
ঘুমের মধ্যে লালা ঝরা বা ড্রুলিং অনেকের কাছেই অস্বস্তিকর ও বিব্রতকর একটি অভিজ্ঞতা। সকালে উঠে বালিশ ভেজা দেখতে পাওয়া যেমন অস্বস্তির, তেমনি এটি শরীরের কোনো সমস্যার ইঙ্গিত কিনা—সেই প্রশ্নও জাগে মনে। আমাদের অনেকের কিন্তু ঘুমের মধ্যে লালা পড়ে। আর আমরা এ নিয়ে চিন্তিত হলেও কাউকে কিছু জিজ্ঞেস করিনা আর নিজেই নানা কিছু ভাবতে থাকি।

যতদূর জানা যায়, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, বেশিরভাগ ক্ষেত্রেই এটি গুরুতর কোনো সমস্যা নয়; বরং স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফল।ঘুমের সময় আমাদের শরীরের বিভিন্ন পেশী শিথিল হয়ে যায়। বিশেষ করে গভীর ঘুমে মুখের পেশীগুলো ঢিলে হয়ে পড়ে এবং লালা গিলে ফেলার প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে মুখে জমে থাকা লালা বাইরে বেরিয়ে আসতে পারে। এই ঘটনাটিই মূলত ড্রুলিং হিসেবে পরিচিত।
এ সমস্যার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো শোয়ার ভঙ্গি। যারা পাশ ফিরে বা উপুড় হয়ে ঘুমান, তাদের ক্ষেত্রে অভিকর্ষের কারণে লালা সহজেই মুখ থেকে বাইরে চলে আসে। অন্যদিকে যারা চিৎ হয়ে শোন, তাদের ক্ষেত্রে লালা গলার ভেতরেই চলে যায় এবং গিলে ফেলা সহজ হয়। তাই শোয়ার ভঙ্গির সামান্য পরিবর্তন অনেক সময় এই সমস্যাকে কমিয়ে দিতে পারে।

আরেকটি বড় কারণ হলো মুখ দিয়ে শ্বাস নেওয়া। সর্দি, অ্যালার্জি বা সাইনাসজনিত সমস্যার কারণে নাক বন্ধ থাকলে মানুষ বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস নেয়। এতে মুখ খোলা থাকে এবং লালা বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই নাক পরিষ্কার রাখা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।
কিছু ক্ষেত্রে অতিরিক্ত লালা উৎপাদনও ড্রুলিংয়ের কারণ হতে পারে। যেমন অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) থাকলে শরীর অতিরিক্ত লালা তৈরি করে, যা ঘুমের সময় বাইরে বেরিয়ে আসতে পারে। এছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও লালা উৎপাদন বেড়ে যেতে পারে।

তবে কিছু জটিল পরিস্থিতিতেও এই সমস্যা দেখা দিতে পারে। যেমন পারকিনসনস ডিজিজ বা স্ট্রোকের মতো নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের লালা গিলে ফেলার ক্ষমতা কমে যেতে পারে। এ ধরনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
প্রতিকারের উপায়
চিৎ হয়ে ঘুমানো: চিৎ হয়ে শুলে লালা গলার পেছনের দিকে যায় এবং গিলে ফেলা সহজ হয় ।

নাক পরিষ্কার রাখা: এলার্জি বা সর্দির চিকিৎসা করা যাতে নাক দিয়ে শ্বাস নেওয়া যায়।
ওষুধ পরিবর্তন: নিয়মিত কোনো ওষুধ খেলে ডাক্তারের সাথে পরামর্শ করা।
ডেন্টাল গার্ড ব্যবহার: দাঁতের সমস্যা থাকলে ডেন্টাল গার্ড ব্যবহার করা যেতে পারে।
সব মিলিয়ে, ঘুমের মধ্যে লালা ঝরা সাধারণত ক্ষতিকারক নয় এবং কিছু ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে যদি এটি দীর্ঘদিন ধরে চলতে থাকে বা অন্যান্য উপসর্গের সঙ্গে দেখা দেয়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সূত্র: স্লিপ ফাউন্ডেশন, হেলথলাইন
ছবি: পেকজেলস