আইসক্রিম খাওয়া কি সত্যিই ক্ষতিকর? উত্তরটি আপনার ধারণা বদলে দেবে
শেয়ার করুন
ফলো করুন

আইসক্রিম মানেই কি শুধু অপরাধবোধ আর বাড়তি ক্যালরি? বহুদিন ধরে এমনটাই ভেবে এসেছি আমরা। গরমে মন চাইলেও নিজেকে থামিয়েছি এই ভেবে—“স্বাস্থ্যের ক্ষতি হবে।” কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, আইসক্রিম নিয়ে আমাদের এই ধারণা হয়তো পুরোপুরি সঠিক ছিল না। বরং মধ্যম মাত্রায় আইসক্রিম খাওয়া শরীর ও মন—দুটোর জন্যই কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

হাল ফ্যাশনের পাঠকদের জন্য থাকছে নতুন গবেষণার আলোকে আইসক্রিমের স্বাস্থ্যগুণের সহজ ও সুন্দর বিশ্লেষণ।

আইসক্রিমে আসলে কী থাকে

আইসক্রিমের মূল উপাদান দুধ, ক্রিম ও চিনি। এই দুধভিত্তিক উপাদানগুলোর মধ্যেই লুকিয়ে আছে বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিগুণ। ক্যালসিয়াম হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুধ থেকে পাওয়া প্রোটিন পেশি গঠন, কোষের পুনর্গঠন ও শরীরের নানা জৈবিক কার্যক্রমে সহায়তা করে। ভিটামিন এ ও ডি চোখ ও হাড়ের জন্য উপকারী। এছাড়া আইসক্রিমে থাকা চর্বি শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘ সময় তৃপ্তি বজায় রাখতে সাহায্য করে।

এই কারণেই আলট্রা ম্যারাথন বা দীর্ঘ সময়ের কার্ডিওভিত্তিক খেলায় অনেক সময় খেলোয়াড়দের পোস্ট-মিল হিসেবে আইসক্রিম দেওয়া হয়। গবেষণা আরও জানাচ্ছে, যদি আইসক্রিম যোগুর্ট বা লাইভ কালচার দিয়ে তৈরি হয়, তবে এতে প্রোবায়োটিক উপাদানও থাকতে পারে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।

গবেষণায় কী পাওয়া গেছে

নিউট্রিশন এপিডেমিওলজি বা পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, যারা মাঝারি পরিমাণে আইসক্রিম খান, তাদের কিছু মেটাবলিক স্বাস্থ্য সূচক তুলনামূলকভাবে ভালো থাকে তাদের চেয়ে যারা একেবারেই আইসক্রিম এড়িয়ে চলেন। গবেষণায় লক্ষ্য করা গেছে—  

* ইনসুলিন রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে কম

* রক্তে শর্করার মাত্রা বেশি স্থিতিশীল

* কিছু ক্ষেত্রে কার্ডিওভাসকুলার ঝুঁকি কম

গবেষকদের মতে, দুধ ও ক্রিমে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে ব্লাড সুগার হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা কমে। ঠান্ডা ও তৃপ্তিকর খাবার হিসেবে আইসক্রিম অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমাতে সাহায্য করে। আর প্রোবায়োটিক উপাদান অন্ত্রের মাইক্রোবায়োম উন্নত করে, যা হজম ও সামগ্রিক শক্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

মিষ্টি মানেই ক্ষতি—এই ধারণা কি বদলাচ্ছে?

দীর্ঘদিন ধরে মিষ্টি খাবারকে আমরা একপাশে সরিয়ে রেখেছি ‘ক্ষতিকর’ তকমা দিয়ে। কিন্তু গবেষণার আলোকে এখন স্পষ্ট হচ্ছে, আসল চাবিকাঠি হলো ‘মডারেশন’ বা মধ্যম মাত্রা। অতিরিক্ত নয়, আবার সম্পূর্ণ বর্জনও নয়—এই ভারসাম্যই শরীরের জন্য বেশি উপকারী হতে পারে।

দুধভিত্তিক আইসক্রিমে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম শক্তির উৎস হিসেবে কাজ করে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। ঠান্ডা স্বাদ অনেক সময় অকারণ কার্ভিং বা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার ইচ্ছাও কমায়, যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।

সতর্কতা জরুরি

গবেষকেরা একেবারেই ছাড় দেওয়ার পক্ষে নন। অতিরিক্ত চিনিযুক্ত, কৃত্রিম রং ও ফ্লেভারে ভরা আলট্রা-প্রসেসড আইসক্রিম এড়িয়ে চলাই ভালো। ডায়াবেটিস বা হৃদ্‌রোগের ঝুঁকি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আইসক্রিম কখনোই সুষম খাদ্যাভ্যাসের বিকল্প হতে পারে না—স্বাস্থ্যকর ডায়েট ও সক্রিয় জীবনযাপনই সুস্বাস্থ্যের ভিত্তি।

বিজ্ঞাপন

মনোবিজ্ঞানের দৃষ্টিতে আইসক্রিম

আইসক্রিম শুধু পুষ্টির গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ ও স্মৃতি। ছোটবেলার গরমের দিন, বন্ধুদের সঙ্গে আড্ডা, কিংবা পরীক্ষার পর পুরস্কার হিসেবে আইসক্রিম—এই স্মৃতিগুলো আমাদের আনন্দ দেয়। মনোবিজ্ঞান বলছে, এই আনন্দের অনুভূতি শরীরের স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, যা উদ্বেগ ও মানসিক চাপ হ্রাসে সহায়ক হতে পারে।

নতুন গবেষণা বলছে, আইসক্রিম আর শুধু ‘মিষ্টির জন্য নিষিদ্ধ’ কোনো খাবার নয়। সঠিক মাত্রা ও ভালো মানের উপাদান বেছে নিলে এটি হতে পারে আনন্দের পাশাপাশি পুষ্টিগতভাবেও কার্যকর এক অভিজ্ঞতা। ফুড সায়েন্টিস্টদের মতে, খাবারের বিজ্ঞান কখনোই সরল নিয়মে বাঁধা নয়—এটি ভারসাম্য, মনোভাব ও জীবনের অভিজ্ঞতার সমন্বয়।

তাই পরের বার আইসক্রিম খেতে ইচ্ছে হলে অপরাধবোধে নয়, সচেতন আনন্দে উপভোগ করাই হতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত।

তথ্যসূত্র: মিশিগান স্টেট ইউনিভার্সিটি ও মাইন্ড মিরর

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০৪
বিজ্ঞাপন