ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করা বাড়ছে কেন তরুণদের মাঝে? কী হয় এতে?
শেয়ার করুন
ফলো করুন

ঘুমের মধ্যে কিড়মিড় করে দাঁত ঘষার শব্দে অনেক সময় পাশের মানুষটির ঘুম ভেঙে যায়। অথচ যিনি দাঁত ঘষছেন, তিনি নিজে বিষয়টি টেরও নাও পেতে পারেন। চিকিৎসাবিজ্ঞানে ঘুমের মধ্যে অনিচ্ছাকৃতভাবে দাঁত চেপে ধরা বা ঘষাকে বলা হয় ‘স্লিপ ব্রুক্সিজম’।

শিশুদের মধ্যে এটি তুলনামূলকভাবে বেশি দেখা গেলেও তরুণদের মধ্যেও এ প্রবণতা নিয়ে আলোচনা বাড়ছে। মানসিক চাপ, উদ্বেগ, অনিয়মিত জীবনযাপন, ঘুমের সমস্যা এবং কিছু ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের সমস্যার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

মানসিক চাপের প্রভাব

পড়াশোনা, চাকরি, সম্পর্ক, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—তরুণদের জীবনে মানসিক চাপের কারণের কমতি নেই।

স্ট্রেসের সঙ্গে চোয়ালের পেশি শক্ত করে রাখা O দাঁত চেপে ধরার প্রবণতার সম্পর্ক রয়েছে
স্ট্রেসের সঙ্গে চোয়ালের পেশি শক্ত করে রাখা O দাঁত চেপে ধরার প্রবণতার সম্পর্ক রয়েছে

দিনের এই চাপ ঘুমের সময়ও শরীরে প্রভাব ফেলতে পারে। উদ্বেগ বা স্ট্রেসের সঙ্গে চোয়ালের পেশি শক্ত করে রাখা এবং দাঁত চেপে ধরার প্রবণতার সম্পর্ক রয়েছে। ফলে ঘুমের মধ্যেও অজান্তে দাঁত ঘষতে পারেন কেউ কেউ।

বিজ্ঞাপন

রাত জাগা ও স্ক্রিনের ব্যবহার

ঘুমানোর আগে দীর্ঘ সময় মুঠোফোন, কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহারের অভ্যাস ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে রাত জেগে স্ক্রিন দেখা, অনিয়মিত সময়ে ঘুমানো এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে ঘুমের মান খারাপ হতে পারে। অস্থির ঘুমের সঙ্গে কিছু মানুষের দাঁত ঘষার প্রবণতাও বাড়তে পারে।

অস্থির ঘুমের সঙ্গে কিছু মানুষের দাঁত ঘষার প্রবণতাও বাড়তে পারে
অস্থির ঘুমের সঙ্গে কিছু মানুষের দাঁত ঘষার প্রবণতাও বাড়তে পারে

তাই ঘুমানোর অন্তত কিছু সময় আগে মুঠোফোন বা অন্য ডিভাইস থেকে দূরে থাকা এবং প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুমানোর অভ্যাস করা ভালো।

নাক ডাকা বা শ্বাসের সমস্যা আছে কিনা খেয়াল করুন

ঘুমের মধ্যে দাঁত ঘষার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যারও সম্পর্ক থাকতে পারে। যেমন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের সময় শ্বাসনালি বারবার আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। নিয়মিত নাক ডাকা, ঘুমের মধ্যে হাঁসফাঁস করা, শ্বাস বন্ধ হয়ে আসা কিংবা সকালে ঘুম থেকে উঠে অতিরিক্ত ক্লান্ত লাগা—এসব লক্ষণ থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

ঘুমের মধ্যে দাঁত ঘষার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যারও সম্পর্ক থাকতে পারে
ঘুমের মধ্যে দাঁত ঘষার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যারও সম্পর্ক থাকতে পারে

নাক বন্ধ থাকা বা দীর্ঘদিন মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাসও ঘুমের স্বাভাবিকতায় প্রভাব ফেলতে পারে। তবে দাঁত ঘষার একমাত্র কারণ হিসেবে এসব সমস্যাকে ধরে নেওয়া ঠিক নয়।

ক্যাফেইনেও নজর

চা-কফি, এনার্জি ড্রিংক ও কিছু কোমল পানীয়তে থাকা ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত রাখে। বিশেষ করে সন্ধ্যার পর বা ঘুমানোর কাছাকাছি সময়ে বেশি ক্যাফেইন গ্রহণ করলে কারও কারও ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। ফলে রাতে দাঁত ঘষার প্রবণতাও বাড়তে পারে। তাই ঘুমের সমস্যা থাকলে সন্ধ্যার পর ক্যাফেইন গ্রহণ কমিয়ে দেখা যেতে পারে।

বেশি ক্যাফেইন গ্রহণ করলে কারও কারও ঘুমে ব্যাঘাত ঘটতে পারে
বেশি ক্যাফেইন গ্রহণ করলে কারও কারও ঘুমে ব্যাঘাত ঘটতে পারে

দাঁতের কী ক্ষতি হয়?

মাঝেমধ্যে দাঁত ঘষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন না থাকলেও দীর্ঘদিন ধরে এমনটি হলে দাঁতের ওপর চাপ পড়ে। দাঁতের উপরিভাগ ক্ষয়ে যাওয়া, দাঁত সংবেদনশীল হয়ে পড়া, চোয়ালে ব্যথা বা শক্ত হয়ে থাকার অনুভূতি এবং সকালে মাথাব্যথা হতে পারে। অতিরিক্ত চাপের কারণে দাঁতে ফাটল বা ভেঙে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

এতে চোয়ালে ব্যথা বা শক্ত হয়ে থাকার অনুভূতি এবং সকালে মাথাব্যথা হতে পারে
এতে চোয়ালে ব্যথা বা শক্ত হয়ে থাকার অনুভূতি এবং সকালে মাথাব্যথা হতে পারে

শিশু-কিশোরদের ক্ষেত্রে দাঁত ওঠার সময় চোয়াল ও দাঁতের স্বাভাবিক পরিবর্তনের কারণেও সাময়িকভাবে দাঁত ঘষার প্রবণতা দেখা দিতে পারে। তবে তা নিয়মিত হলে বা দাঁতের ক্ষতির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কী করবেন?

ঘুমের মধ্যে দাঁত ঘষার নির্দিষ্ট একটি কারণ সবসময় থাকে না। তাই শুধু দাঁত ঘষার শব্দ বন্ধ করার চেষ্টা না করে এর পেছনে থাকা কারণটিও খুঁজে দেখা জরুরি। নিয়মিত ঘুম, মানসিক চাপ কমানোর চেষ্টা, রাতে ক্যাফেইন কমানো এবং ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার সীমিত করা সহায়ক হতে পারে।

ঘুমের মধ্যে দাঁত ঘষার নির্দিষ্ট একটি কারণ সবসময় থাকে না
ঘুমের মধ্যে দাঁত ঘষার নির্দিষ্ট একটি কারণ সবসময় থাকে না

দাঁত ক্ষয়ে যাওয়া, চোয়ালে ব্যথা বা সকালে নিয়মিত মাথাব্যথা হলে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। আর নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসা বা হাঁসফাঁস করার মতো লক্ষণ থাকলে ঘুম ও শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হতে পারে।

এমন প্রবণতা চোখে পড়লে বিষয়টি একেবারে উপেক্ষা না করাই ভালো
এমন প্রবণতা চোখে পড়লে বিষয়টি একেবারে উপেক্ষা না করাই ভালো

ঘুমের মধ্যে দাঁত ঘষা হয়তো নিছক একটি অভ্যাস মনে হতে পারে। কিন্তু নিয়মিত হলে তা শরীরের অন্য কোনো সমস্যা বা দীর্ঘদিনের মানসিক চাপের ইঙ্গিতও হতে পারে। তাই নিজের বা কাছের কারও এমন প্রবণতা চোখে পড়লে বিষয়টি একেবারে উপেক্ষা না করাই ভালো।

সূত্র: বিবিসি, হেলথলাইন

ছবি: ইন্সটাগ্রাম, পেকজেলস

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৩০
বিজ্ঞাপন