
অনেকে বলেন, খাবারের সময় পানীয় খাওয়া হজমের জন্য ক্ষতিকর। আবার কেউ বলেন, এতে শরীরে বিষাক্ত পদার্থ জমে নানা স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে—খাবারের সঙ্গে এক গ্লাস পানি খেলে কি সত্যিই ক্ষতি হয়, নাকি এটা শুধু একটা ভুল ধারণা?

হজম প্রক্রিয়ার মূল বিষয়
পানি কেন হজমে সমস্যা করে বলে মনে করা হয়, তা বুঝতে হলে আগে স্বাভাবিক হজম প্রক্রিয়া জানা দরকার। খাবার চিবানো শুরু করলে মুখের ভেতরেই হজম শুরু হয়। চিবানোর সময় লালাগ্রন্থি লালা তৈরি করে। এতে এনজাইম থাকে—যা খাবার ভাঙতে সাহায্য করে।

খাবার পাকস্থলীতে গেলে এটি অ্যাসিডিক রসের সঙ্গে মিশে আরও ভেঙে যায় এবং “কাইম” নামে ঘন তরলে পরিণত হয়। এরপর এটি ক্ষুদ্রান্ত্রে যায়, যেখানে অগ্ন্যাশয়ের এনজাইম ও যকৃতের পিত্তরস মিশে খাবারকে আরও ভেঙে দেয়, যাতে পুষ্টি রক্তে শোষিত হতে পারে। বেশিরভাগ পুষ্টি ক্ষুদ্রান্ত্রেই শোষিত হয়। বাকিটা বৃহদান্ত্রে গিয়ে শোষিত হয়। এরপর পুষ্টি শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় এবং শেষে বর্জ্য বের হয়ে যায়। পুরো হজম প্রক্রিয়া সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় নিতে পারে।
খাবারের সঙ্গে পানীয় কি হজমে সমস্যা করে?
প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়া উপকারী। তবে অনেকেই মনে করেন, খাবারের সময় পানীয় খাওয়া ক্ষতিকর। এ নিয়ে তিনটি সাধারণ যুক্তি আছে:
১. টক জাতীয় পানীয় লালা কমায় কেউ কেউ বলেন, এগুলো লালা শুকিয়ে ফেলে, ফলে হজম কঠিন হয়। বাস্তবে টক পানীয় বরং লালা বাড়াতে পারে। পরিমিত মাত্রায় এগুলো খাবারের সঙ্গে পান করলে হজমে ক্ষতি করে এমন প্রমাণ নেই।

২. পানি হজমের রস পাতলা করে দেয় অনেকে বলেন, পানি খেলে পাকস্থলীর অ্যাসিড ও এনজাইম দুর্বল হয়ে যায়। কিন্তু আমাদের শরীর খাবারের ধরন অনুযায়ী নিজে থেকেই রসের পরিমাণ ঠিক করে নেয়। তাই এই ধারণা ঠিক নয়। আর অনেক খাবারেও প্রচুর পানি থাকে।
৩. পানীয় খাবার দ্রুত বের করে দেয় আরেকটি ধারণা হলো, পানীয় খেলে খাবার দ্রুত পাকস্থলী থেকে বের হয়ে যায়, ফলে ঠিকমতো হজম হয় না।
কিন্তু গবেষণায় দেখা গেছে, তরল দ্রুত গেলেও এটি শক্ত খাবারের হজমের গতি কমায় না। পানীয় হজমে বরং সাহায্য করতে পারে পানীয় বড় খাবারের টুকরো ভাঙতে সাহায্য করে, ফলে সহজে গিলে ফেলা যায়। এগুলো খাবারকে সহজে এগিয়ে নিতে সাহায্য করে, ফলে গ্যাস বা কোষ্ঠকাঠিন্য কমে।।

হজমের সময় পাকস্থলী নিজেও পানি তৈরি করে, যা এনজাইম ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। খাবারের সঙ্গে পানি বা পানীয় খাওয়া এড়িয়ে চলার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। তবে যদি এতে আপনার অস্বস্তি, পেট ফাঁপা বা অ্যাসিডিটি বাড়ে, তাহলে খাবারের আগে বা মাঝখানে পানি পান করা ভালো। অন্যথায়, খাবারের সময় পানীয় খাওয়া হজমে সাহায্যই করতে পারে, শরীরকে হাইড্রেট রাখে এবং আপনাকে তৃপ্ত রাখে।
সূত্র: হেলথলাইন
ছবি: এ আই ও পেকজেলস