
একাকিত্ব আর হতাশা—দুটি সম্পর্কিত বিষয় যা শুধু অনুভূতিতে সীমাবদ্ধ নয়। দীর্ঘ সময় সামাজিক বিচ্ছিন্নতায় থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। একাকিত্বের কারণে শরীরে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ বেড়ে যায়, যা ডায়াবেটিস, হৃদ্রোগ, অনিদ্রা ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে। মানসিকভাবে, এটি অবসাদের ঝুঁকি বাড়ায় এবং আগে থেকে থাকা সমস্যা আরও গুরুতর করে তুলতে পারে।
মানুষ সামাজিক প্রাণী। অন্যদের সঙ্গে সম্পর্ক আমাদের মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখন এই সংযোগ দীর্ঘদিন বন্ধ থাকে, তখন একাকিত্বের অনুভূতি মনকে বিষণ্ন করে তোলে।

ডিপ্রেশন বা বিষণ্নতা হলো একটি স্থায়ী মানসিক অবস্থা। অন্যদিকে একাকিত্ব হলো একটি সাময়িক আবেগ, যা মূলত আপনার সংযোগ এবং অন্তর্ভুক্তির চাহিদার সঙ্গে সম্পর্কিত।
সামাজিক বিচ্ছিন্নতা সব সময় একাকিত্ব নয়। কেউ একা বসবাস করলেও একাকিত্ব অনুভব নাও করতে পারেন। আবার কেউ ঘনিষ্ঠ মানুষের সঙ্গে থেকেও মানসিকভাবে একা বোধ করতে পারেন। তবে দীর্ঘস্থায়ী একাকিত্ব এবং নিজেকে নিচু মনে করা। যা থেকে আত্ম ঘৃণা জন্মায়। তা বিষণ্নতার দিকে ঠেলে দিতে পারে।

ধারণা করুন, আপনার বন্ধুরা আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহ দেখাচ্ছে না। আপনি একা বোধ করছেন, হয়তো কিছুটা অসহায়ও। তখন আপনি নিজেকেই দোষ দিতে শুরু করলে জন্ম নেয় আত্ম ঘৃণা। এই নেতিবাচক চিন্তাভাবনা আপনার আচরণকেও প্রভাবিত করে।
যেমন, কেউ আপনাকে কোথাও আমন্ত্রণ জানালে, আপনি হয়তো নিজেকে বলবেন, “ওরা আসলে আমাকে সত্যিই দেখতে চায় না।” এর ফলে আপনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন এবং সামাজিক সংযোগ আরও কমে যায়। একাকিত্ব এবং আত্ম ঘৃণার এই চক্রই ধীরে ধীরে বিষণ্নতার দিকে নিয়ে যেতে পারে।

সম্পর্কের মান উন্নত করুন:
ভিড়ের মধ্যে থেকেও একা লাগতে পারে। অর্থবহ সম্পর্ক গড়তে চেষ্টা করুন। শুধু একসঙ্গে বসে টিভি দেখা বা ফোন স্ক্রল না করে, গভীর কোনো বিষয়ে কথা বলুন।
যোগাযোগের জন্য ছোট ছোট উদ্যোগ নিন:
প্রিয়জনকে ফোন করুন বা দেখা করতে যান। খেলাধুলা, প্রকৃতিতে বেড়ানো বা একসঙ্গে কোনো প্রজেক্ট করুন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, বন্ধুর জন্য রান্না করা ইত্যাদি।

নিজের পছন্দের কাজ করুন:
শখ এবং আনন্দের কাজ একাকিত্ব কমাতে সাহায্য করে। আপনার অবসর সময়ে এমন কাজ করুন যা সত্যিই আপনাকে খুশি করে।
আবেগ নিয়ন্ত্রণে রাখুন:
নেতিবাচক চিন্তা চাপা না দিয়ে মাইন্ডফুলনেস বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করুন। উদাহরণ: বন্ধু ফোন ধরলে, “তারা ব্যস্ত, পরে আবার চেষ্টা করব।”
সামাজিক সংযোগ কম থাকলে মানুষ অনেক সময় নিচু অনুভব করে। কিন্তু সম্পর্কের মান উন্নত করা, সংযোগ দক্ষতা বাড়ানো এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা একাকিত্ব ও হতাশা কমাতে সাহায্য করে। নিজের প্রিয়জনের সঙ্গে সংযোগ বজায় রাখুন। এটাই আপনার মানসিক সুস্থতার বড় চাবিকাঠি।
সূত্র: হেলথলাইন
ছবি: এআই