
রাগ মানুষের স্বাভাবিক আবেগ। প্রতিদিনের জীবনযাত্রায় চাপ, হতাশা বা অপমানের মুহূর্তে রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো-এই রাগ আমরা কীভাবে সামলাই? আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে, রাগকে নিয়ন্ত্রণ করার অভ্যাস শুধু আচরণ নয়, ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককেও ইতিবাচকভাবে বদলে দেয়।

রাগের সময় মস্তিষ্কের যে অংশটি সবচেয়ে সক্রিয় হয়, সেটি মূলত বিপদ বা হুমকি মোকাবিলার সঙ্গে জড়িত। এই অংশ আমাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত করে-যার ফল হতে পারে চিৎকার, আক্রমণাত্মক কথা বা হঠাৎ সিদ্ধান্ত। কিন্তু যদি এই মুহূর্তে কেউ ইচ্ছাকৃতভাবে থেমে যায়, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখায়, তখন এই স্বয়ংক্রিয় চক্রটি ভেঙে যায়। মস্তিষ্ক ধীরে ধীরে শিখে নেয়, সব পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া প্রয়োজন হয় না।

নিয়মিত সংযম চর্চার মাধ্যমে মস্তিষ্কে আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত নিউরাল পথগুলো শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স-যা বিচারবোধ, সহানুভূতি ও সচেতন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ-আরও সক্রিয় ও দক্ষ হয়। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক রাগের বদলে শান্ত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়াই স্বাভাবিক হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, রাগ নিয়ন্ত্রণ মানে আবেগ চেপে রাখা নয়। বরং নিজের অনুভূতিকে বোঝার জন্য এবং সঠিকভাবে সাড়া দেওয়ার জন্য নিজেকে অল্প সময় দেওয়া। এই ছোট মানসিক বিরতিই অন্যের প্রতি সহানুভূতি বাড়ায় এবং নিজের ভেতরের মানসিক চাপও কমিয়ে আনে।

মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা নিউরোপ্লাস্টিসিটি আমাদের অভ্যাস বদলাতে সাহায্য করে। বারবার শান্ত প্রতিক্রিয়া দেখালে আক্রমণাত্মক মানসিক ধরনগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তার জায়গায় গড়ে ওঠে ধৈর্য, বোঝাপড়া এবং মানসিক স্থিতিস্থাপকতা। এই পরিবর্তন হঠাৎ চোখে পড়ার মতো নয়, কিন্তু নীরবে ও ধারাবাহিকভাবে মস্তিষ্কের প্রতিক্রিয়ার ধরন নতুনভাবে তৈরি করে।
একসময় এমন একপর্যায়ে পৌঁছানো যায়, যখন সহানুভূতি বা সংযম আর আলাদা করে চেষ্টা করে আনতে হয় না-এটাই হয়ে ওঠে স্বাভাবিক প্রতিক্রিয়া।
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথায়,
“রাগ বাসা বাঁধে কেবল মূর্খের মগজে।”

আধুনিক বিজ্ঞানও আজ সেই কথারই ব্যাখ্যা দিচ্ছে নতুন ভাষায়। রাগ নয়, সংযমই মানুষের প্রকৃত শক্তি। প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই আমাদের মস্তিষ্ককে করে তোলে আরও শান্ত, সচেতন এবং মানসিকভাবে শক্তিশালী-যা আধুনিক জীবনে সত্যিকারের স্টাইল স্টেটমেন্ট।
ছবি: এআই ও পেকজেলসডটকম