
জীবনের শুরু থেকেই আমরা যে জিনিসটি শিখি তা হলো কীভাবে সফল হতে হবে। জীবনজুড়ে আমরা সফলতার গল্পগুলোই শুনে যাই, আর ভাবি কীভাবে সফলতার শেখরে পৌঁছানো যায়। তবে আমাদের জীবনের সমষ্টিতে কিন্তু শুধুই জয়ের গল্প থাকে না। শত শত পরাজয় মিলিয়েই আসে একটি সফলতা। অনেকেই পরাজয় সামলে উঠতে পারেন না। কারণ সবাই পরাজয়ের গল্পগুলো বোধয় একটুখানি সতর্কভাবেই এড়িয়ে যান। তাই আমরা পরাজয় মেনে নিতে পারি না। ফলে একটি পরীক্ষায় ফেল করলে, কোনো চাকরিতে নির্বাচিত না হলে, কিংবা কোনো ব্যক্তিগত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল না পেলে আমরা নিজেদের অযোগ্য ভাবতে শুরু করি। ঠিক একইভাবে, নির্বাচনে নিজের বা পছন্দের প্রার্থী, দল হেরে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকেই। এজন্য নিজেকে বলুন ৫টি কথা, যা অনুধাবন করলে আপনি সামলে উঠতে পারবেন এই ধাক্কা।

আবেগকে এড়িয়ে যাওয়া যাবে না
আমরা যখন ব্যর্থ হই, তখন কিন্তু শুধু একটি আবেগ কাজ করে না। অনেকগুলো আবেগ একসঙ্গে জটলা পাকিয়ে যায়। হতাশ লাগে। রাগ, দুঃখ, ক্ষোভ লজ্জা সব একসঙ্গে কাজ করে। অনেকেই চেষ্টা করেন এগুলো এড়িয়ে চলার। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সময়ে ব্যর্থতার কারণ অনুসন্ধানের চেয়ে এই আবেগগুলোকে স্বীকৃতি দেওয়া বেশি কার্যকর। কারণ তা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে। আর সমস্যা চিহ্নিত করতে পারলেই বেরিয়ে আসে সমাধানের পথ। তাই আবেগগুলোকে এড়িয়ে যাবেন না। এভাবে নিজের অনুভূতিকে মূল্য দিলে মন ধীরে ধীরে হালকা হয় এবং সামনে এগোনোর শক্তি মেলে।
অভিজ্ঞতা থেকে শেখার অভ্যাস তৈরি করুন
ব্যর্থতার সবচেয়ে বড় শিক্ষা হলো অভিজ্ঞতা। হার মানে সমাপ্তি নয়; বরং নতুন করে শুরু করার সুযোগ। নানা সমীক্ষায় দেখা গেছে, যাঁরা তাঁদের ব্যর্থতাকে বিশ্লেষণ করে পরবর্তী কাজে ব্যবহার করতে পেরেছেন, তাঁরা ভবিষ্যতের প্রচেষ্টায় প্রায় দ্বিগুণ সফল হয়েছেন।

ব্যর্থতার পর কী ভুল হলো, কোন জায়গায় ঘাটতি ছিল—এসব লিখে রাখা বা আলোচনা করা আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। তাই প্রতিটি ব্যর্থতাকে একটি বাস্তব শিক্ষা হিসেবে গ্রহণ করুন।
সহায়তা চাইতে দ্বিধা করবেন না
আমরা অনেক সময় ব্যর্থ হলে একা হয়ে পড়ি এবং ভাবি অন্যদের জানালে হয়তো তারা আমাদেরকে দুর্বল মনে করবে। অথচ বাস্তবে সহায়তা চাওয়াই পরাজয় কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) জানায়, সামাজিক সমর্থন ব্যর্থতার মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধু, পরিবার কিংবা মেন্টরের সঙ্গে কথা বললে মন হালকা হয়, নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায় এবং ভুল থেকে বেরিয়ে আসা সহজ হয়।
ছোট ছোট সাফল্যে ফোকাস করুন
ব্যর্থতার পরে আমরা প্রায়ই এক লাফে বড় সাফল্য অর্জন করতে চাই। কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন, ধাপে ধাপে ছোট ছোট সাফল্য অর্জনই মূল প্রক্রিয়া।

একটি চাকরিতে ব্যর্থ হলে নতুন করে দক্ষতা অর্জন, নতুন কোনো কোর্স করা বা ছোট কোনো প্রজেক্ট সম্পন্ন করা—এসব ক্ষুদ্র অর্জন আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। স্মল উইনস থিওরি অনুযায়ী, প্রতিদিনের ছোট অগ্রগতি দীর্ঘমেয়াদী বড় পরিবর্তনের পথে নিয়ে যায়।
নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করুন
ব্যর্থতা মানে আপনার যোগ্যতার শেষ নয়, বরং নিজেকে নতুনভাবে চিনে নেওয়ার সুযোগ। অনেক বড় বড় ব্যক্তিত্ব যেমন স্টিভ জবস, জে.কে. রাউলিং কিংবা জ্যাক মা প্রথম জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু প্রতিবারই নিজেদের নতুনভাবে দাঁড় করিয়েছেন। মনোবিজ্ঞানীরা বলেন, আত্মপরিচয়ের সঙ্গে ব্যর্থতাকে যুক্ত করলে হতাশা বেড়ে যায়। তাই আমি ব্যর্থ না ভেবে ভাবুন আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তবে আমি শিখছি। এভাবে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করলে মানসিক চাপ কমে এবং এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়।

বাস্তবে কিন্তু ব্যর্থতা আমাদের শক্তশালী করে তোলে, ধৈর্য ধরতে শেখায় এবং নতুনভাবে চেষ্টা করার কৌশল শেখায়। আর পরাজয় মেনে নিতে হলে আমাদের বেশ সাহসী হতে হয়। জীবনের লড়াইয়ে সুন্দরভাবে টিকে থাকতে হলে এতটুকু সাহস সবার প্রয়োজন। তাই ছোটবেলা থেকেই দরকার এই জিনিসটির চর্চা।
সূত্র: থট ক্যাটালগ
ছবি: এআই