বর্ষায় আরামদায়ক ফ্যাশন: ভিজলেও দ্রুত শুকায় এমন পোশাক বেছে নিন
শেয়ার করুন
ফলো করুন

বর্ষাকাল মানেই একদিকে গরমে ঘাম, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঝুঁকি। এ সময়ে তাই পোশাক বাছাইয়ের ক্ষেত্রে শুধু রং বা ট্রেন্ড নয়, ফেব্রিকের ধরনও বিবেচনায় আনা জরুরি। এমন পোশাকই পরা উচিত, যেগুলো ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায় এবং শরীরের সঙ্গে লেগে থেকে অস্বস্তি তৈরি করে না। মনে রাখতে হবে, ফেব্রিকের বুনট যত ঘন হবে, তত বেশি সময় অপেক্ষা করতে হবে শুকানোর জন্য। শুধু হালকা রঙের নয়, হালকা ওজনের গাঢ় বর্ণের পোশাকও দ্রুত শুকায়।

দ্রুত শুকিয়ে যায় এমন ফেব্রিকের তালিকায় সবার আগে আসে পলিয়েস্টার। কৃত্রিম তন্তুর তৈরি বলে এটি আর্দ্রতা শোষণ করে না, ফলে খুব সহজেই শুকিয়ে যায়। রোদে রাখলে এক ঘণ্টার মধ্যেই এটি প্রায় পুরোপুরি শুকিয়ে যায়।

সিল্ক ও সুতি ফেব্রিকও বর্ষায় বেশ উপযোগী। হালকা সুতির জামা দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই শুকিয়ে যায়, বিশেষ করে ফ্যানের নিচে বা রোদে ঝুলিয়ে রাখলে। তবে রং বিবর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় রোদে দেওয়ার সময় কাপড়টি উল্টে দেওয়া ভালো।

বিজ্ঞাপন

আরও একটি উপযোগী বিকল্প হলো নাইলন। হালকা ও টেকসই হওয়ায় এটি সহজে শুকায়, এবং এতে বাতাস চলাচল করায় শরীর ঘেমে ওঠে না। বৃষ্টিভেজা দিনেও স্বস্তি বজায় রাখে এই ফেব্রিক।

পাশাপাশি পাতলা কটন ডেনিম বা সুতির ডেনিম বটমও আরামদায়ক ও সহজে শুকায় বলে বর্ষার পোশাকে ভালো সংযোজন হতে পারে।

রেয়ন যদিও খুব দ্রুত শুকায় না, তবে এর অন্যতম সুবিধা হলো এটি শরীরের তাপ আটকে না রেখে দ্রুত আর্দ্রতা শোষণ করে নেয়। পরিবেশের ওপর নির্ভর করে এটি শুকাতে প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে।

এ ছাড়া লিনেন, জর্জেট, ভিসকস ও হালকা সিল্ক ফেব্রিকগুলোও রাখা যেতে পারে দৈনন্দিন পরিধানে। এগুলো যেমন আরামদায়ক, তেমনি ভিজলেও দ্রুত শুকায়। সব মিলিয়ে, বর্ষায় ফ্যাশন ও স্বস্তি দুটিই বজায় রাখতে চাইলে ফেব্রিক বেছে নিতে হবে বুঝেশুনে। হালকা ওজনের, বাতাস চলাচলকারী ও দ্রুত শুকানো সম্ভব, এমন পোশাকই হতে পারে এই মৌসুমে আপনার ফ্যাশন বাঁচানোর চাবিকাঠি!

ছবি: পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন