
বাংলার শীত এক অদ্ভুত ঋতু। কারও কাছে খেজুরের রসের মতো মিষ্টি, আবার কারও জন্য হাড়কাঁপানো অস্বস্তি। কেউ শীতকে বরণ করে নিতে শরীরকে মজবুত করে, আবার যারা উপেক্ষা করে, তাদের কাছে শীত যেন নীরব শত্রু। শীতকে উপভোগ্য করতে হলে জানতে হবে এ সময়ে কোন কোন রোগ বাড়ে এবং কী খাবার শরীরকে নিরাপদ রাখে।
বাংলাদেশে নভেম্বর–ফেব্রুয়ারি মোটামুটিভাবে শীতকাল। এ সময়ে খাদ্যাভ্যাস ও রুটিন মেনে চললে সর্দি-কাশি, ফ্লু, হাঁপানি, অ্যালার্জি, গাঁটের ব্যথা, শুষ্ক ত্বকের সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায়।
যারা শীতকে আপন করে নেয়, তাদের রুটিনটা কিছুটা এমন—
• ভোরে ওঠে, হালকা রোদ উঠলেই ছাদ বা উঠানে শরীর মেলে ধরে।
• সকালে খায় খেজুরের গুড়, তিলের নাড়ু বা আদা-মধু।
• গরম দুধে হলুদ–গোলমরিচ–ঘি মিশিয়ে শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে।
• দুপুরে পিঠা–পায়েস, বিকেলে আদা-চা ও ভাজা মুগ ডাল।
• রাতে কাঁথা–কম্বল, পায়ের কাছে গরম পানির বোতলের উষ্ণতা।
তারা সাধারণত শীতে কম অসুস্থ হয়, হাড়ের ব্যথা হয় না, গলা ভাঙে না।
যারা শীতকে অবহেলা করে—
• দেরিতে ওঠে, ঠান্ডা পানিতে মুখ ধোয়।
• নাশতায় শুধু চা–বিস্কুট, দুপুরে ঠান্ডা ভাত–তরকারি।
• রোদ থাকা সত্ত্বেও ঘরে বসে মোবাইল দেখে।
• রাতে পাতলা কাঁথা গায়ে দেয়, মোজা পরে না।
ফলে তাদের হাত–পা ঠান্ডা থাকে, গলাব্যথা, কাশি, হাঁচি হয়।
শীতে যেসব রোগ বেশি হয়, সেগুলো প্রতিরোধের উপায়
বেশি দেখা যাওয়া সাধারণ রোগ ও তাদের জন্য কার্যকর খাবারের তালিকা দেওয়া হলো।
১. সর্দি–কাশি, ফ্লু, ভাইরাল জ্বর
যে খাবার উপকারী: আদা, মধু, তুলসী, লেবু, আমলকী, রসুন
কেন কাজ করে
• আদায় অ্যান্টিভাইরাল উপাদান আছে, শ্বাসনালি খুলে দেয়।
• মধু অ্যান্টিব্যাকটেরিয়াল, গলা প্রশান্ত রাখে।
• লেবু ও আমলকীর ভিটামিন সি ইমিউন সেল বাড়ায়।
• রসুন শক্তিশালী অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল, প্রতিদিনের খাদ্যে জরুরি।
কখন খাবেন: সকালে।

২. হাঁপানি, অ্যালার্জি, শ্বাসকষ্ট
যেসব খাবার উপকারী: হলুদ দুধ (গোল্ডেন মিল্ক), আদা–মধু, ইলিশ মাছ, বাদাম
কেন কাজ করে
• হলুদ শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি, শ্বাসনালির প্রদাহ কমায়।
• ইলিশের ওমেগা–৩ অ্যালার্জির রাসায়নিক লিউকোট্রিন কমায়।
• বাদামের ম্যাগনেসিয়াম শ্বাসনালি রিল্যাক্স করে।
কখন খাবেন
• গোল্ডেন মিল্ক: বিকেলে বা রাতে
• বাদাম: বিকেলে
৩. বাত–জয়েন্টের ব্যথা
যে খাবার উপকারী: মেথি, কালিজিরা, তিল, আদা–হলুদ
কেন কাজ করে
• মেথি অ্যান্টি-ইনফ্লেমেটরি।
• কালিজিরা ব্যথা ও প্রদাহ কমাতে শক্তিশালী।
• তিলের ভিটামিন–ই জয়েন্ট লুব্রিকেশন বাড়ায়।
কখন খাবেন
• মেথি ও কালিজিরা: সকালে
• তিল: বিকেলে ভেজে
• আদা–হলুদ: রাতে
৪. শুষ্ক ত্বক ও চুলকানি
যে খাবার উপকারী: ঘি, খেজুর. বাদাম, নারকেল তেল,
কেন কাজ করে
• ঘি ও বাদামে ভিটামিন এ এবং ই ত্বকের ময়েশ্চার বৃদ্ধিতে কার্যকর।
• খেজুরের পটাশিয়াম ও অ্যান্টি–অক্সিডেন্ট ত্বক হাইড্রেটেড রাখে।
কখন খাবেন
• ঘি: রাতে
• বাদাম ও খেজুর: বিকেলে

৫. উচ্চ রক্তচাপ
যে খাবার উপকারী: খেজুর, কলা, ওটস, মুগ ডাল
কেন কাজ করে
• খেজুর ও কলার পটাশিয়াম শরীর থেকে সোডিয়াম বের করে রক্তচাপ কমায়।
• ওটস কোলেস্টেরল কমায়।
• মুগ ডালের ফাইবার ও পটাশিয়াম ধমনি পরিষ্কার রাখে।
কখন খাবেন
• সকালে: কলা
• বিকেলে: খেজুর
• রাতে: ওটস ও মুগ ডাল
বাংলার শীত সুন্দর, যদি আপনি গ্রহণ করতে জানেন। খাদ্যতালিকায় এসব উপাদান যোগ করলে শরীর শীতকে মানিয়ে নেয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, মন-শরীর থাকে উষ্ণ ও চনমনে—ছোট থেকে বড়, সব বয়সের মানুষের জন্যই উপযোগী।
লেখক: খাদ্য ও পথ্যবিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
ছবি: এআই ও পেকজেলসটকম