নিউইয়র্কে মামদানি ‘লুক-অ্যালাইক’ কন্টেস্টে শত শত মানুষের ভিড়, কে জিতলেন এই অভিনব প্রতিযোগিতা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক 

জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউয়র্ক নগরের মেয়রের জনপ্রিয়তার তুলনা হয়না। সর্বস্তরের মানুষের কাছে তিনি নিজের মানুষ হয়ে উঠেছেন। সবসময় থাকছেন আলোচনায়। সম্প্রতি তাঁর জনপ্রিয়তার এক অভিনব নিদর্শন দেখা গেল, যা এখন রীতিমতো ভাইরাল।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে কার মিল সবচেয়ে বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোববার, ৩০ আগস্ট নিউইয়র্ক শহরের ওয়াশিংটন স্কয়ার পার্কের কাছে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। সেখানে আয়োজিত হয় জোহরান মামদানি লুক-অ্যালাইক প্রতিযোগিতা। নয়জন প্রতিযোগী অংশ নেন ব্যতিক্রমী এই আয়োজনে। বিজয়ীর জন্য ছিল ১০০ ডলারের প্রতীকী পুরস্কার।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ সন্ডার–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় মূল আকর্ষণ ছিল মামদানির চেহারার পাশাপাশি তাঁর পোশাক, চুলের ছাঁট, দাড়ি-গোঁফ ও অঙ্গভঙ্গি অনুকরণ। ২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব নেওয়া এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রাজনীতিকের স্বতন্ত্র স্টাইলও তাই উঠে আসে প্রতিযোগীদের সাজপোশাকে।

মূল আকর্ষণ ছিল মামদানির চেহারার পাশাপাশি তাঁর পোশাক, চুলের ছাঁট, দাড়ি-গোঁফ ও অঙ্গভঙ্গি অনুকরণ
মূল আকর্ষণ ছিল মামদানির চেহারার পাশাপাশি তাঁর পোশাক, চুলের ছাঁট, দাড়ি-গোঁফ ও অঙ্গভঙ্গি অনুকরণ
বিজয়ী হন ৪০ বছর বয়সী কৌতুকশিল্পী ও অভিনেতা আমাদেও ফুসকা
বিজয়ী হন ৪০ বছর বয়সী কৌতুকশিল্পী ও অভিনেতা আমাদেও ফুসকা

বিজয়ী আমাদেও

শেষ পর্যন্ত সবার নজর কাড়েন ৪০ বছর বয়সী কৌতুকশিল্পী ও অভিনেতা আমাদেও ফুসকা। মামদানির চেহারার সঙ্গে সাদৃশ্য তৈরি করতে তিনি বেছে নেন বেশ কিছু চেনা উপাদান। স্যুটের নিচে পরেছিলেন নিউইয়র্ক নিকসের জার্সি, মাথার চুলের ছাঁট করেছিলেন মামদানির মতো করে। মুখের দাড়ি-গোঁফ এবং অঙ্গভঙ্গিতেও ছিল মামদানিকে নকল করার চেষ্টা। তবে শুধু চেহারার মিল নয়, দর্শকদের মন জয় করতে তাঁর আত্মবিশ্বাসী উপস্থাপনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত বিপুল করতালির মাধ্যমে তাঁকেই বিজয়ী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পোশাকে মামদানির ছাপ

প্রতিযোগীদের পোশাকেও ছিল মামদানির স্বাক্ষরধর্মী স্টাইলের ছাপ। কেউ পরেছিলেন গাঢ় রঙের স্যুট, কারও হাতে ছিল রুপার আংটি। লাল-কালো নকশার টাই এবং মামদানি ২০২৫ সালের নির্বাচনী প্রচারে যে বাদামি স্যুট পরেছিলেন, সেটিও অনুকরণ করেছেন একজন প্রতিযোগী। এর মধ্যে একজনের সাজ ছিল সবচেয়ে অপ্রত্যাশিত। তিনি খালি গায়ে শুধু একটি অ্যাপ্রন পরে হাজির হন। এর মাধ্যমে মামদানির ২০১৯ সালের একটি র‍্যাপ মিউজিক ভিডিওর প্রতি ইঙ্গিত করা হয়।

প্রতিযোগীদের বিচার করার জন্য ছিল না কোনো পেশাদার জুরি। তাঁদের ভাগ্য নির্ধারণ করেন উপস্থিত দর্শকেরাই
প্রতিযোগীদের বিচার করার জন্য ছিল না কোনো পেশাদার জুরি। তাঁদের ভাগ্য নির্ধারণ করেন উপস্থিত দর্শকেরাই

প্রিয় পিৎজা কোনটি?

এ প্রতিযোগিতার নিয়মও ছিল বেশ মজার। প্রতিযোগীদের বিচার করার জন্য ছিল না কোনো পেশাদার জুরি। তাঁদের ভাগ্য নির্ধারণ করেন উপস্থিত দর্শকেরাই—করতালির জোরে। প্রতিযোগীদের মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়: তাঁদের প্রিয় পিৎজা কোনটি? সেই উত্তর এবং তাঁদের সামগ্রিক উপস্থাপনার পর দর্শকদের করতালিই ঠিক করে দেয় কে সবচেয়ে বেশি মামদানির মতো।

পার্ক থেকে বাইরে

আয়োজনটি শুরুতে ওয়াশিংটন স্কয়ার পার্কের ভেতরে হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকদের কাছে আনুষ্ঠানিক জমায়েতের অনুমতি না থাকায় নিউইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডি উপস্থিত জনতাকে পার্কের সীমানার বাইরে সরিয়ে নেয়। এরপর পার্কের ঠিক বাইরেই প্রতিযোগিতা চালিয়ে যাওয়া হয়।

পার্কের ঠিক বাইরেই প্রতিযোগিতা চালিয়ে যাওয়া হয় শত শত দর্শকের উপস্থিতিতে
পার্কের ঠিক বাইরেই প্রতিযোগিতা চালিয়ে যাওয়া হয় শত শত দর্শকের উপস্থিতিতে

মামদানিকে ঘিরে নতুন ‘লুক-অ্যালাইক’ উন্মাদনা

নিউইয়র্কে তারকা বা রাজনীতিকদের মতো দেখতে ব্যক্তিদের নিয়ে এমন প্রতিযোগিতা নতুন নয়। সাম্প্রতিক সময়ে শহরে একের পর এক ভাইরাল ‘লুক-অ্যালাইক’ প্রতিযোগিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মামদানিকে নকল করে এমন ব্যক্তিদের নিয়ে এটিই অবশ্য প্রথম আয়োজন নয়। ২০২৫ সালে তাঁর নির্বাচনী প্রচারের সময় ব্রুকলিনে ছোট পরিসরে এমন একটি আয়োজন হয়েছিল। এবার অংশগ্রহণকারী ও দর্শকের সংখ্যা দুটোই ছিল বেশি।

মামদানি নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত স্টাইলও আলোচনায় এসেছে। পোশাক, চুলের ছাঁট, দাড়ি-গোঁফ কিংবা কথাবলার ভঙ্গি—সব মিলিয়ে তাঁর একটি আলাদা জনপরিচিতি তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তারই মজার প্রতিফলন দেখা গেল এই লুক-অ্যালাইক প্রতিযোগিতায়।

মামদানির তুমুল জনপ্রিয়তারই মজার প্রতিফলন দেখা গেল এই লুক-অ্যালাইক প্রতিযোগিতায়
মামদানির তুমুল জনপ্রিয়তারই মজার প্রতিফলন দেখা গেল এই লুক-অ্যালাইক প্রতিযোগিতায়

একজন রাজনীতিককে ঘিরে এমন আয়োজন হয়তো নিছক মজা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কোনো ব্যক্তিত্বের জনপ্রিয়তা যে কীভাবে নতুন ধরনের সংস্কৃতি ও বিনোদনের জন্ম দিতে পারে, মামদানির ‘লুক-অ্যালাইক’ প্রতিযোগিতা তারই আরেকটি উদাহরণ।

সূত্র: রয়টার্স, এনবিসি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৯
বিজ্ঞাপন