
ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড হলো একটি অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে জমা হওয়া ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যাল হলো সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদান, যা শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করে বয়স বাড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং নানা রোগের কারণ হয়। নিয়মিত ভিটামিন সি গ্রহণ এ ক্ষতির মাত্রা অনেকটাই কমিয়ে দেয়।

যাদের দৈনন্দিন রুটিন ব্যস্ত, কাজের চাপ বেশি বা দীর্ঘসময় ঠান্ডা পরিবেশে থাকতে হয়, তাদের জন্য ভিটামিন সি সত্যিকারের বন্ধু। এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, সর্দি-কাশির তীব্রতা কমায় এবং সংক্রমণের সময় দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

আমাদের ত্বকের উজ্জ্বলতা, দৃঢ়তা আর তারুণ্য ধরে রাখতে সবচেয়ে বেশি যে উপাদানটি প্রয়োজন তা হলো কোলাজেন। ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, ফলে ত্বক থাকে মসৃণ, টানটান এবং স্বাভাবিক উজ্জ্বল। এ কারণেই আজকাল স্কিনকেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে বিউটি রুটিন সবখানেই ভিটামিন সি-র বিশেষ জায়গা। ভিটামিন সি কে নিয়ে বিউটি ব্লগার এবং কন্টেন্টক্রিয়েটররা বানাচ্ছেন মজার সব্য ভাইরাল কনটেন্ট।

যারা আয়রন সাপ্লিমেন্ট খান বা আয়রন ঘাটতিতে ভোগেন, তাদের জন্য ভিটামিন সি অপরিহার্য। এটি খাবারের নন-হিম আয়রন শোষণে সাহায্য করে, ফলে শরীরে রক্তাল্পতার ঝুঁকি কমে এবং শক্তি বাড়ে।
একটু জেনে নেওয়া যাক প্রতিদিন একজন মানুষের কতটা ভিটামিন সি প্রয়োজন?
সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের দৈনিক ৭৫-৯০ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন হয়। তবে ব্যায়াম, স্ট্রেস, ধূমপান বা দূষিত পরিবেশে দীর্ঘসময় থাকলে প্রয়োজন কিছুটা বেড়ে যেতে পারে।

ভিটামিন সি পাওয়া যায় অনেক সহজ-স্বাভাবিক খাবার থেকেই। যেমন - মাল্টা, কমলা, বাতাবি লেবু, আমলা (Indian gooseberry),পেয়ারা, কিউই, স্ট্রবেরি, টমেটো, ক্যাপসিকাম ও ব্রকোলিতে। এছাড়াও কাঁচা লেবুর রস প্রতিদিনের খাবারে যুক্ত করলে চাহিদার বড় অংশ পূরণ হয় সহজেই।
যদি আপনার দৈনন্দিন খাবারে ভিটামিন সি সমৃদ্ধ ফল-সবজি যথেষ্ট পরিমাণে থাকে, সাধারণত সাপ্লিমেন্টের দরকার হয় না। তবে ঘন ঘন সর্দি-কাশি হয়, শরীরে দুর্বলতা থাকে বা ডাক্তার আলাদাভাবে নিতে বললে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।
সৌন্দর্য, সুস্থতা আর শক্তিময় জীবন এই তিনটি বিষয়কে একসঙ্গে পুষ্টি জোগায় ভিটামিন সি। তাই ব্যস্ত শহুরে জীবনে সামান্য সচেতনতা আনলেই ভিটামিন সি হতে পারে আপনার প্রতিদিনের স্বাস্থ্যের নাম্বার ওয়ান বন্ধু।
ছবি: পেকজেলসডটকম