এবার প্রিয়াঙ্কার সোনা হোম
শেয়ার করুন
ফলো করুন

শুধু ভারতীয় রেস্তোরাঁ ও নিজের দেশের খাবার নয়, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মার্কিন মুলুকে নিজের খাদ্যসংস্কৃতিকেই ছড়িয়ে দিতে চান। তাই তো সবেমাত্র সামনে আসা তাঁর হোমওয়্যার কালেকশন সোনা হোম নিয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। নিউইয়র্কে প্রিয়াঙ্কার ভারতীয় খাবারের রেস্তোরাঁ সোনা তো ইতিমধ্যেই রয়েছে বিশেষ আলোচনায়।

প্রিয়াংকা ও তাঁর ব্যবসায়িক অংশীদার মণীশ গোয়্যাল
প্রিয়াংকা ও তাঁর ব্যবসায়িক অংশীদার মণীশ গোয়্যাল
ছবি: সোনা হোমের ইন্সটাগ্রাম হ্যান্ডল

এপিক পর্যায়ের শিঙাড়া, ক্যাভিয়ার দিয়ে পরিবেশিত পশ ক্র্যাব পুরির পাশাপাশি তিনি এই রেস্তোরাঁর সাজসজ্জা ও ইন্টেরিয়রেও ভারতীয় সংস্কৃতির ছাপ রেখেছেন, প্রতিষ্ঠা করেছেন ভারতীয় থিমের আর্ট গ্যালারি। এরই ধারাবাহিকতায় সোনা কোম্পানির হয়ে তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার মণীশ গোয়্যাল এবার হোমওয়্যারের দিকে মনোনিবেশ করলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২৪ জুন লঞ্চ হওয়া সোনা হোমের টেবিলওয়্যারের কালেকশন একেবারে দেখার মতো। পঁয়তাল্লিশ পিসের এই কালেকশনে কী নেই! ডিনার সেটিংস, টেক্সটাইলস, অ্যাকসেসরিজ—সবকিছু করা হয়েছে নান্দনিক আর বিলাসী ডিজাইনে। সবাইকে আয়োজন করে খাওয়াতে ভালোবাসেন প্রিয়াঙ্কা। বিশাল টেবিলে সম্প্রসারিত পরিবারের সবাই মিলে হইচই করে খাচ্ছেন, হাসি আর কলকাকলিতে ভরে আছে ঘর—এমনই স্মৃতি ভেসে ওঠে প্রিয়াঙ্কার মনে। এসব অনুপ্রেরণা থেকেই সোনা হোমের জন্ম।
সোনা হোমের আমেজটি কিন্তু গ্ল্যামারাস খুব। ভারতীয় সংস্কৃতি আর ইতিহাসের গ্ল্যামারগুলোকেই নিজের হোমওয়্যারে যেন দেখতে চেয়েছেন প্রিয়াঙ্কা।

সোনা হোমের টেবিলওয়্যার
সোনা হোমের টেবিলওয়্যার
ছবি: সোনা হোমের ইন্সটাগ্রাম হ্যান্ডল
সোনা হোমের টেবিলওয়্যার
সোনা হোমের টেবিলওয়্যার
ছবি: সোনা হোমের ইন্সটাগ্রাম হ্যান্ডল

সাদা সবুজের অপরূপ সুন্দর টেবিলওয়্যারের ইন্সপিরেশন রাজস্থানের ঐতিহাসিক সবুজ পান্না। আবার টেক্সটাইল ফেব্রিকে রাজস্থানের রাজপ্রাসাদের জ্যামিতিক প্যাটার্ন। মজার ব্যাপার হলো, তাঁদের বিয়ের অনুষ্ঠানও এমন একটি প্রাসাদে হয়েছিল। আবার পরিবেশ ও পৃথিবীর প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন প্রিয়াঙ্কা ল্যাম্পশেড তৈরি করেছেন শাড়ি রিসাইকেল করে। টেক্সটাইলে নারকেলগাছের নকশাও পেইন্ট ও এমব্রয়ডারি করা।

ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ এই সোনা হোম কিন্তু এমনিতে অত্যন্ত আধুনিক, সর্বজনীন ও আন্তর্জাতিক। ব্যবহারিক দিক থেকে কার্যকরও বটে। কফি মগ, সিরিয়াল বোল থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ নৈশভোজের জন্য প্রয়োজনীয় সব আছে এতে। সার্ভিং বোল, পানীয় রাখার কোস্টার্স, ব্রেড বাস্কেট, গিল্ড করা বটল কুলার, মোমদানি—সবই আছে এখানে। চোখজুড়ানো সবুজ থিমের সোনা হোম কালেকশন এসেই সবার মন জয় করে নিয়েছে, এ কথা বলার অপেক্ষা রাখে না।

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৮: ২২
বিজ্ঞাপন