নিজের অজান্তেই সঙ্গীর যে ৫ অভ্যাস রপ্ত করেন দম্পতিরা
শেয়ার করুন
ফলো করুন

দুজন মানুষের পছন্দ, স্বভাব ও জীবনযাপনের ধরন আলাদা হওয়াই স্বাভাবিক। এমনকি দুজন হতে পারেন সম্পূর্ণ বিপরীত স্বভাবের। ভিন্ন পারিবারিক ও সামাজিক পরিবেশ থেকে আসা দুজন মানুষ যখন একসঙ্গে জীবন শুরু করেন, তখন তাঁদের নিজস্ব অভ্যাস ও পছন্দও সঙ্গে থাকে। তবে সময়ের সঙ্গে একে অপরের প্রভাবে সেসব অভ্যাসে কিছু পরিবর্তন আসতে পারে।

হয়তো সঙ্গীর মুখে প্রায়ই শোনা যায় এমন কোনো শব্দ এখন আপনিও ব্যবহার করছেন। যে খাবার একসময় পছন্দ করতেন না, সেটিই এখন প্রিয়। কিংবা নিজের অজান্তেই সঙ্গীর মতো করে হাসছেন বা কথা বলছেন। একসঙ্গে সময় কাটানোর এমনই পাঁচটি প্রভাবের কথা জেনে নেওয়া যাক।

১. কথা বলার ধরন

সঙ্গীর মুখে প্রায়ই শোনা যায় এমন কোনো শব্দ বা বাক্য কখন যে নিজের কথাবার্তায় যুক্ত হয়ে যায়, তা টেরও পাওয়া যায় না। শুধু শব্দ নয়, উচ্চারণ, কথার ভঙ্গি, এমনকি রসিকতা করার ধরনেও তৈরি হতে পারে মিল। পরিচিত মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটালে তাঁর ভাষা ও অভিব্যক্তির কিছুটা নিজের মধ্যে চলে আসা খুবই স্বাভাবিক।

বিজ্ঞাপন

২. খাবারের পছন্দ

আপনি হয়তো চা ছাড়া দিন শুরু করতে পারতেন না, অথচ সঙ্গীর সঙ্গে থাকতে থাকতে সন্ধ্যার কফিও এখন আপনার অভ্যাস। আবার যে খাবার কখনো চেখে দেখার ইচ্ছা হয়নি, সঙ্গীর পছন্দের কারণে সেটিই হয়ে উঠতে পারে প্রিয়। একসঙ্গে খেতে বসা, নতুন খাবার চেখে দেখা কিংবা সঙ্গীর পছন্দের খাবার ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বদলে যেতে পারে খাদ্যাভ্যাস।

৩. দৈনন্দিন রুটিনেও আসে পরিবর্তন

একজন রাতে দেরি করে ঘুমাতে অভ্যস্ত, অন্যজনের ঘুমানোর সময় তুলনামূলক আগে। একসঙ্গে থাকতে থাকতে দুজনের ঘুমের সময়েও মিল তৈরি হতে পারে। সকালে হাঁটতে যাওয়া, ব্যায়াম করা কিংবা ছুটির দিনে ঘুরতে বের হওয়ার মতো অভ্যাসও সঙ্গীর প্রভাবে নিজের রুটিনের অংশ হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

৪. বিনোদনের পছন্দে তৈরি হয় মিল

ফুটবল খেলার প্রতি কখনো আগ্রহ ছিল না, কিন্তু সঙ্গী নিয়মিত খেলা দেখেন বলে এখন গুরুত্বপূর্ণ ম্যাচের সময় আপনিও টেলিভিশনের সামনে বসে পড়েন। অন্যদিকে, আপনার পছন্দের রোমান্টিক সিনেমা দেখতে দেখতে সঙ্গীরও হয়তো সেই ঘরানার ছবির প্রতি আগ্রহ তৈরি হয়েছে। গান, সিনেমা, সিরিজ, পডকাস্ট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু, বিনোদনের পছন্দেও এভাবে অদলবদল ঘটে।

৫. অজান্তেই নকল করেন অঙ্গভঙ্গি

কথা বলার সময় সঙ্গীর বিশেষ কোনো মুখভঙ্গি, হাসির ধরন কিংবা হাত নাড়ানোর অভ্যাস কি কখনো নিজের মধ্যে খুঁজে পেয়েছেন? অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা ঘটে। কোনো ঘটনায় কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, কীভাবে রসিকতা করছেন, এমনকি পরিচিত কোনো অভিব্যক্তিও একে অপরের মতো হয়ে যেতে পারে।

অভ্যাসের মিল মানেই স্বাতন্ত্র্য হারানো নয়

দীর্ঘদিনের সম্পর্কে এমন ছোট ছোট পরিবর্তন খুবই স্বাভাবিক। এর অর্থ এই নয় যে দুজন মানুষ নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলছেন। বরং একসঙ্গে সময় কাটাতে গিয়ে একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখা, নতুন পছন্দ তৈরি হওয়া এবং দৈনন্দিন জীবনে কিছু মিল খুঁজে পাওয়াই সম্পর্কের একটি স্বাভাবিক দিক।

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩: ৩৫
বিজ্ঞাপন