এই স্মুদিতে পরিষ্কার হবে কোলন, কমবে ক্যানসারের ঝুঁকি
শেয়ার করুন
ফলো করুন

প্রতিদিনের খাবারে থাকা পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল ইত্যাদি শরীরে কাজে লাগে, বাকিটা বর্জ্য মলমূত্র হিসেবে বের হয়ে যায়। এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু আমরা নানা অনিয়মের কারণে খাবার খেয়েও ঠিকমতো বর্জ্য পরিষ্কার করতে পারি না, যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি; সেই সঙ্গে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হই। এমন সমস্যায় প্রাকৃতিক উপায়ে আমরা কোলনকে পরিচ্ছন্ন রেখে থাকতে পারি সুস্থ। সে ক্ষেত্রে এই স্মুদি হতে পারে মুশকিল আসান। কোলন পরিষ্কার না থাকলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেটা কেবল অস্বস্তিকর নয়; বরং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্যও হুমকি হতে পারে।

বিজ্ঞাপন

কোলন পরিষ্কার না থাকলে যেসব সমস্যা হতে পারে

• কোষ্ঠকাঠিন্য: কোলন পরিষ্কার না থাকলে মল শক্ত হয়ে যায় এবং নিয়মিত মলত্যাগে সমস্যা হয়।
• গ্যাস: কোলনে জমে থাকা বর্জ্যের কারণে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। ফলে পেট ফুলে ওঠে এবং অস্বস্তি হয়।
• পেটে ব্যথা: কোলনে জমে থাকা বর্জ্য পেটে ব্যথা সৃষ্টি করতে পারে।
• মলদ্বারে চুলকানি: কোলনে জমে থাকা বর্জ্য মলদ্বারে চুলকানি ও জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
• হজমের সমস্যা: কোলন পরিষ্কার না থাকলে খাবার ভালোভাবে হজম হতে পারে না।

কোলন পরিস্কার না থাকলে নানা সমস্যার সৃষ্টি হয়
কোলন পরিস্কার না থাকলে নানা সমস্যার সৃষ্টি হয়

• দুর্গন্ধযুক্ত মল: কোলনে জমে থাকা বর্জ্যের কারণে মলে দুর্গন্ধ হতে পারে।
• অন্যান্য স্বাস্থ্য সমস্যা: দীর্ঘদিন কোলন পরিষ্কার না থাকলে অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা, যেমন হেমোরয়েডস, ফিশার, কোলন ক্যানসার ইত্যাদি হতে পারে।
মনে রাখবেন, কোলন পরিষ্কার রাখা একটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলন ক্লিনজিং স্মুদি খেয়ে আপনি কোলনকে সুস্থ রাখতে পারবেন।
ন্যাচারাল কোলন ক্লিনজিং স্মুদি কোলনকে ডিটক্সিফাই করার ও অন্ত্রের স্বাস্থ্য উন্নত করার একটি চমৎকার উপায়। কোলন পরিষ্কার করার বৈশিষ্ট্য আছে, এমন তাজা ফল, শসা ও পানি দিয়ে তৈরি করতে হবে। সতেজ ও কার্যকর এই স্মুদি বাড়িতে তৈরির উপায় বলে দেওয়া হলো।

বিজ্ঞাপন

উপকরণ

আনারস ১টি
কমলা ২টি
শসা ১টি
আপেল ১টি
লেবু ১টি
অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ
পানি ২ গ্লাস (প্রায় ৫০০ মিলি)

সব উপকরণই মিলবে হাতের কাছে
সব উপকরণই মিলবে হাতের কাছে

প্রণালি

• আনারস খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন
• কমলার খোসা ছাড়িয়ে নিন
• আপেল টুকরা টুকরা করে কেটে নিন। আপনি চাইলে আপেলের খোসা ছাড়াতেও পারেন। তবে খোসা রেখে দিলে অতিরিক্ত ফাইবার পাওয়া যায়
• খোসাসহ শসা ধুয়ে স্লাইস করে নিন
• লেবু থেকে রস ছেঁকে নিন

কাটা আনারস, কমলার কোয়া, আপেল ও শসার টুকরা ব্লেন্ডারে দিয়ে তাজা লেবুর রস আর অ্যালোভেরা জেল দিন। এবার এর সঙ্গে দুই গ্লাস পানি যোগ করে ব্লেন্ডের পর স্মুদি বানিয়ে নিন।

সেবনবিধি

স্মুদি ৪ গ্লাস পরিমাণ হবে। তারপর সকালে খালি পেটে এই স্মুদি পান করুন আধা ঘণ্টা পরপর চার গ্লাস। যেদিন এই স্মুদি পান করবেন, সেদিন দুপুর পর্যন্ত স্মুদি ছাড়া অন্য কিছুই খাবেন না। দুপুরের পর স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন। ভালো ফল চাইলে তিন দিন টানা খাবেন। তারপর সপ্তাহে এক দিন করে ১২ সপ্তাহ খাবেন। ডিটক্সিফায়িং ফলাফলের জন্য সকালে খালি পেটেই এই স্মুদি পান করতে হবে।

উপকারিতা

আনারস ও আপেলে আছে এনজাইম ও ফাইবার, যা হজমে সাহায্য করে এবং কোলন পরিষ্কার করতে সাহায্য করে। কমলা ও লেবুর উঁচু মাত্রার ভিটামিন সি অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং বিষাক্ত পদার্থগুলো পরিষ্কারের মাধ্যমে বের করতে সহায়তা করে। শসা শরীরকে আর্দ্র রাখে। এতে থাকা সিলিকা স্বাস্থ্যকর ত্বক আর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের আস্তরণকে সজীব করে। অ্যালোভেরা জেলের প্রাকৃতিক ডিটক্সিফায়িং বৈশিষ্ট্য রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
এই কোলন ক্লিনজিং স্মুদি কেবল কোলন পরিষ্কার করতেই সাহায্য করে না; বরং ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর আপনার দিনের একটি সতেজ ও পুষ্টিকর শুরুর জন্য মাঝেমধ্যে খেতে পারেন।
লেখক: খাদ্য ও পথ্য বিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র।

ছবি: এআই জেনারেটেড/ উইকিপিডিয়া

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০১: ০০
বিজ্ঞাপন