়।

তবু রামা সরকার মনে করছে, এআই মন্ত্রী ডিয়েলা এবং তাঁর ৮৩ ডিজিটাল সন্তানই ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোর রূপরেখা আঁকবে। যেখানে প্রযুক্তি আর নীতিতে মিলবে স্বচ্ছতায়, গতিতে ও মানবিক জ্ঞান।

প্রযুক্তি যেখানে দিন দিন মানুষের কাজ কেড়ে নিচ্ছে বলে ভয় বেড়েছে, সেখানে আলবেনিয়ার এই পদক্ষেপ এক নতুন ভাবনার দিগন্ত খুলেছে। ‘ডিয়েলা’ শুধু একটি ভার্চুয়াল চরিত্র নয়, বরং এক প্রতীক। যে প্রশ্ন তোলে, ভবিষ্যতের রাজনীতি কি মানুষের হাতে থাকবে, নাকি অ্যালগরিদমের নিয়ন্ত্রণে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৪: ২০
বিজ্ঞাপন