
আজকাল শরীরকে ডিটক্স করতে ও বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য ফল ও সবজিভিত্তিক ডায়েট অনুসরণ করতে বলা হয়। কিন্তু ভাবুন তো, মাত্র ৭ দিনের জন্য আপনি প্রসেসড ফুড, চিনি, মাংস ও দুগ্ধজাত খাবার পুরোপুরি বাদ দিয়ে শুধু ফল ও সবজি খাচ্ছেন। বিষয়টা শুনতে সহজ মনে হলেও, এর প্রভাব হতে পারে বেশ গভীর। চলুন দিন ধরে দেখি, এই পরিবর্তন আপনার শরীরে ঠিক কীভাবে কাজ করে।

প্রথম দিনেই শুরু হয় ‘শক’ আর ডিটক্সের প্রভাব। প্রথম দিনটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। আপনি যদি কফি, চিনি বা প্রসেসড খাবারে অভ্যস্ত হন, তাহলে দেখা দিতে পারে মাথাব্যথা, দুর্বলতা এবং মুড সুইং। তবে ভেতরে ভেতরে শরীর কাজ শুরু করে দেয়। ফল ও সবজির অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও পানির কারণে শরীর ধীরে ধীরে অন্ত্র, লিভার ও রক্ত থেকে টক্সিন বের করতে শুরু করে।
২য় দিন থেকে শুরু হয় হজমের উন্নতি। এই দিনে অভ্যাসবশত কিছু ক্রেভিং থেকে যায়, কিন্তু শরীর সাড়া দিতে শুরু করে। এই দিন থেকে পেট পরিষ্কার হতে থাকে , গ্যাস বা ফাঁপাভাব কমে যায়। নিয়মিত বাওয়েল মুভমেন্টের উন্নতি হয়। সবজির ফাইবার দারুণ কাজ করতে শুরু করে, হজমতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে।

৩য় দিন থেকে আপনার এনার্জিতে দারুণ পরিবর্তন দেখতে পাবেন। এই সময় এনার্জি কিছুটা বেড়ে যায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল হতে শুরু করে, ত্বক অনেকখানি উজ্জল ও সতেজ দেখতে ও অনুভূত করতে পারবেন। ফলের প্রাকৃতিক চিনি শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়, আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে।
৪র্থ দিনে রুচির দারুণ পরিবর্তন দেখা যায়। জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ কমে। ফল ও সবজির স্বাদ ভালো লাগতে শুরু করে। কারণ, প্রসেসড খাবারের কৃত্রিম স্বাদ আমাদের স্বাভাবিক স্বাদবোধকে দুর্বল করে দেয়। কয়েকদিন পর সেটি আবার ‘রিসেট’ হতে থাকে।

৫ম দিনে ঘুম ও মানসিক স্বাস্থ্যের উন্নতি দেখা যায়। এই দিনে এসে শরীর শুধু হালকা নয়, মানসিকভাবেও আপনি ভালো অনুভব করবেন। এই দিন থেকে ভালো ঘুম হয়, মনোযোগ বাড়ে এবং মন শান্ত হয়ে যায়। গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য উন্নত হওয়ার কারণে মস্তিষ্কে তার ইতিবাচক প্রভাব পড়ে। ফাইবার গাটের ভালো ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে।
৬ষ্ঠ দিনে ইমিউন সিস্টেম শক্তিশালী হতে শুরু করে। এই পর্যায়ে শরীরের প্রতিরোধক্ষমতা বাড়তে শুরু করে। অস্থিসন্ধির প্রদাহ কমে যায়। শরীর হালকা লাগতে শুরু করে। সবজি ও ফলে থাকা ভিটামিন এ, সি, ই থাকায় শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে।

৭ম দিনে এসে ওজন কমেছে তা দৃশ্যমান হয় এবং মেজাজ ফুরফুরে হয়ে যায়। ত্বকে দেখতে পাবেন দারুন উজ্জ্বলতা। যেকোনো কাজে পাবেন উদ্দীপনা। সবচেয়ে বড় কথা আপনি প্রসেসড ফুডের ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে ফেলেছেন।
তাহলে কি শুধু ফল-সবজি খাওয়াই সমাধান?
না, মোটেও না এই ৭ দিনের অভিজ্ঞতা আমাদের শেখায় শরীর খুব দ্রুত ভালো প্রতিক্রিয়া দেয় যদি তাকে “সতেজ ভেজালহীন তাজা খাবার” দেওয়া হয়।তবে শুধু ফল কিংবা সবজি খাওয়া দীর্ঘমেয়াদে নিরাপদ নয়। এতে প্রোটিন, ভিটামিন বি ১২, আয়রন, ক্যালসিয়াম ও ওমেগা-৩ এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি হতে পারে। ফলে দুর্বলতা, অ্যানিমিয়া, ইমিউনিটি কমে যাওয়া এবং হাড় ও পেশির সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ফলে প্রাকৃতিক চিনি থাকায় ব্লাড সুগারও দ্রুত বাড়তে পারে এবং অ্যাসিডিটির কারণে দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকিও থাকে। সব মিলিয়ে, ফল ও সবজি শরীরের জন্য খুবই উপকারী হলেও শুধু ফলের কিংবা কেবল সবজির ওপর নির্ভর করা সঠিক নয়।

সবচেয়ে ভালো হলো একটি ব্যালান্সড ডায়েট অনুসরণ করা, যেখানে ফল ও সবজির পাশাপাশি প্রোটিন ও অন্যান্য পুষ্টিকর খাবারও থাকবে। এই ৭ দিনের চ্যালেঞ্জ আসলে একটি “রিসেট বাটন”। এটি আপনাকে দেখায়, সঠিক খাবার দিলে শরীর কত দ্রুত নিজেকে ঠিক করে নিতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত শুধু ৭ দিনের ডায়েট নয়, বরং একটি ব্যালান্সড লাইফস্টাইল যেখানে ফল, সবজি, প্রোটিন, ভালো ফ্যাট সবকিছুই থাকবে সঠিক অনুপাতে। শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, তবে যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। কারণ, শরীরকে ভালো রাখা মানে শুধু কম খাওয়া নয় সঠিকভাবে খাওয়া।
তথ্যসূত্র: হেলথলাইন, ভেরি ওয়েল ফিট
ছবি: এআই ও পেকজেলস