এ এক অনন্ত যৌবনের রহস্যময় পানীয়
শেয়ার করুন
ফলো করুন

শত শত বছর ধরে এটি কেবল সাধারণ কোনো পানীয় নয়, বরং তারুণ্য ধরে রাখার চাবিকাঠিও।

ভ্রমণকাহিনি থেকে উঠে আসা কাওয়ার গল্প

আমেরিকান ফুড ভ্লগার সানি সাইড একবার পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবারের ভিডিও করছিলেন। বিরিয়ানি, কাবাব, নান রুটি—ভরপুর এক ডিনারের পর ওয়েটার কাপে কাপে কাওয়া পরিবেশন করলেন। সবাই এক চুমুক নিয়ে মুখে গুড়ের টুকরো ফেলতেই যেন ক্লান্তি মিলিয়ে গেল। দর্শকেরা অবাক হয়ে ভাবলেন—এ কী জাদুর পানীয়!

মাংসের পর সবুজ চায়ের জাদু

মধ্য এশিয়া, আফগানিস্তান থেকে কাশ্মীর—সব জায়গায় প্রতিদিন সকালের নাশতা থেকে রাতের খাবার—প্রতি বেলায় মাংস থাকবেই। অথচ তাদের বেশির ভাগই সুঠাম শরীরের অধিকারী, প্রাণবন্ত ও কর্মক্ষম। রহস্যটা অনেকটাই কাওয়ায়। মাংস–ভরপুর প্লেট শেষ হওয়ার পর এক কাপ কাওয়া পেটের ভার কমায়, চর্বি ভাঙতে সাহায্য করে আর শরীরকে রাখে চনমনে।

গুড় আর কাওয়ার অদ্ভুত যুগলবন্দী

শুধু কাওয়া নয়, এর সঙ্গে থাকে গুড়ের ছোট টুকরো। প্রাকৃতিক আয়রন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর গুড় খাবারের হজম সহজ করে, অ্যাসিডিটি প্রতিরোধ করে এবং শরীরকে হালকা রাখে। কাওয়ার ভেষজ সৌরভ আর গুড়ের মিষ্টি স্বাদ মিলিয়ে তৈরি হয় অনন্য সমন্বয়, যা একদিকে সুস্বাদু, আবার অন্যদিকে স্বাস্থ্যকর।

বিজ্ঞাপন

স্বাস্থ্যগুণ: তারুণ্য ধরে রাখার গোপন রহস্য

চিকিৎসকেরা বলেন, গ্রিন টিতে থাকা ক্যাটেচিনস চর্বি দ্রুত এনার্জিতে পরিণত করে। দারুচিনি ও এলাচি রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে খাবারের পর ক্লান্তি আসে না। ত্বকেও আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। তাই হয়তো ওই সব অঞ্চলের মানুষ নিয়মিত জিম না করেও তরুণ ও সক্রিয় থাকেন—সবই এই কাওয়ার গুণে।

বাড়িতে বানিয়ে ফেলুন কাওয়া

উপকরণ

• পানি—২ কাপ

• গ্রিন টি পাতা—১ চা–চামচ

• দারুচিনি—১ টুকরো

• এলাচি—২–৩টি

• লবঙ্গ—২টি (ঐচ্ছিক)

• জাফরান—কয়েকটি

• বাদাম/পেস্তাকুচি—১ চা–চামচ

• গুড় বা মধু—স্বাদমতো

প্রস্তুত প্রণালি

একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে দারুচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে ৩–৪ মিনিট জ্বাল দিন। এরপর গ্রিন টি পাতা দিন এবং সামান্য ফুটিয়ে নামিয়ে ফেলুন। চাইলে গোলাপ পাপড়ি ও বাদাম মেশাতে পারেন। কাপে ছেঁকে পরিবেশন করুন, সঙ্গে দিন গুড়ের টুকরো।

আমরা প্রায়ই ডায়েট, ক্যালরি আর জিমে ঘাম ঝরানোর হিসাব কষি। অথচ সহজ এক কাপ কাওয়া আর সামান্য গুড়ই পারে খাবারের ভারসাম্য বজায় রেখে শরীরকে তরতাজা রাখতে। মনে আনতে পারে অদৃশ্য তারুণ্যের উচ্ছলতা।

ছবি: উইকিমিডিয়া কমন্স ও ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০০
বিজ্ঞাপন