
কোন সময়ের কী যে এখন সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে উঠে যায়, তা কেউ জানে না। তবে মাঝে মাঝে বহু আগের কোনো গল্প, ভিডিও বা কথা এখনকার জীবনের সঙ্গে এত মিলে যায় যে তা শুধু প্রাসঙ্গিক না, বরঞ্চ ভাইরাল হয়। এই ২০২৬ এ এসে খুব সম্প্রতি তেমনই একটি ভাইরাল ভিডিওতে একটি নিঃসঙ্গ পেঙ্গুইনকে বরফে ঢাকা প্রতিকূল আবহাওয়ায় দলছুট হয়ে আচমকা উলটো পথে পাহাড়ের দিকে দিকে হাঁটতে দেখা যায়। ইন্টারনেটে একে নাম দেওয়া হয়েছে 'নিহিলিস্ট পেঙ্গুইন'।

এটি অনেকের কাছে বার্নআউট, নীরব বিদ্রোহ এবং জীবনের প্রতি হতাশার প্রতীক হয়ে উঠেছে, যার অসঙ্গে অনেকেই এখন নিজেকে মেলাচ্ছেন। এজন্যই তা এতটা ভাইরাল এই ১৫ বছর পরে এসে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো দার্শনিক সংকট নয়—বরং দিকভ্রান্ত হওয়া, অসুস্থতা বা প্রবৃত্তিগত ভুলের ফল হতে পারে। পেঙ্গুইনের ক্ষেত্রে এমন ঘটনা বিরল হলেও নথিভুক্ত আছে। তবে নেটিজেনরা নানা মিম ও ন্যারেটিভ তৈরি করে পেঙ্গুইনটির মাঝে নিজেকে খুঁজছেন।
ভাইরাল পেঙ্গুইন ভিডিওতে আসলে কী ঘটছে
এই ফুটেজটি এসেছে জার্মান নির্মাতা ভার্নার হার্জগের ২০০৭ সালের তথ্যচিত্র এনকাউন্টারস অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড থেকে। সেখানে দেখা যায়, দলের সঙ্গে চলতে থাকা একটি অ্যাডেলি পেঙ্গুইন হঠাৎ তার কলোনি ছেড়ে প্রায় ৭০ কিলোমিটার ভেতরের দিকে, দূরের পাহাড়ের দিকে একাই হাঁটতে শুরু করে। অন্য পেঙ্গুইনরা সাধারণত খাবার ও বেঁচে থাকার জন্য সমুদ্রের কাছেই থাকে। কিন্তু এই পেঙ্গুইনটি যেন একা অজানার পথে রওনা দিয়েছে।
সামনে কোনো সমুদ্র নেই, খাবার নেই—শুধু বরফ, তুষার আর পাহাড়। মৃত্যযাত্রাও বলা যায় তাই তার এই পদক্ষেপকে। তবে পেঙ্গুইনটিকে একেবারেই হতাশাগ্রস্ত লাগছে না। সে বেশ প্রত্যয় নিয়েই হেঁটে চলেছে অজানা গন্তব্যের দিকে। অথবা গৃহত্যাগী এই পেঙ্গুইন হয়তো এমন কিছু জানে যা আমরা জানি না। এমন সব কারণেই ভিডিওটি অস্বস্তিকর হলেও অদ্ভুতভাবে অনেকের কাছে নিজের মতো মনে হয়।
কেন নিহিলিস্ট পেঙ্গুইন ভাইরাল হলো
ইন্টারনেট প্রতীক বা সিম্বলিজম ভালোবাসে, আর এই পেঙ্গুইন হয়ে উঠেছে একেবারে নিখুঁত এক প্রতীক, যার সঙ্গে অনেক দৃষ্টিভঙ্গী থেকে নিজেকে মেলাতে পারছেন অনেকেই। ।এই ডকুমেন্টারির একটি অংশ পেঙ্গুইন, ডিপ্রেসড নামে ভাইরাল হয়েছে এখন। মানুষ এই ভিডিওতে নানা ক্যাপশন যোগ করেছে, যেমন—
“যখন সবকিছু থেকে তোমার মন উঠে যায়।”
“ও এমন কিছু জানে, যা আমরা জানি না।”
“আমি আমার সমস্যাগুলো থেকে হেঁটে চলে যাচ্ছি।”
‘নিহিলিস্ট পেঙ্গুইন’নামটি জনপ্রিয় হয় কারণ পেঙ্গুইনটির হাঁটা দেখে মনে হয় সে ইচ্ছাকৃত, শান্ত এবং দার্শনিক ভঙ্গিতে এগোচ্ছে—যেন জীবনের সব অর্থই ছেড়ে দিয়েছে। স্ট্রেস, বার্নআউট আর অতিরিক্ত চিন্তায় ভরা এই দুনিয়ায় অনেকেই সেই একাকী, ধীরগতির হাঁটার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন।

বিজ্ঞান কী বলছে পেঙ্গুইনের আচরণ নিয়ে
সব মিমের আড়ালে বিজ্ঞান বলছে—এখানে কোনো দর্শন নেই। গবেষক ও বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এটি বিরল হলেও অজানা নয়। সম্ভাব্য কারণগুলো হলো:
দিকভ্রান্ত হওয়া: পেঙ্গুইন পরিবেশগত সংকেতের ওপর নির্ভর করে; কোনো বিঘ্ন হলে তারা দিক হারাতে পারে।
স্নায়বিক সমস্যা বা অসুস্থতা: স্বাস্থ্যগত সমস্যার কারণে তারা এলোমেলোভাবে ঘুরে বেড়াতে পারে।
প্রজনন মৌসুমে চাপ বা বিভ্রান্তি
প্রবৃত্তিগত ভুল: প্রাণীরা সবসময় বেঁচে থাকার জন্য সঠিক সিদ্ধান্ত নেয় না।
ভার্নার হার্জগ নিজেই এই আচরণকে ডেথ মার্চ বা মৃত্যু-যাত্রা বলেছেন, কারণ ভেতরের দিকে গেলে পেঙ্গুইনটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
মিম বনাম বাস্তবতা
বিজ্ঞান ব্যাখ্যা দেয় কোনো একটি ঘটনা কীভাবে হলো, আর ইন্টারনেট ব্যাখ্যা দেয় তা কেন হয়েছে। অন্তত আবেগের দিক থেকে তা সত্যি। আসলে এই পেঙ্গুইন হয়ে উঠেছে প্রতীক: কিন্তু কীসের? উত্তর নানামুখী:
জীবনে পথ হারিয়ে ফেলার
প্রত্যাশা থেকে সরে যাওয়ার
নীরব বিদ্রোহের
অস্তিত্বগত ক্লান্তির

এটি জীববিজ্ঞানের চেয়ে বেশি মানুষের অনুভূতির প্রতিফলন হয়ে উঠেছে। আমরা অর্থ খুঁজি, তাই অর্থ তৈরি করি। আর এ কারণেই মিমটি এত ভালো কাজ করেছে। অদ্ভুতভাবে, এই পেঙ্গুইন আধুনিক জীবনকে প্রতিফলিত করে। সবাই দ্রুত ছুটছে, রুটিন মেনে চলছে—আর হঠাৎ একজন আছে, যে শুধু হেঁটে চলে যাচ্ছে। সাহসের জন্য নয়, খ্যাতির লোভে নয়। এর কারণ হচ্ছে, অনেক সময় জীবন অর্থহীন লাগে। এই অনুভূতিটি এখন খুব কমন আমাদের মাঝে। তাই নিহিলিস্ট পেঙ্গুইন এত রিলেটেবল আমাদের কাছে। আর সেই কারণেই পেঙ্গুইনটি ভুলে যাওয়ার মতো নয়। এই পেঙ্গুইন কোনো দার্শনিক বা বিদ্রোহী নয়। সে শুধু বিভ্রান্ত প্রবৃত্তির অনুসরণ করা এক প্রাণী। কিন্তু ইন্টারনেট তাকে আধুনিক আবেগের প্রতীকে পরিণত করেছে। আর হয়তো এতে পেঙ্গুইনের চেয়ে আমাদের কথাই বেশি বলা হচ্ছে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
ছবি: ইন্সটাগ্রাম