
প্রথমবার ডেটে যাচ্ছেন। হয়তো কী বলবেন, ভেবেই পেলেন না। কিংবা কিছু বুঝে ওঠার আগেই শুধু ‘কেমন আছ? ভালো আছি’–তেই সীমাবদ্ধ রয়ে গেল কথোপকথন। তাই বলে কি সামনের মানুষটিকে এত সহজেই আপনাকে বেমালুম ভুলে যেতে দেবেন? তা তো হতে পারে না। এ রকম হলে প্রেমটা জমবে কী করে! বিব্বোজান তাই দিয়েছেন এ সমস্যার সমাধান। প্রথম ডেটে ইচ্ছাকৃত নিজের ব্যবহৃত কিছু ফেলে আসুন। উদাহরণ হিসেবে বিব্বো বলেছেন ঝুমকার কথা। যাতে অপরজন আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হন। তবে এই মেট্রোপলিটন শহরে, আধুনিক জীবনে ঝুমকা বা চুলের কাটার তেমন কদর হবে না ভেবে ভয় পাবেন না। কিছু জিনিসে কখনো লাগে না ব্যাকডেটেডের তকমা। হোক তা প্রেম বা কানের ঝুমকা।
অনেক রাতে হুট করে ফোনে প্রাক্তনের মেসেজ, ‘জেগে আছ?’ কিংবা ধরুন, একবার হয়তো ডেটে গিয়েছেন, সেই মানুষের মেসেজ। কী করবেন? বিব্বোজান বলেন ঘুমিয়ে পড়তে। কারণ, ঘুমের ওপরে নাকি নেই কিছুই। ঘুমই জীবন, ঘুমই শান্তি! সময়মতো একটা শান্তির পর্যাপ্ত ঘুম হলেই না সারা দিন মন থাকবে ফুরফুরে। মন থাকবে প্রেমে পরিপূর্ণ। এদিকে অতিরিক্ত পাত্তা না পেয়ে সেই বান্দা ঘুরবেন পিছে পিছে।
বিব্বো বলেন, ‘আপনাকে হাজারটা প্রশ্ন করা হলেই যে হাজারটা জবাব নিয়ে আপনাকে তৈরি হয়ে বসে থাকতে হবে, এমন কোনো কথা নেই। সম্পর্কে যোগাযোগ খুবই জরুরি, সে কথা ঠিক, তবে কথার পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকুন। একই কথা বারবার বললে কথার গুরুত্বও ক্রমাগত কমতে থাকে।’
সুতরাং, বিষয়টি মাথায় রাখুন। রহস্য আমাদের সবারই পছন্দ। পরিমিত ও দরকারি কথা বলে আপনিও আপনার সঙ্গীর কাছে হয়ে উঠতে পারেন হালের হ্যাশট্যাগ মিস্টিরিয়াস! তবে সম্পর্কে যাতে দূরত্ব তৈরি না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখুন।

হুটহাট আপনার সঙ্গীর কোনো খোঁজ পাচ্ছেন না? সবকিছু থেকে ডুব মেরে বসে আছেন? খোঁজ নিচ্ছেন না আপনারও? দিচ্ছেন কেবলই ব্যস্ততার অজুহাত? প্রচলিত ইংরেজিতে একে বলে গোস্টিং। এ ধরনের সম্পর্কে থাকা খুবই গুমোট পরিস্থিতির জন্ম দেয় মনের মধ্যে। অনিশ্চয়তায় দিন কাটাতে কার আর ভালো লাগে! ১৯–২০–এর মেয়ে হয়েও বিব্বো বলেন, ‘চিঠির যুগ হোক বা টেক্সটের, গোস্টিংকে মোটেই প্রশ্রয় দেবেন না। এটি সবচেয়ে জরুরি টিপ। আপনিও যোগাযোগ বন্ধ করে দিন। নিজে শান্তিতে থাকুন। তবেই অপরকে শান্তিতে রাখা সম্ভব।’

বিব্বোজান বলেন, ‘আপনার সঙ্গী আপনাকে ভালোবাসলে পৃথিবীর কাছে আপনাকে দেখাতে চাইবেন। আপনাদের একসঙ্গের ছবি তিনি পোস্ট করতে না চাইলে তাঁকে ছবি থেকেই সরিয়ে দিন। এই নীতিকে বিব্বোজান বলছেন, হ্যাশট্যাগ স্টে টক্সিক। তবে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি, পারিপার্শ্বিকতা ও ব্যক্তিগত বিভিন্ন কারণ ভেবে অনেকে ছবি ফেসবুকে আনতে চান না। এ ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতিটি সম্পর্কের সমীকরণ আলাদা। নিজের সঙ্গীকে বুঝুন। সম্পর্কের সমীকরণ বুঝতে চেষ্টা করুন।
শুধু ফেসবুকে ছবি দিয়ে ভালোবাসা প্রচার করলেই যে তা ভালোবাসা হবে, এমন সব ক্ষেত্রে না–ও হতে পারে।’ সুতরাং, বলে রাখা ভালো, বিব্বোজানের এই উপদেশ আপনি নিজের সম্পর্কের সমীকরণ বিবেচনায় নিতেই পারেন, তবে বিভ্রান্ত হওয়া চলবে না!
শেষমেশ বিব্বোজানের কথাগুলোর মূল মর্ম হলো, আপনার হৃদয় একটি বহুমূল্য হীরা। অতি সহজে বিলিয়ে দিয়ে একে মূল্যহীন করবেন না। দিনের শেষে, আপনার হৃদয়ের যত্ন আপনাকেই নিতে হবে। তাই নিজেকে সবার আগে ভালোবাসুন। কারণ, মানুষের মন ও সম্পর্ক সদা পরিবর্তনশীল।
ছবি: ইন্সটাগ্রাম