
শীতকাল মানেই কেবল তাপমাত্রা কমে যাওয়া নয়, বরং ভাইরাস ও জ্বরের সম্ভাবনাও বেড়ে যায়। তাই এই মৌসুমে নিজের স্বাস্থ্য রক্ষা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ইউনিভার্সিটি অব নেব্রাসকা লিংকন হেলথ সেন্টারের মতে কিছু সহজ এবং কার্যকর অভ্যাস এই শীতে আপনাকে রাখতে পারে সুস্থ।

কাশি বা হাঁচি দেওয়ার সময় অবশ্যই মুখ ও নাক ঢেকে রাখুন। টিস্যু না থাকলে, কনুই বা হাতের উল্টোপিঠে ব্যবহার করুন। নিয়মিত সাবান ও গরম পানিতে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন। হাত ধোয়া সম্ভব না হলে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। যা খুব সহজেই নিজের ব্যাগে বহন করা যায়।
প্রতিদিন যথেষ্ট পানি পান করা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন আপনার শরীরের ওজনের দুই-তৃতীয়াংশ পরিমাণে পানি পান করার চেষ্টা করুন।

কম ভিটামিন ডি শরীরকে অসুস্থতার প্রতি সংবেদনশীল করে তোলে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। সূর্যের আলোয় দিনে অন্তত আধা ঘণ্টা হাঁটুন। খাদ্যতালিকায় মাশরুম, স্যামন জাতীয় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখুন।

ঠান্ডা বাতাস এবং কম আর্দ্রতা ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। এর থেকে পরিত্রাণে লিপ বাম ব্যবহার করুন, ঘরে হিউমিডিফায়ার রাখতে পারেন, দীর্ঘসময় গরম পানিতে গোসল এড়িয়ে চলুন এবং গোসল শেষে লোশন ব্যবহার করুন।

পর্যাপ্ত ঘুম না হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়। প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখলে শরীর পুনরায় শক্তিশালী হয় এবং অসুস্থতা থেকে রক্ষা পায়।
যদি ফ্লু বা COVID-19-এর লক্ষণ দেখা দেয়, দ্রুত স্বাস্থ্যসেবা প্রদানকারীকে কল করুন। পরীক্ষা ও সঠিক চিকিৎসা নিন।
শীতকালে স্বাস্থ্য রক্ষা করা কঠিন নয় সঠিক যত্ন, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাদ্য এবং সঠিক হাইজিন মেনে চললেই আপনি থাকতে পারেন সুস্থ, সতেজ এবং রোগমুক্ত।
সূত্র: ইউনিভার্সিটি অব নেব্রাসকা লিংকন হেলথ সেন্টার
ছবি: এআই