
খাবার নিয়ে স্বাস্থ্যসচেতন মানুষের আগ্রহ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কী খাচ্ছি, কতটা খাচ্ছি, কখন খাচ্ছি—এসবের পাশাপাশি খাবারটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষ করে কাঁচা খাবার বনাম রান্না করা খাবার নিয়ে বিতর্কটি নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে নানা মত, অভিজ্ঞতা ও তথ্য ছড়িয়ে পড়ছে। কেউ মনে করেন, রান্নার তাপে খাবারের গুরুত্বপূর্ণ পুষ্টি নষ্ট হয়; আবার কারও মতে, রান্না না করলে অনেক খাবার শরীরের জন্য সহজপাচ্য ও নিরাপদ হয় না।

তবে বিষয়টিকে শুধু ‘কাঁচা ভালো’ কিংবা ‘রান্না করা ভালো’—এই দুই ভাগে দেখলে পুরো চিত্রটি পাওয়া যাবে না। কারণ, সব খাবারের ক্ষেত্রে নিয়ম এক নয়। কিছু খাবার কাঁচা অবস্থায় বেশি উপকারী, আবার কিছু খাবার রান্না করলেই তার পুষ্টি শরীরের জন্য আরও সহজলভ্য হয়ে ওঠে।
তাহলে কোন খাবার কাঁচা খাওয়া যেতে পারে, কোনটি রান্না করে খাওয়া ভালো, আর রান্নার ক্ষেত্রে কোন পদ্ধতিই–বা সবচেয়ে উপযোগী? বিষয়টি একটু খতিয়ে দেখা যাক।

কাঁচা খাদ্যের পক্ষে যুক্তিগুলো বেশ আকর্ষণীয়। এই মতের অনুসারীরা মনে করেন, খাবার যতটা সম্ভব প্রাকৃতিক ও অপরিবর্তিত অবস্থায় খাওয়াই ভালো। কারণ, রান্নার তাপে কিছু ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান কমে যেতে পারে।
কাঁচা খাদ্য নিয়ে আলোচনায় আরও একটি যুক্তি প্রায়ই সামনে আসে—প্রকৃতির অধিকাংশ প্রাণী খাবার রান্না করে না। তাই মানুষেরও প্রাকৃতিক অবস্থায় খাবার গ্রহণ করা উচিত। তবে মানুষের খাদ্যাভ্যাস ও হজমপ্রক্রিয়া অন্য প্রাণীর মতো এক নয়। মানুষের বিবর্তনে রান্না করা খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও গবেষণায় ধারণা পাওয়া যায়।
অন্যদিকে, রান্নার ফলে শুধু পুষ্টি নষ্ট হয়—বিষয়টি এত সরল নয়। অনেক খাবারের ক্ষেত্রে রান্না পুষ্টি শোষণ সহজ করে এবং কিছু ক্ষতিকর বা হজমে বাধা সৃষ্টি করা উপাদান কমিয়ে দেয়।
তাই কাঁচা ও রান্না করা খাবারের মধ্যে একটিকে সার্বিকভাবে ‘ভালো’ বা ‘মন্দ’ বলা ঠিক নয়। কোন খাবার, কীভাবে রান্না করা হচ্ছে এবং ব্যক্তির সামগ্রিক খাদ্যাভ্যাস—সবকিছুর ওপর বিষয়টি নির্ভর করে।

স্টার্চ ও প্রোটিনের হজমযোগ্যতা বাড়ে
আলু, শস্য ও কাঁচা কলার মতো খাবারে থাকা স্টার্চ রান্নার পর সহজে হজমযোগ্য হয়ে ওঠে। তাপ স্টার্চের গঠন পরিবর্তন করে, ফলে শরীরের জন্য তা ভাঙা ও শোষণ করা সহজ হয়। একইভাবে রান্না করা ডিমের প্রোটিন কাঁচা ডিমের তুলনায় শরীরে বেশি সহজে শোষিত হয়।
অ্যান্টিনিউট্রিয়েন্ট কমাতে সাহায্য করে
শস্য, ডাল ও কিছু সবজিতে ফাইটেট, লেকটিন, ট্রিপসিন ইনহিবিটর ও ট্যানিনের মতো উপাদান থাকে। এগুলোর কিছু পুষ্টি শোষণে বাধা দিতে পারে। সেদ্ধ বা প্রেশার কুকিংয়ের মতো পদ্ধতিতে এসব উপাদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
কিছু পুষ্টি উপাদানের শোষণ বাড়ে
টমেটোর লাইকোপিনের মতো কিছু ফাইটোনিউট্রিয়েন্ট রান্নার পর শরীরের জন্য আরও সহজলভ্য হতে পারে। গাজরের বিটা–ক্যারোটিনের ক্ষেত্রেও রান্না ও সামান্য স্বাস্থ্যকর চর্বির উপস্থিতি শোষণ বাড়াতে সাহায্য করতে পারে।
জীবাণু ও কিছু প্রাকৃতিক বিষ কমে
রান্না ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করতে সাহায্য করে। কিছু খাবারের প্রাকৃতিক ক্ষতিকর উপাদানও রান্নার মাধ্যমে কমে যায়। যেমন কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা কিডনি বিনে থাকা লেকটিন রান্নার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
খাবার থেকে শক্তি পাওয়া সহজ হয়
রান্নার ফলে অনেক খাবার নরম ও সহজপাচ্য হয়। ফলে শরীরকে খাবার ভাঙতে তুলনামূলক কম পরিশ্রম করতে হয় এবং কিছু ক্ষেত্রে খাবার থেকে শক্তি আহরণও সহজ হয়।
রান্নারও কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে অতিরিক্ত সময় ধরে বা বেশি তাপে রান্না করলে কিছু তাপসংবেদনশীল পুষ্টি উপাদান কমে যেতে পারে।
• ভিটামিন সি: দীর্ঘ সময় সেদ্ধ করলে এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
• কিছু বি-ভিটামিন: থিয়ামিন ও ফোলেটের মতো পানিতে দ্রবণীয় ভিটামিন রান্নার সময় কমে যেতে পারে।
• অতিরিক্ত উচ্চ তাপ: ভাজা, পোড়ানো বা খুব বেশি তাপে রান্না করলে অ্যাক্রিলামাইড, হেটেরোসাইক্লিক অ্যামাইন (HCA) এবং অতিরিক্ত অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস (AGEs)-এর মতো যৌগ তৈরি হতে পারে।
• কিছু অ্যান্টি–অক্সিডেন্ট: রান্নার পদ্ধতি, তাপমাত্রা ও সময়ের ওপর নির্ভর করে কিছু অ্যান্টি–অক্সিডেন্টের পরিমাণ কমতে পারে।
তাই পুষ্টি ধরে রাখতে সাধারণত কম সময়, কম পানি এবং পরিমিত তাপ ব্যবহার করা ভালো। স্টিমিং, মাইক্রোওয়েভ বা দ্রুত রান্নার মতো পদ্ধতি অনেক ক্ষেত্রে কার্যকর হতে পারে।

কাঁচা খাবারেও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু সুবিধা।
• ভিটামিন সি ও কিছু বি-ভিটামিন তুলনামূলক বেশি অক্ষত থাকে।
• রান্নার সময় তৈরি হওয়া কিছু অনাকাঙ্ক্ষিত যৌগের ঝুঁকি থাকে না।
• ফল ও কিছু কোমল সবজি কাঁচা অবস্থায় খাওয়া সহজ এবং সুস্বাদু।
• কিছু ফাইটোনিউট্রিয়েন্ট রান্নার তুলনায় কাঁচা অবস্থায় বেশি অক্ষত থাকতে পারে।
কাঁচা খাবারে থাকা ‘এনজাইম’ নিয়েও নানা দাবি রয়েছে। তবে খাবারের এনজাইম শরীরের হজমে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা নিয়ে প্রচলিত অনেক দাবি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়। মানুষের শরীর নিজেই প্রয়োজনীয় হজম এনজাইম তৈরি করে।

সব খাবার কাঁচা খাওয়ার উপযোগী নয়। বিশেষ করে শস্য, ডাল ও কিছু সবজি কাঁচা অবস্থায় তুলনামূলক কঠিনপাচ্য হতে পারে। এতে গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি হতে পারে।
কঠোর কাঁচা-খাদ্যভিত্তিক খাদ্যতালিকা অনুসরণ করলে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—পুষ্টির ভারসাম্য। খাদ্যতালিকা যদি খুব সীমিত হয়, তাহলে প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন, জিংক ও আয়োডিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে।
এ ছাড়া কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা খাবারে কিছু জীবাণু ও পরজীবীর ঝুঁকিও বেশি থাকে। তাই মাংস, ডিম, মাছ এবং নির্দিষ্ট কিছু শস্য বা ডাল যথাযথভাবে রান্না করে খাওয়া নিরাপদ।
শেষ পর্যন্ত উত্তরটি ‘কাঁচা’ অথবা ‘রান্না করা’—কোনোটিই এককভাবে নয়।
কিছু খাবার কাঁচা অবস্থায় বেশি পুষ্টিকর, কিছু খাবার রান্না করলে শরীরের জন্য পুষ্টি শোষণ সহজ হয়। আবার রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। একই সবজি কাঁচা, ভাপে রান্না কিংবা অতিরিক্ত তেলে ভাজা—তিন অবস্থায় তার পুষ্টিমান ও স্বাস্থ্যগত প্রভাব এক হবে না।

তাই সব খাবার কাঁচা খাওয়ার প্রয়োজন নেই, আবার সব খাবার অতিরিক্ত রান্না করারও দরকার নেই। খাদ্যের ধরন বুঝে সঠিক রান্নার পদ্ধতি বেছে নেওয়া এবং সামগ্রিক খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখা—এটাই সবচেয়ে বাস্তবসম্মত ও টেকসই পথ।
খাবার শুধু কাঁচা না রান্না করা—প্রশ্নটা আসলে তার চেয়েও বড়। কোন খাবার, কতটা, কীভাবে এবং কার জন্য—স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের উত্তরটি সেখানেই।
লেখক: খাদ্য ও পথ্যবিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
ছবি: পেকজেলসডটকম