
সনা বাথে তীব্র গরমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করে। হৃদ্স্পন্দন বেড়ে যায়, রক্তনালিগুলো প্রসারিত হয় এবং শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল বাড়ে। গবেষণায় দেখা গেছে, সনায় থাকার সময় হৃদ্যন্ত্রের ওপর যে ধরনের চাপ তৈরি হয়, তার কিছুটা মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের সময় দেখা প্রতিক্রিয়ার সঙ্গে তুলনীয়।

সনার উচ্চ তাপমাত্রায় শরীরকে ঠান্ডা রাখতে রক্ত ত্বকের কাছাকাছি বেশি পরিমাণে প্রবাহিত হয়। একই সঙ্গে হৃদ্স্পন্দন বাড়ে এবং রক্তনালি প্রসারিত হয়। একটি গবেষণায় দেখা গেছে, সনায় থাকার সময় হৃদ্স্পন্দন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল এবং গবেষকেরা এর হৃদ্যন্ত্রের ওপরের চাপকে প্রায় ৬০ থেকে ১০০ ওয়াটের মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের সঙ্গে তুলনা করেছেন।আপনি সনায় বসে থাকলেও শরীর পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় থাকে না। তাপ সামলাতে হৃদ্যন্ত্র ও রক্তনালিকে বাড়তি কাজ করতে হয়।

সনা নিয়ে আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য গবেষণাগুলোর একটি প্রকাশিত হয় ২০১৫ সালে। ফিনল্যান্ডের ২ হাজার ৩১৫ জন মধ্যবয়সী পুরুষকে নিয়ে পরিচালিত ওই গবেষণায় অংশগ্রহণকারীদের গড়ে প্রায় ২০ বছর অনুসরণ করা হয়েছিল। গবেষণায় দেখা যায়, যারা সপ্তাহে ৪ থেকে ৭ বার সনায় যেতেন, তাদের ক্ষেত্রে সপ্তাহে মাত্র একবার সনায় যাওয়া ব্যক্তিদের তুলনায় আকস্মিক হৃদ্যন্ত্রজনিত মৃত্যুর ঝুঁকি কম ছিল। একই ধরনের সম্পর্ক দেখা গেছে হৃদ্রোগজনিত মৃত্যু ও সামগ্রিক মৃত্যুঝুঁকির ক্ষেত্রেও। এটি ছিল পর্যবেক্ষণভিত্তিক গবেষণা নিয়মিত সনা ব্যবহার এবং কম মৃত্যুঝুঁকির মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে, কিন্তু শুধু সনায় যাওয়ার কারণেই এই ঝুঁকি কমেছে, এমন সরাসরি কারণ-ফল সম্পর্ক প্রমাণ করা যায় না। গবেষণার ফল নিয়ে প্রকাশিত পরবর্তী আলোচনাতেও এই সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে।

সনা শরীরের ওপর কিছুটা শারীরিক পরিশ্রমের মতো হৃদ্যন্ত্রীয় প্রতিক্রিয়া তৈরি করলেও এটি ব্যায়ামের বিকল্প নয়। ওজন তোলা বা শক্তিবর্ধক ব্যায়াম পেশীর শক্তি ও ভর বাড়াতে সাহায্য করে। হাঁটা, দৌড়ানো বা সাইক্লিং শরীরের চলনক্ষমতা ও সহনশীলতা বাড়ায়। হাড়ের ওপরও নিয়মিত ব্যায়ামের আলাদা প্রভাব আছে, সনা এসব কাজের জায়গা নিতে পারে না। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সনাকে বিশ্রাম ও তাপভিত্তিক সুস্থতার একটি অতিরিক্ত উপাদান হিসেবে দেখা যায়।

সনা নিয়ে পরিচালিত বিভিন্ন গবেষণায় রক্তনালির প্রসারণ, রক্তচাপের পরিবর্তন এবং হৃদ্যন্ত্রের কার্যক্রমে স্বল্পমেয়াদি পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে। একটি পর্যালোচনায় নিয়মিত সনা ব্যবহারের সঙ্গে রক্তনালির কার্যকারিতা, ধমনির দৃঢ়তা এবং রক্তচাপের মতো কিছু হৃদ্স্বাস্থ্য সূচকের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে সব গবেষণার ফল এক নয় এবং সনার দীর্ঘমেয়াদি উপকারিতা নিয়ে আরও নিয়ন্ত্রিত গবেষণা প্রয়োজন। বিশেষ করে কার জন্য কতক্ষণ, কত ঘন ঘন এবং কোন ধরনের তাপমাত্রায় সনা সবচেয়ে উপযোগী, সে বিষয়ে এখনো একক কোনো নিয়ম প্রতিষ্ঠিত হয়নি।

ব্যায়াম মানেই শুধু দৌড়ানো, ওজন তোলা বা ঘাম ঝরানো নয়। শরীরের সুস্থতার জন্য বিশ্রাম ও পুনরুদ্ধারের সময়ও গুরুত্বপূর্ণ। সনা সেই বিশ্রামের অংশ হতে পারে, বিশেষ করে যারা তাপ সহ্য করতে পারেন এবং চিকিৎসাগত কোনো বাধা নেই। তবে সনায় বসে থাকাকে ব্যায়ামের সমতুল্য ধরে নেওয়া ঠিক নয়। শরীরচর্চা থেকে যে পেশীশক্তি, হাড়ের ওপর চাপ, চলনক্ষমতা ও শারীরিক সক্ষমতার উন্নতি পাওয়া যায়, সনা তা দিতে পারে না। আপনি স্থির হয়ে বসে আছেন, কিন্তু শরীর তখনও তাপ সামলাতে ব্যস্ত। হৃদ্যন্ত্রের জন্য সেই ব্যস্ততা কিছুটা উপকারী হতে পারে, যদিও সেটি নিয়মিত শরীরচর্চার বিকল্প নয়। ব্যায়ামের জায়গা নয়, ব্যায়ামের পরের আরেকটি সম্ভাব্য সুস্থতার অভ্যাস হিসেবেই সনাকে দেখা বেশি যুক্তিসঙ্গত।
ছবি: পেকজেলসডটকম