
সকালের খাবারে কিছু সহজ কিন্তু পুষ্টিকর উপাদান যোগ করলেই বদলে যেতে পারে আপনার পুরো দিনের কর্মক্ষমতা। যেগুলো ক্যাফেইন ছাড়াই এনে দেবে প্রাকৃতিক এনার্জি।

ওটস অনেকদিন ধরেই স্বাস্থ্যকর সকালের খাবার হিসেবে জনপ্রিয়। এতে থাকা জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার ধীরে হজম হয়, ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শক্তি স্থিরভাবে বজায় থাকে। ব্যস্ত সকালে ওটসও হতে পারে সহজ খাবার। যেমন ওটমিল, স্মুদি কিংবা ওভারনাইট ওটস। যেভাবেই খান, এটি আপনার দিনটাকে শুরু করবে সুন্দরভাবে।

একটি ডিমেই আছে উচ্চমানের প্রোটিন, যা আপনাকে দীর্ঘ সময় তৃপ্ত রাখে। পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি, কোলিন ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ভাজি, সেদ্ধ কিংবা সবজির সঙ্গে স্ক্র্যাম্বল, ডিম যেকোনোভাবেই হতে পারে আপনার সকালের শক্তির নির্ভরযোগ্য সঙ্গী।

সকালের টেবিলে দই-চিড়া বা মুড়ির আলাদা এক আবেদন আছে। সহজলভ্য এই খাবারগুলো একদিকে যেমন হালকা, তেমনি পুষ্টিকরও। দইয়ের প্রোবায়োটিক উপাদান হজমে সহায়তা করে, আর চিড়া বা মুড়ি থেকে পাওয়া যায় প্রয়োজনীয় কার্বোহাইড্রেট—যা শরীরে দ্রুত শক্তি জোগায়। চাইলে এতে ফল, বাদাম বা সামান্য মধু যোগ করে স্বাদ ও পুষ্টিগুণ আরও বাড়ানো যায়। অল্প সময়ে প্রস্তুত করা যায় বলেই ব্যস্ত সকালেও এটি হয়ে ওঠে আদর্শ একটি পছন্দ।

যখন সময় কম, তখন একটি কলাই হতে পারে আপনার সবচেয়ে ভালো বন্ধু। এতে থাকা প্রাকৃতিক শর্করা, পটাশিয়াম ও ভিটামিন বি৬ শরীরকে দ্রুত শক্তি জোগায়। চাইলে পিনাট বাটার বা দইয়ের সঙ্গে খেলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়।

চিয়া, ফ্ল্যাক্সসিড, কাঠবাদাম–এই ছোট ছোট উপাদানগুলোই শরীরের জন্য বিশাল উপকার বয়ে আনে। এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার, যা শক্তি ধরে রাখতে সাহায্য করে। তবে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। অল্পতেই এর উপকার পাওয়া যায়।

মুগ বা ছোলার স্প্রাউটস প্রোটিন, ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শুধু পেট ভরায় না, হজমেও সহায়তা করে এবং শরীরকে দেয় প্রাকৃতিক এনার্জি। সালাদ, স্যান্ডউইচ বা হালকা ভাজি—যেভাবেই খান, এটি এনে দেবে এক ধরনের সতেজ অনুভূতি।
সকালের শুরুটা যদি হয় সঠিক খাবার দিয়ে, তাহলে কফির ওপর নির্ভরতা অনেকটাই কমে যেতে পারে। ছোট ছোট এই পরিবর্তনগুলোই আপনাকে এনে দিতে পারে স্বাস্থ্যকর জীবন।
ছবি: পেকজেলসডটকম