প্রমিস ডে: প্রেম টিকে থাকে যে ৬টি প্রতিশ্রুতির ওপর ভর করে
শেয়ার করুন
ফলো করুন

ভ্যালেন্টাইন উইকের ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে হিসেবে পালিত হয়। প্রমিস মানে প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতিই প্রেমের ভিত্তি। পাশে থাকা থেকে শুরু করে বিশ্বাস ও শ্রদ্ধা পাওয়ার প্রতিশ্রুতি যেকোনও প্রেমকে পরিণত করে। প্রেম টিকেই থাকে এই প্রতিশ্রুতিগুলোর ওপরে ভর করে। আসলে প্রেম শুধু অনুভূতির নাম নয়, প্রেম এক ধরনের নীরব চুক্তি।

প্রমিস মানে প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতিই প্রেমের ভিত্তি
প্রমিস মানে প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতিই প্রেমের ভিত্তি

এখানে দু’জন মানুষ কথা না বলেও অনেক কিছু মেনে নেয়, বোঝে, আগলে রাখে। ভালোবাসার শুরুটা হয় আকর্ষণ দিয়ে, কিন্তু সম্পর্ক টিকে থাকে কিছু গভীর আর গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতির ওপর ভর করে। এগুলো লিখিত কোনও চুক্তি নয়, তবু এই প্রতিশ্রুতিগুলো আপনার সঙ্গী ভাঙলে তা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

বিজ্ঞাপন

চলুন দেখে নিই কোন কোন প্রতিশ্রুতির ওপরে ভর করে প্রেমের সম্পর্ক টিকে থাকে।

অনেক সময় চুপচাপ পাশে থাকাটাই সবচেয়ে বড় সহায়তা
অনেক সময় চুপচাপ পাশে থাকাটাই সবচেয়ে বড় সহায়তা

১. পাশে থাকার প্রতিশ্রুতি

সুখের মুহূর্তে পাশে থাকা খুব কঠিন নয়। আসল পরীক্ষা আসে দুঃসময়ে। যখন কেউ চাকরি হারায়, অসুস্থতায় শরীর ভেঙে যায়, কিংবা আচমকা কোনো দুর্ঘটনায় জীবন এলোমেলো হয়ে ওঠে, তখন আপনার সঙ্গীর পাশে থাকার প্রতিশ্রুতিই সম্পর্ককে আলাদা করে তোলে। এর মানে এই নয় যে সব সমস্যার সমাধান দিতে হবে; অনেক সময় চুপচাপ পাশে থাকাটাই সবচেয়ে বড় সহায়তা।

বিজ্ঞাপন

২. সততার প্রতিশ্রুতি

প্রেমে সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী ভিত্তি হলো সততা। মিথ্যা শুধু বিশ্বাস ভাঙে না, সম্পর্কের ভেতরে অদৃশ্য দূরত্ব তৈরি করে। সব সত্য বলা সহজ নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে সত্য লুকানো হলে তা সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়।

মিথ্যা শুধু বিশ্বাস ভাঙে না, সম্পর্কের ভেতরে অদৃশ্য দূরত্ব তৈরি করে
মিথ্যা শুধু বিশ্বাস ভাঙে না, সম্পর্কের ভেতরে অদৃশ্য দূরত্ব তৈরি করে

ভালোবাসায় সাহস মানে সত্য বলার সাহস। কিন্তু সর্বক্ষণ সন্দেহপ্রবণতা, অতিরিক্ত নিয়ন্ত্রণ ইত্যাদির কারণেই তা ব্যহত হয়।

৩. শ্রদ্ধার প্রতিশ্রুতি

ভালোবাসা থাকলেই শ্রদ্ধা থাকবে, এটা ধরে নেওয়া ভুল। সম্পর্ক যত পুরোনো হয়, শ্রদ্ধার প্রয়োজন তত বাড়ে। মতের অমিল হবে, ঝগড়া হবে, রাগও হবে। কিন্তু অপমান না করার, ছোট না করার, ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করার প্রতিশ্রুতি না থাকলে প্রেম বিষাক্ত হয়ে ওঠে।

মনোযোগ দিয়ে শোনার প্রতিশ্রুতি সম্পর্ককে নিরাপদ করে
মনোযোগ দিয়ে শোনার প্রতিশ্রুতি সম্পর্ককে নিরাপদ করে

৪. কথা শোনার প্রতিশ্রুতি

শুধু কথা শুনে যাওয়া নয়, মন দিয়ে বোঝার চেষ্টা করাই আসল শোনা। প্রেমের সম্পর্কে অনেক ভাঙন ঘটে তুমি আমাকে বোঝো না এই একটি অভিযোগে। তাই মনোযোগ দিয়ে শোনার প্রতিশ্রুতি সম্পর্ককে নিরাপদ করে।

৫. পরিবর্তন মেনে নেওয়ার প্রতিশ্রুতি

মানুষ বদলায়। আর তা সময়, অভিজ্ঞতা বা বয়সের সঙ্গে। প্রেমের সম্পর্কে সবচেয়ে বাস্তব প্রতিশ্রুতি হলো একে অপরের পরিবর্তনকে মেনে নেওয়া। তুমি আগের মতো নেই এই অভিযোগের বদলে তুমি বদলেছ, কিন্তু তোমাকে আমি বুঝতে চাই—এই মানসিকতাই সম্পর্ককে বাঁচায়।

প্রেম হলো প্রতিদিনের ছোট ছোট প্রতিশ্রুতি
প্রেম হলো প্রতিদিনের ছোট ছোট প্রতিশ্রুতি

৬. চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি

সব সম্পর্কেই ক্লান্তি আসে। ভালোবাসা সব দিন সমান উষ্ণ থাকে না। কিন্তু হাল ছেড়ে না দেওয়ার, কথা বলে সমাধান খোঁজার, বারবার চেষ্টা করার প্রতিশ্রুতিই প্রেমকে দীর্ঘস্থায়ী করে। সম্পর্ক মানে নিখুঁত হওয়া নয়, সম্পর্ক মানে বারবার ঠিক করার চেষ্টা।
প্রেম সিনেমার কাহিনী নয়, কোনো চুক্তি বা ঘোষণাও নয়। প্রেম হলো প্রতিদিনের ছোট ছোট প্রতিশ্রুতি। আজও সত্য বলব, আজও শ্রদ্ধা রাখব, আজও পাশে থাকব। এই প্রতিশ্রুতিগুলো যত নীরব, ততই দৃঢ়। আর সেগুলো যত গভীরভাবে মানা যায়, প্রেম ততটাই বাস্তব ও দীর্ঘস্থায়ী হয়।

সূত্র: থট ক্যাটালগ

ছবি: কে ক্র্যাফটের ভালোবাসা সংগ্রহ ‘এ টেল অব লাভ’ অ্যালবাম থেকে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ৪০
বিজ্ঞাপন