কেন আপনার শিশুকে মেডিটেশন শেখাবেন
শেয়ার করুন
ফলো করুন

আহমদ মর্তুজা

গত পাঁচ থেকে ছয় বছরে শিশুদের মধ্যে যত বেশি এডিএইচডি, দুর্বল স্মৃতিশক্তি বা মনোযোগের অভাব দেখা যাচ্ছে, এর আগে এতটা প্রকটভাবে কখনোই দেখা যায়নি।
এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত স্ক্রিনে আসক্তি।

কী এই এডিএইচডি

এডিএইচডি (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার) একটি মানসিক রোগ। বর্তমানে বিশ্বে ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ২ দশমিক ৪ শতাংশ, অর্থাৎ ৩ লাখ ৮৮ হাজার শিশু এডিএইচডিতে আক্রান্ত! এডিএইচডিতে আক্রান্ত শিশুরা স্থির হয়ে এক জায়গায় বসে থাকতে পারে না। অতিরিক্ত চঞ্চলতা, মনোযোগ বসাতে না পারা, আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারা, সহজেই ধৈর্য হারানো, খুব বেশি রাগ বা জিদ করা, দিকনির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে না পারা, অগোছালো কাজ ও হঠকারিতা এডিএইচডিতে আক্রান্ত শিশুদের প্রধান লক্ষণ।

এডিএইচডিতে আক্রান্ত শিশুর মধ্যে অতিরিক্ত চঞ্চল
এডিএইচডিতে আক্রান্ত শিশুর মধ্যে অতিরিক্ত চঞ্চল

অধিকাংশ সময়েই অভিভাবকেরা এই আচরণগুলোকে ‘বাচ্চাদের দুষ্টুমি’ মনে করে থাকেন এবং অতিরিক্ত শাসন করেন। তবে এতে হয় হিতে বিপরীত।
কেননা, এডিএইচডিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের সঙ্গে সমবয়সী সাধারণ একটি শিশুর কাঠামোগত পার্থক্য রয়েছে।

র‍্যাডবুড ইউনিভার্সিটি নাইমেগান মেডিকেল সেন্টার ২০১৮ সালে তাদের গবেষণায় এডিএইচডি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরে।

বিজ্ঞাপন

গবেষকেরা বলেন, এডিএইচডিতে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের আয়তন ও আকার সাধারণ মস্তিষ্কের তুলনায় ছোট হয়। সাধারণ মস্তিষ্কের তুলনায় এডিএইচডি–মস্তিষ্ক বেশ ধীরগতিতে পরিপূর্ণ হয়, যা কখনো এক থেকে তিন বছর পর্যন্ত পিছিয়ে থাকে। এমনকি কোনো পদক্ষেপ না নিলে এডিএইচডি মস্তিষ্ক কখনোই একজন সাধারণ মানুষের মস্তিষ্কের মতো পরিপক্বতা লাভ করতে পারে না।

এডিএইচডিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের সঙ্গে সমবয়সী সাধারণ একটি শিশুর কাঠামোগত পার্থক্য রয়েছে
এডিএইচডিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের সঙ্গে সমবয়সী সাধারণ একটি শিশুর কাঠামোগত পার্থক্য রয়েছে

গবেষণায় আরও জানা যায়, এডিএইচডি–মস্তিষ্কে অ্যামিগডালা ও হিপ্পোক্যাম্পাস—মস্তিষ্কের এই দুটো গুরুত্বপূর্ণ অংশই আকারে ছোট হয়ে থাকে। এই দুটো অংশ মানুষের আবেগীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এ কারণেই এডিএইচডিতে আক্রান্ত শিশুর মধ্যে অতিরিক্ত চঞ্চলতা, যেকোনো কাজে খুব সহজে আগ্রহ হারিয়ে ফেলা, ধৈর্যচ্যুতি ইত্যাদি দেখা যায়।

বিজ্ঞাপন

স্ক্রিনে আসক্তি

করোনাকাল ও তার পরবর্তী সময়ে, অর্থাৎ ২০২০ সাল থেকে প্রায় দুই বছর শিক্ষার্থীরা যে শিক্ষার ঘাটতির সম্মুখীন হয়েছে, তা এখনো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।
আর দুটো বছর ঘরে থেকে ভার্চ্যুয়াল শিক্ষাপদ্ধতির সঙ্গে তাল মেলাতে গিয়ে অধিকাংশ শিশুই হয়ে পড়েছে স্ক্রিনে আসক্ত। এই আসক্তি যে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, তা সহজেই বোঝা যায় আমাদের চেনা পরিমণ্ডলের শিশুদের দেখলেই।

করোনাকালে অনেক শিশুই স্ক্রিনে আসক্ত হয়ে পড়েছে
করোনাকালে অনেক শিশুই স্ক্রিনে আসক্ত হয়ে পড়েছে

বয়স অনুযায়ী দেরিতে কথা বলা, মুঠোফোন না পেলেই জিদ, চিৎকার-চেঁচামেচি, মারামারি, নতুন পরিমণ্ডলে মিশতে না পারা, কথা বলতে না চাওয়া, নতুন কিছু শিখতে না চাওয়া—এমন আরও অসংখ্য সীমাবদ্ধতা নিয়ে শিশুরা বেড়ে উঠছে, যা একটি শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আপাতদৃষ্টে বিষয়গুলো খুব স্বাভাবিক মনে হলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। কারণ, একেবারে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেওয়া একটি শিশুও পরিপূর্ণ মানসিক বিকাশের অভাবে অটিজমের মতো জটিল মানসিক ডিজঅর্ডারে আক্রান্ত হতে পারে।

কীভাবে রক্ষা করব শিশুকে

বর্তমান ছুটে চলা এই বিশ্বে অধিকাংশ পরিবারেই মা–বাবা দুজনেই কর্মরত। ফলে, সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন না অনেকেই। যেটুকু সময়ও বা পাচ্ছেন, মা–বাবা সন্তানের হাতে এই ভেবে ডিভাইস তুলে দিচ্ছেন যে এই যন্ত্রই তাঁর সন্তানকে স্মার্ট ও যুগোপযোগী করে তুলবে!

অথচ গবেষণায় দেখা গেছে, জন্মের পর থেকে প্রথম তিন বছর একটি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে মা–বাবা ও অভিভাবকের কাছ থেকে পরিপূর্ণ মনোযোগ ও মমতা, সন্তানের উদ্দেশে সব সময় ইতিবাচক কথা বলা, প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, নিজের ছোট ছোট কাজ নিজেকেই করতে শেখানো, বই পড়ে শোনানো, ছবি আঁকা, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস ইত্যাদি শিশুর মস্তিষ্কের বিকাশে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখে।

শিশু চিনিসমৃদ্ধ খাবার যেমন চকলেট, আইসক্রিম, কোমল পানীয় থেকে বিরত রাখতে হবে
শিশু চিনিসমৃদ্ধ খাবার যেমন চকলেট, আইসক্রিম, কোমল পানীয় থেকে বিরত রাখতে হবে

বৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে প্রাকৃতিক খাবার খাওয়ানো, চিনিসমৃদ্ধ খাবার যেমন চকলেট, আইসক্রিম, কোমল পানীয়—এসব বর্জন (কেননা, সাম্প্রতিক কিছু গবেষণায় জানা যাচ্ছে, চিনির সঙ্গে এডিএইচডির সম্পর্ক রয়েছে), সময়মতো খাওয়ানো, পরিমিত খাওয়ানো ইত্যাদি।

আর একেবারে টনিকের মতো যে জিনিস আপনার সন্তানের পরিপূর্ণ বিকাশে সাহায্য করবে তা হলো মেডিটেশন!

মেডিটেশন কীভাবে শিশুকে সাহায্য করে

সভ্যতার একেবারে শুরু থেকে আরম্ভ করে বর্তমান সময়ের মতো এত প্রতিযোগিতামূলক সময় এর আগে কোনো প্রজন্মের শিশুই পার করেনি। সব সময় একটা ছুট ছুট দৌড় দৌড় ভাব!

এই ছোটাছুটি আপনার অজান্তেই আপনার শিশুর মধ্যে তৈরি করছে স্ট্রেস। স্বাভাবিকভাবেই একজন শিশুর এই স্ট্রেস সামলানোর মতো সক্ষমতা তৈরি হয় না। আবার স্ট্রেসের বহিঃপ্রকাশও সে দেখাতে পারে না। ফলে, এই স্ট্রেস ধীরে ধীরে তার মানসিক, শারীরিক, সামাজিক, আত্মিক বিকাশের পথে বাধা তৈরি করে।
এর প্রকাশ ঘটে ছোট ছোট ব্যাপারে টেনশন করা, অস্থিরতা, মনোযোগহীনতা, সহজেই ভুলে যাওয়া, বিষণ্নতা, খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলা, খাবারে অনীহা—এসবের মাধ্যমে।

সন্তানের মানসিক অস্থিরতা মোকাবিলা করতে ছোটবেলা থেকেই তাকে মেডিটেশনে অভ্যস্ত করে তুলতে হবে
সন্তানের মানসিক অস্থিরতা মোকাবিলা করতে ছোটবেলা থেকেই তাকে মেডিটেশনে অভ্যস্ত করে তুলতে হবে

তাই আপনার সন্তানের যেকোনো মানসিক অস্থিরতাকে মোকাবিলা করতে ছোটবেলা থেকেই তাকে মেডিটেশনে অভ্যস্ত করে তুলুন। মেডিটেশন আপনার মস্তিষ্কের সেই অংশগুলোকে সক্রিয় করে তোলে, যা স্মৃতি ধরে রাখা, মনোযোগ, ধৈর্যশক্তি বৃদ্ধি, শেখার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত যে শিশুরা মেডিটেশন চর্চা করে, তাদের সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

সমবয়সীদের প্রতি সমমর্মিতা, প্রতিকূল পরিস্থিতিতে রাগ, ক্ষোভ, জিদ সামলানোর দক্ষতা, ক্লাসে মনোযোগ বৃদ্ধি, ডিপ্রেশন স্ট্রেস দূর, আত্মবিশ্বাস বৃদ্ধি, এমনকি এডিএইচডিকেও দারুণভাবে মোকাবিলা করার অনবদ্য এক হাতিয়ার হিসেবে মেডিটেশনকে স্বীকৃতি দিয়েছেন গবেষকেরা।

শিশুকে কীভাবে মেডিটেশন শেখাব

শিশুরা তার পরিচিত পরিমণ্ডলে যা দেখে, তা–ই খুব সহজে রপ্ত করে ফেলে। তাদের এই সহজাত প্রবণতাকে কাজে লাগিয়ে খুব সহজেই শিশুকে মেডিটেশন শেখানো যায়। এর জন্য মেডিটেশনকে একটি পারিবারিক চর্চায় রূপ দিন।

প্রতিদিন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিবারের সবাই মিলে একসঙ্গে মেডিটেশন করুন। সঙ্গে অবশ্যই পরিবারের খুদে সদস্যটিকেও নিন। শুরুতেই শিশুদের জন্য দীর্ঘ সময়ে মেডিটেশন করা কঠিন ব্যাপার। তাই ৫ থেকে ১০ মিনিটই শিশুর জন্য যথেষ্ট।

প্রতিদিন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিবারের সবাই মিলে একসঙ্গে মেডিটেশন করা যেতে পারে
প্রতিদিন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিবারের সবাই মিলে একসঙ্গে মেডিটেশন করা যেতে পারে

তাকে দমের দিকে মনোযোগ দিতে বলেন। ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের দিকে নজর দিতে বলুন। বারবার ইতিবাচক কথা বলতে থাকুন। নিয়মিত এই চর্চার ফলে আপনার সন্তানের মনোযোগ বৃদ্ধি ও মনের অস্থিরতা দূর হবে। সে হয়ে উঠবে আরও চৌকস, বুদ্ধিমান, প্রখর স্মৃতিশক্তির অধিকারী ও যথার্থ স্মার্ট!

তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ থেকেই মেডিটেশন চর্চা শুরু করুন!

লেখক: অধ্যাপক ডা. আহমদ মর্তুজা, শিশুরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক, ডা. এম আর খান শিশু ইনস্টিটিউট ও হাসপাতাল

ছবি: সংগৃহীত ও পেকজেলসডটকম

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯: ৩৭
বিজ্ঞাপন