
সন্তানকে একদিকে স্বাধীন করে বড় করতে চান বাবা-মা, অন্যদিকে নিরাপত্তার কথা ভেবে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চান না। বাইরে খেলতে পাঠাবেন? ব্যস্ত রাস্তা, যানবাহন, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। ঘরে রাখবেন? হাতে উঠে আসে মোবাইল। বাংলাদেশের অনেক পরিবারের সন্তান পালনের বাস্তবতা যেন এমনই এক দ্বৈত চাপের মধ্যে আটকে আছে: নিরাপদে রাখার চাপ এবং সফল করে তোলার চাপ।

ঢাকার কোনো ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে সন্তানকে ‘নিজের মতো করে সিদ্ধান্ত নিতে’ বলা সহজ নয়। একদিকে ছুটে চলা বাস, মোটরসাইকেল আর রিকশা; অন্যদিকে রাস্তা পার হওয়ার সময় এক মুহূর্তের অসতর্কতার ভয়। খেলার মাঠ কম, নিরাপদ খোলা জায়গা সীমিত। স্কুল, কোচিং, পরীক্ষা আর ফলাফলের চাপও শিশুর বেড়ে ওঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এমন বাস্তবতায় সন্তানকে স্বাধীনভাবে বড় করার পশ্চিমা প্যারেন্টিংয়ের কোনো কোনো পরামর্শ কাগজে যতটা সহজ, বাস্তবে তা ততটা সরল নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও প্যারেন্টিং বইয়ে এখন নিয়মিত দেখা যায়—শিশুকে শাস্তি না দিয়ে বোঝাতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে দিতে হবে, ভুল করলে তার স্বাভাবিক পরিণতি বুঝতে দিতে হবে, এমনকি নিরাপদ পরিবেশে একা চলাফেরার সুযোগও দিতে হবে। এসব ধারণার অনেকটাই শিশুর আত্মনির্ভরতা ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের বাস্তবতায় সেই ‘নিরাপদ পরিবেশ’ এবং প্রয়োজনীয় সুযোগ কতটা সহজলভ্য?

এখানে বিষয়টি প্যারেন্টিং করার পশ্চিমা থিওরিটিক্যাল পদ্ধতি ভালো না খারাপ—এমন সরল সমীকরণের নয়। বরং যে সামাজিক ও পারিবারিক বাস্তবতাকে সামনে রেখে এসব প্যারেন্টিং পদ্ধতি তৈরি হয়েছে, বাংলাদেশের বাস্তবতা তার থেকে অনেকটাই আলাদা। তাই আধুনিক সন্তান পালনের ধারণা গ্রহণ করলেও তা স্থানীয় বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি।
স্বাধীনতা দিতে চান, আবার চোখের আড়ালও করতে পারেন না
শিশুকে নিজের মতো করে বাইরে খেলতে দেওয়া বা একা চলাফেরার সুযোগ তৈরি করা তার আত্মনির্ভরতা বাড়াতে পারে। কিন্তু ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে নিরাপদ খেলার মাঠের অভাব, ব্যস্ত সড়ক ও যানবাহনের ঝুঁকি থাকায় বিষয়টি এত সরল নয়।

ফলে অনেক বাবা-মা সন্তানকে স্বাধীনতা দিতে চাইলেও নিরাপত্তার কারণে তা সীমিত করতে বাধ্য হন। এখানে স্বাধীনতা মানেই একা ছেড়ে দেওয়া নয়, বরং নিরাপদ সীমার মধ্যে ধীরে ধীরে দায়িত্ব নিতে শেখানো।
কোমলভাবে বোঝাবেন, কিন্তু কখন?
‘জেন্টল প্যারেন্টিং’ বা কোমলভাবে সন্তান পালনে শিশুকে ধৈর্য ধরে বোঝানো, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং শাস্তির বদলে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে সব সময় দীর্ঘ আলোচনার সুযোগ থাকে না।

ব্যস্ত সড়কে গাড়ি ছুটে আসছে—এমন মুহূর্তে শিশুকে কেন রাস্তার দিকে যাওয়া যাবে না, তা ব্যাখ্যা করার চেয়ে দ্রুত হাত ধরে সরিয়ে নেওয়াই জরুরি। অর্থাৎ কোমল প্যারেন্টিংয়ের মূলনীতি থাকলেও নিরাপত্তার ক্ষেত্রে স্পষ্ট ও তাৎক্ষণিক নির্দেশ প্রয়োজন হতে পারে।
টাইম আউট টেকনিক এখানে কতটা বাস্তবসম্মত?
শিশুকে ভুল আচরণের পর তাকে বকাঝকা বা শারীরিক শাস্তি না দিয়ে কিছু সময় আলাদা থাকার সুযোগ দেওয়াকে অনেক প্যারেন্টিং পদ্ধতিতে ‘টাইম-আউট’ বলা হয়।, যা বিশ্বের অনেক দেশেই এক কার্যকর প্যারেন্টিং টেকনিক হিসেবে ব্যবহার হয়।

কিন্তু বাংলাদেশের অনেক পরিবারে একাধিক প্রজন্ম একই বাসায় থাকে। ছোট ও ভাগাভাগি করা জায়গায় শিশুকে আলাদা করে রাখার সুযোগ সব সময় থাকে না। তাই শিশুকে পরিবারের অন্য সদস্যদের সামনে অপমান না করে শান্ত হওয়ার সুযোগ দেওয়া, পরিস্থিতি নিয়ে পরে কথা বলা—এসব বিকল্প বেশি বাস্তবসম্মত হতে পারে।
‘নিজের মতো সিদ্ধান্ত’ বনাম পরিবারের নিয়ম
কী পোশাক পরবে, কী খাবে, কখন ঘুমাবে—শিশুকে এসব বিষয়ে পছন্দের সুযোগ দেওয়া তার সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে পারে। তবে বাংলাদেশি পরিবারে বড়দের কথা মানা, পারিবারিক নিয়ম ও একাধিক প্রজন্মের একসঙ্গে বসবাসের বাস্তবতাও গুরুত্বপূর্ণ।

তাই শিশুকে সব সিদ্ধান্তের দায়িত্ব না দিয়ে বয়স অনুযায়ী কয়েকটি বিকল্প দেওয়া যেতে পারে। এতে শিশুর মতামতও থাকল, আবার পরিবারের সীমারেখাও বজায় থাকল।
পড়াশোনার চাপের সঙ্গে মানসিক চাপও
বাংলাদেশে সন্তান পালনের আরেকটি বড় চাপ হলো পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা। ভালো স্কুল, ভালো ফল, ভর্তি পরীক্ষা, কোচিং—শিশুর শৈশবের বড় একটি অংশ এসব প্রতিযোগিতার মধ্যে কেটে যায়।

এ কারণে ‘শুধু চেষ্টা করেছ, সেটাই গুরুত্বপূর্ণ’—এমন বার্তা বাস্তবে অনেক পরিবারের কাছে যথেষ্ট মনে নাও হতে পারে। আবার শুধু ফলাফলের ওপর গুরুত্ব দিলে শিশুর মানসিক চাপ বাড়তে পারে। তাই ফলাফলের পাশাপাশি শেখার আনন্দ, চেষ্টা ও মানসিক সুস্থতার জায়গাটিও রাখতে হয়।
স্ক্রিন কমাবেন, কিন্তু বিকল্প কোথায়?
শিশুর স্ক্রিন-টাইম কমানোর পরামর্শ দেওয়া সহজ। কিন্তু বাইরে নিরাপদ খেলার জায়গা না থাকলে অনেক বাবা-মায়ের কাছে ঘরে শিশুকে ব্যস্ত রাখার অন্যতম উপায় হয়ে ওঠে মোবাইল বা টেলিভিশন।

তাই শুধু ‘স্ক্রিন বন্ধ করো’ বললে হবে না। এর পাশাপাশি বই পড়া, আঁকা, ঘরের খেলাধুলা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো বিকল্প তৈরি করতে হবে।
ভুল করতে ও স্বাভাবিক পরিণতি বুঝতে দেওয়া
শিশুকে ভুল করতে দেওয়া এবং সেই ভুলের স্বাভাবিক পরিণতি নিজে বুঝতে শেখানো আধুনিক সন্তান পালনের একটি ধারণা। কিন্তু এমন পরিবেশে যেখানে ভুল সিদ্ধান্তের কারণে পড়াশোনায় দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে কিংবা বিপজ্জনক স্থানীয় অপরাধী চক্রের সংস্পর্শে যাওয়ার ঝুঁকি থাকে, সেখানে শিশুকে ‘ভুল করে শেখার’ সুযোগ দেওয়া কখনো কখনো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ছোটখাটো খারাপ আচরণ উপেক্ষা করা
শিশুর ছোটখাটো কিছু খারাপ অভ্যাস বা আচরণকে উপেক্ষা করে যাওয়ার পরামর্শও দেওয়া হয়। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় সামান্য অসদাচরণও দ্রুত সামাজিক সমালোচনার কারণ হতে পারে। কখনো কখনো ছোট একটি সমস্যা বড় ঝামেলায়ও রূপ নিতে পারে। ফলে শিশুর ছোটখাটো খারাপ আচরণ সব সময় উপেক্ষা করা বাস্তবসম্মত নাও হতে পারে।
শিশুকে বাস্তবতা থেকে আড়াল করে রাখা
শিশুকে পারিবারিক আর্থিক চাপ কিংবা নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে দূরে রাখার চেষ্টা করা হয় অনেক পরিবারে। কিন্তু অর্থনৈতিক সংকট ও অনিরাপদ সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিশুদের অনেক সময় অল্প বয়সেই বাস্তব পরিস্থিতি বুঝতে হয়। তাই বাস্তবতা পুরোপুরি আড়াল করে রাখা সব সময় কার্যকর হয় না।

স্থানীয় সামাজিক নিরাপত্তাব্যবস্থার ওপর নির্ভর করা
শিশুর নিরাপত্তার জন্য স্থানীয় প্রতিষ্ঠান, প্রতিবেশী বা কমিউনিটির সহায়তার ওপর নির্ভর করাও সব ক্ষেত্রে কার্যকর নয়। কারণ অনেক জায়গায় সামাজিক নিরাপত্তাব্যবস্থা দুর্বল, জনবহুল বা অতিরিক্ত চাপের মধ্যে থাকে। কোথাও কোথাও দুর্নীতির কারণেও এসব ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যেতে পারে। ফলে শিশুর নিরাপত্তার দায়িত্ব শুধু স্থানীয় প্রতিষ্ঠান বা প্রতিবেশী-নির্ভর ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া বাস্তবসম্মত নাও হতে পারে।
তাহলে কোন পথে?
বাংলাদেশি পরিবারের জন্য সন্তান পালনের সমাধান হয়তো পশ্চিমা মডেল হুবহু অনুসরণ করা নয়, আবার পুরোনো কঠোর শাসনেও ফিরে যাওয়া নয়। শিশুর নিরাপত্তা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক বাস্তবতা, পড়াশোনার চাপ এবং মানসিক সুস্থতা—সবকিছুর মধ্যে ভারসাম্য খুঁজে নেওয়াই বড় চ্যালেঞ্জ। একদিকে শিশুকে নিরাপদ রাখতে হবে, অন্যদিকে তাকে স্বাধীন হতে শেখাতে হবে। একদিকে ভালো ফলের জন্য প্রস্তুত করতে হবে, অন্যদিকে ফলাফলের বাইরে তার নিজের মানুষ হয়ে ওঠার জায়গাটিও রাখতে হবে।

বাংলাদেশের সন্তান পালনের বাস্তবতা সম্ভবত এই দুই চাপের মাঝখানেই দাঁড়িয়ে আছে। এদেশের পরিবারে সন্তান পালনের ক্ষেত্রে শুধু পশ্চিমা মডেল অনুসরণ করা কিংবা পুরোনো কঠোর শাসন, কোনোটিই একমাত্র সমাধান নয়। শিশুর নিরাপত্তা, মানসিক সুস্থতা, পারিবারিক মূল্যবোধ এবং বাস্তব পরিবেশ—সবকিছুর মধ্যে ভারসাম্য জরুরি। আধুনিক সন্তান পালন মানে শিশুকে সবকিছুতে স্বাধীন করে দেওয়া নয় আবার ভয় দেখিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করাও নয়। বরং কোন পরিস্থিতিতে সীমারেখা কঠোর হবে, কোথায় শিশুকে সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে এবং কোথায় তাকে স্বাধীনভাবে শেখার সুযোগ দেওয়া সম্ভব—সেই পার্থক্য বুঝে এগোনোটাই গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
ছবি: পেকজেলস, এআই