
রান্নাঘর আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর এখানেই থাকে এমন কিছু জিনিস যা আপনার স্বাস্থ্য ও পরিবেশের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এসবে মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর কণার উপস্থিতি আমাদের শরীরকে মারাত্মক প্রভাবিত করছে, যা আমরা বুঝে উঠতে পারছি না। গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিকের কারণে এন্ডোক্রাইনজনিত সমস্যা, ওজন বৃদ্ধি, ক্যানসার, ইনসুলিনের উৎপাদন হ্রাসসহ অন্যান্য বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তবে শুধু মাইক্রোপ্লাস্টিক নয়, রান্নাঘরে ব্যবহৃত এমন আরও কিছু জিনিস আমাদের শরীরের জন্য হতে পারে ভয়াবহ। এগুলো যত দ্রুত সম্ভব রান্নাঘর থেকে সরিয়ে ফেলা যায়, ততই ভালো।

কমবেশি সবার বাসায় দেখা যায় একটি প্লাস্টিকের কাটিং বোর্ড। সবাই মনে করেন, এই ছোট্ট একটি জিনিসে কী এমন হতে পারে! তবে এই ছোট্ট জিনিসই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ডেকে আনছে ভয়াবহ সব ঝুঁকি। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের কাটিং বোর্ড ব্যবহারের সময় প্রতিদিন লাখ লাখ মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। যার ফলে ওজন বৃদ্ধি, হরমোনজনিত সমস্যা, ক্যানসারসহ প্রজনন জটিলতা পর্যন্ত দেখা দিতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন কাঠের বা বাঁশের কাটিং বোর্ড।

অনেকেই রান্না বা খাবার সংরক্ষণের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন। তবে উচ্চতাপে ফয়েল থেকে অ্যালুমিনিয়ামের কণা খাবারে মিশে যেতে পারে, যা স্নায়ুতন্ত্রের সমস্যা থেকে শুরু করে কিডনির ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে। বিকল্প হিসেবে বেকিং পেপার, সিলিকন কভার বা কাচের পাত্র ব্যবহার করতে পারেন।

প্লাস্টিকের কনটেইনারে খাবার গরম করা বা সংরক্ষণ করার সময় ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়। বিশেষত মাইক্রোওয়েভে গরম করলে এ সমস্যা আরও প্রকট হয়। বিপিএ (বিসফেনল এ) ও ফথালেটের মতো রাসায়নিক কণাগুলো হরমোনাল সমস্যা সৃষ্টি করতে পারে। খাবার সংরক্ষণ ও গরম করার জন্য কাচ, সিরামিক বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা নিরাপদ।

ননস্টিক প্যানের প্রলেপে পিএফওএ ও পিএফএএস নামক রাসায়নিক থাকে, যা উচ্চতাপে ক্ষতিকর কণা নির্গত করতে পারে। এগুলো শ্বাসতন্ত্রের রোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিকল্প হিসেবে কাস্ট আয়রন বা স্টেইনলেস স্টিলের প্যান ব্যবহার করা ভালো। এগুলো যেমন টেকসই, তেমনই নিরাপদ।

প্লাস্টিকের র্যাপে খাবার ঢেকে রাখলে এসবে ব্যবহৃত প্লাস্টিকের রাসায়নিক উপাদান খাবারের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা থাকে যা দীর্ঘ মেয়াদে হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। এর পরিবর্তে কাচের জার বা পুনর্ব্যবহারযোগ্য সিলিকন কভার ব্যবহার করতে পারেন।

টি–ব্যাগ গরম পানির সংস্পর্শে এলে লাখ লাখ মাইক্রোপ্লাস্টিক কণা পানিতে মিশে যায়, যা সরাসরি আপনার শরীরে প্রবেশ করে। একটি গবেষণায় দেখা গেছে, টি–ব্যাগ থেকে প্রতি কাপ চায়ে প্রায় ১১ দশমিক ৬ বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক এবং ৩ দশমিক ১ বিলিয়ন ন্যানোপ্লাস্টিক কণা মিশে যেতে পারে। এসব প্লাস্টিক কণা দেহের কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দীর্ঘ মেয়াদে হরমোনজনিত সমস্যা, অন্ত্রের প্রদাহ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে। এই সমস্যার সমাধান হিসেবে প্লাস্টিকমুক্ত টি–ব্যাগ বেছে নিতে পারেন। সবচেয়ে ভালো হলো খোলা চা–পাতা ব্যবহার করা, যা পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর।